০৬:৩১ পি.এম
বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পাসপোর্ট’ আবেদন রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা আদৌ পাসপোর্ট পাওয়ার অধিকারী কিনা— এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও আইন বিশেষজ্ঞদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা ও বিতর্ক।
নানামুখী যুক্তি ও পালটা যুক্তির অবতারণা হচ্ছে। তবে আইনি বাস্তবতার আলোকে বলা যায়, আদালতের বিচারে দণ্ডিত কোনো ব্যক্তি যদি আদালতে সশরীরে আত্মসমর্পণ না করে, তাহলে আইন অনুযায়ী তার অন্য কোনো বাড়তি সুবিধা বা অধিকার পাওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্দি চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটিই হতে পারে তার একমাত্র ‘বিশেষ মাধ্যম’। অর্থাৎ এই আইনি কাঠামোর মাধ্যমে কেবল তাকে সাধারণ পাসপোর্টের আনুষ্ঠানিকতা ছাড়াই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
সংশ্লিষ্টরা মন্তব্য করছেন যে, দেশে ফিরতে চাইলে হাসিনা আগে আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু চলমান বিচার প্রক্রিয়ার প্রতি তিনি ন্যূনতম শ্রদ্ধা দেখাননি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি রায়ের বিরুদ্ধে যথাসময়ে আপিল আবেদনও করেননি।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
হাসিনার পাসপোর্ট প্রাপ্তির আবেদন নিয়ে সম্প্রতি দলের বেশ কয়েকজন পলাতক নেতা এবং সাবেক মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, “সরকার বলছিল শেখ হাসিনা ফেরত আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাহলে তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন?”
এদিকে, প্রবাসী সাংবাদিক এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, নতুন পাসপোর্ট না দিয়ে শেখ হাসিনাকে একমুখী ট্রাভেল পাশ কিংবা টিকিট দেওয়া উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, “কোনো পলাতক আসামি যদি নিজে থেকেই দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান, তখন তার আনুষ্ঠানিক প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া গুরুত্বহীন হয়ে পড়ে।” সরকারের উচিত এ বিষয়ে হাসিনার চাল ধরা এবং তাকে দেশে ফেরানোর সুযোগ হিসাবে ট্রাভেল পাশ ইস্যু করা। তিনি আরেক পোস্টে লেখেন, “দুনিয়ার কোনো দেশের সরকার কি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে নতুন পাসপোর্ট দেয়?”
তবে হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে বর্তমান সরকার প্রতিক্রিয়া দেখিয়েছে। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “দেশ কোনো সন্ত্রাসী বা পলাতক অপরাধীকে পাসপোর্ট বা ভ্রমণ নথি প্রদান করে না।” তিনি আরও জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনার দেশে ফেরার একমাত্র বৈধ উপায় হলো- এই প্রত্যপর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসা।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনজীবীর মাধ্যমে এ ধরনের আবেদন মূলত একটি রাজনৈতিক কৌশল এবং লোক দেখানো স্টান্ট মাত্র। দেশে ফিরে আইন মেনে চলার প্রকৃত কোনো ইচ্ছা তার নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় হাসিনার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগের কারণে তাকে পাসপোর্ট দেওয়া বিচারের প্রতি এক ধরনের উপহাস হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা নিজেও জানেন পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। তবে পাসপোর্ট না পেলে সেটিকে তার ডিসেম্বরে দেশে না ফেরার যুক্তি হিসাবে হাজির করা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের এমন রাজনৈতিক অপকৌশল বুঝতে এখন কারও বাকি নেই।
আইন বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির তখনই আইনগত অধিকার তৈরি হয় যখন তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে ন্যায়বিচার প্রার্থনা করেন। কিন্তু কেউ যদি আদালতের আদেশ অমান্য করে পলাতক থাকেন, তবে তার ক্ষেত্রে আইনগত অধিকার প্রযোজ্য হয় না। শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে নিজে থেকেই বাংলাদেশে প্রত্যর্পণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাতে পারেন। অর্থাৎ ‘প্রত্যর্পণ চুক্তিই হচ্ছে হাসিনার ‘পাসপোর্ট বা ট্রাভেল পাশ।’
কার্যক্রম নিষিদ্ধ দলটির আরেক নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম হাসিনার পক্ষে অনলাইনে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি যুক্তি তুলে ধরছেন যে, “প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয়পত্র এবং পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? সংবিধান তো সরকারকে সেই অধিকার দেয়নি।”
আওয়ামীপন্থি আইনজীবীদের দাবি, জেনেভা কনভেনশন ও ভিয়েনা চুক্তি বোঝে না বিএনপি। হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য নয়- কারণ তিনি সে দেশে বন্দি হননি। বরং তিনি ভারত সরকারের সম্মানিত অতিথি হিসাবে অবস্থান করছেন।
আরও পড়ুন: ফরিদপুরে মাদক মামলায় আব্দুল কুদ্দুস ও জুয়েল খানের কারাদণ্ড
হাসিনার পাসপোর্ট প্রাপ্তির বিষয়ে মঙ্গলবার বিদ্যমান আইনের ব্যাখ্যা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, “আইন অনুযায়ী দণ্ডিত আসামি পাসপোর্ট পাবেন না। যখন আসামি পাসপোর্ট চান, তার থেকে ৫ বছরের মধ্যে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন, সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন ২ বছর পর্যন্ত হয়, তাহলে কর্তৃপক্ষ তাকে কোনো পাসপোর্ট দেবে না।”
আইনে আরও বলা আছে, নৈতিকস্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করা যেতে পারে। মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড (নৈতিকস্খলন) বলা হয়। যেহেতু তিনি দণ্ডিত, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার। তিনি বিচারের মুখোমুখি হতে চাইলে আগেই তিনি দেশে ফিরে আসতেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন