০৩:৩৭ পি.এম
১৯ বছর বয়সি স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল মাঠের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি প্রায়ই মাঠের বাইরের অমায়িক আচরণের জন্য আলোচনায় আসেন। সম্প্রতি, স্পেনের রাস্তায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনার মাধ্যমে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই বার্সেলোনা তারকা।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইয়ামাল স্পেনের কোনো এক রাস্তায় নিজের গাড়ি চালাচ্ছেন। এক পর্যায়ে রাস্তার পাশে হাঁটতে থাকা দুই কিশোরকে দেখে তিনি গাড়ি থামান। এরপর জানালার কাচ নামিয়ে শহরের কোনো ভালো, নিরিবিলি ও শান্ত জায়গার পরামর্শ চান তাদের কাছে।
বার্সেলোনার তারকা ফুটবলারকে হঠাৎ চোখের সামনে দেখে প্রথমে দুই কিশোর বেশ অবাক হন। তবে মুহূর্তেই তারা সামলে নিয়ে ইয়ামালকে একটি নিরিবিলি রেস্তোরাঁর নাম ও ঠিকানা জানান।
আরও পড়ুন: প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের মন্তব্য
তাদের দেওয়া পরামর্শে ইয়ামাল দারুণ খুশি হন। উপকারের প্রতিদান দিতে তিনি কার্পণ্য করেননি; তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থেকে একজোড়া হেডফোন বের করে তাদের হাতে তুলে দেন।
উপহার দেওয়ার সময় ইয়ামাল বলেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। তথ্য দেওয়ার বিনিময়ে তোমাদের এই হেডফোনগুলো উপহার দিলাম।’
বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে উপহার পেয়ে দুই কিশোর স্বাভাবিকভাবেই বেশ খুশি হন। তারা ইয়ামালের সঙ্গে সেলফিবন্দিও হন।
এর আগে ইয়ামাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেবেন। দুই কিশোরকে হেডফোন উপহার দেওয়ার ঘটনাটি সেই প্রতিশ্রুতির কথাও নতুন করে সামনে এনেছে।
আরও পড়ুন: নুরুল হাসান সোহানের আহ্বান, 'দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন'
এই চমৎকার মুহূর্তটি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে হাজার হাজার লাইক ও কমেন্ট জমা হয়। ১৯ বছর বয়সি এই তারকার বিনয়ী, সহজ-সরল ও অমায়িক আচরণ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও সমর্থকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন