ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

এবার ইউপি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলের সুখবর


এবার ইউপি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলের সুখবর

এখন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় পে-স্কেল কার্যকর করার নির্দেশনা প্রদান করেছে স্থানীয় সরকার বিভাগ।

নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

নির্দেশনায় জানানো হয়েছে, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর সুবিধা প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছে। তবে, তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক।

এছাড়া, নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’ এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নির্দেশনাটি কার্যকর করার জন্য দেশের সকল জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের মন্তব্য

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন, ‘প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। বেশির ভাগের ফিটনেস গড় মানের নিচে, কয়েকজন মাঝারি মানের, আর দু-একজনের ফিটনেস মানসম্মত।’

২০২৬ সালের অক্টোবরে এশিয়ান গেমসের পর সারোয়ারের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়া হয়েছে। নারী দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আগে বিসিবি তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে তিনি দাবি করেছেন।

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রধান কোচের দায়িত্বে ছিলেন সারোয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর) একটি বেসরকারি টিভিকে সারোয়ার বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না, অন্য একজন কোচ যাবেন। বিসিবির সঙ্গে আমার যোগাযোগ বলতে এটুকুই।’

তিনি আরও বলেন, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার পর দেখেছি, বোলিং কোচ থেকে শুরু করে স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও সবাই খুব চুপচাপ থাকেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা সেটাই মেনে নেন। এই স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে খেলোয়াড়দের উন্নতি সম্ভব নয়। এ কারণেই পাঁচ বছর আগেও আমাদের দল যেমন ছিল, এখনো তেমনই আছে।’

সারোয়ার বলেন, ‘একজন স্পিনার ৩০টি বল করার পর কোচকে বলে, সে আর বোলিং করবে না। কোচও তাতে রাজি হয়ে যান। এক-দুজন ব্যাটার সারা দিন ব্যাটিং করে। এসব দেখার পর আমি হস্তক্ষেপ করতে শুরু করি। তাদের ফিটনেস নিয়েও কাজ করেছি। যখন বকাঝকা করা দরকার হয়েছে, করেছি। আর এটাকেই যদি বদমেজাজ বলা হয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব।’

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমি তাদের উন্নতি ঘটাতে পারব। সাত-আটটি সফর করেছি। অথচ এক-দুটি সফরে ব্যর্থ হওয়ার কারণেই সব শেষ হয়ে গেল।’

দেশের এই জনপ্রিয় কোচ বলেন, ‘আমার নিজের একটা আত্মমর্যাদা আছে। আমি জানি, আমি কী করতে পারি। কাউকে দেখানোর জন্য কাজ করি না। আমার কোনো সমস্যা নেই। আমার সম্মান কমে গেছে, এমনটা ভাবারও কারণ নেই। কারণ, আমি জানি আমার কাজ কী। কেউ যদি বলে আমি বদমেজাজি, সেটা ঠিক নয়। জীবনে রাগ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি বদমেজাজি নই। আমি পেশাদার এবং জানি কী করতে হবে।’

তিনি বলেন, ‘একজন কোচ কখনোই খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না। কারণ, আমি যদি খেলোয়াড়ের বন্ধু হই, তাহলে তাকে বাদ দিতে পারব না। আমি কোচ, তাদের বন্ধু নই।’

সারোয়ার আরও বলেন, ‘আমার মনে হয়, যারা নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, সবাই তাদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে থাকলে নারী ক্রিকেটারদের উন্নতি হবে না। আমার মনে হয়েছে, বিদেশি কোচরাও একই কাজ করেছেন। আমার ধারণা, এভাবে মানিয়ে নিয়ে ও চুপচাপ থেকেই একজন কোচ নিজের চাকরি নিশ্চিত করেন।’

কোচ বলেন, ‘ফিটনেস পরীক্ষা হলে ট্রেনার বলতে পারবেন, কতজন আন্তর্জাতিক মানের ফিটনেসের পর্যায়ে আছেন। তাদের সেই ফিটনেস নেই। আমি যদি মনে করি, শুধু ৩০টি বল করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাব, তাহলে তা কখনোই সম্ভব নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না: মোহসেন রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না: মোহসেন রেজায়ি

ইরান দেশের বাইরে সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও যেতে দেবে না। একই সঙ্গে, ইসলামি প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তাহলে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।

লেবাননের ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিন টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকারে রেজায়ি এসব মন্তব্য করেন।

এর আগে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নাকচ করে দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে একটি সমঝোতার সুর দেখা যাচ্ছে।

রেজায়ি বলেন, ‘বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা নেই। যুক্তরাষ্ট্র যদি নতুন হামলা চালায়, তাহলে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে।’

গত মে মাসে, ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে ৬০ শতাংশ মাত্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এই পরিমাণ বেসামরিক পারমাণবিক জ্বালানির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তবে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। কিন্তু তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের যেকোনো আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।

তবে, রয়টার্সকে গত সপ্তাহে দেয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে, আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ করতে হবে। শর্তগুলো পূরণ হলেই কেবল প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে রাজি হবে ইরান।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এলো গবেষণায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এলো গবেষণায়

বিশ্বজুড়ে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান-যুক্তরাষ্ট্রের বৈরিতা এবং বড় শক্তিগুলোর সামরিক প্রতিযোগিতা নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে সামনে এনেছে। সম্ভাব্য এমন পরিস্থিতিতে মানুষের মনে প্রশ্ন উঠছে—বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীর কোন দেশগুলোতে টিকে থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে?

বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এর প্রভাব কেবল বিস্ফোরণ, প্রাণহানি কিংবা তেজস্ক্রিয়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হতে পারে, কৃষি ও খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। যোগাযোগ, জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে। ফলে যুদ্ধের বাইরে থাকা দেশগুলোও ভয়াবহ খাদ্যসংকটে পড়তে পারে।

তবে সব দেশ একই মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে না। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, খাদ্য উৎপাদন, জ্বালানি সক্ষমতা, অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীলতার মতো বিষয়গুলো বড় বিপর্যয়ের পর কোনো দেশের টিকে থাকার সক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষকদের কয়েকটি বিশ্লেষণে তুলনামূলকভাবে বেশি সক্ষম দেশ হিসেবে উঠে এসেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর নাম। তবে এর অর্থ এই নয় যে, এসব দেশ পুরোপুরি নিরাপদ থাকবে।

পারমাণবিক যুদ্ধের পর বিপদে পড়তে পারে পুরো পৃথিবী। পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতিগুলোর একটি হলো ‘পারমাণবিক শীত’। পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন ও ধোঁয়া বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উঠে সূর্যের আলো আটকে দিতে পারে। এতে পৃথিবীর তাপমাত্রা কমে যেতে পারে এবং বৃষ্টিপাত ও স্বাভাবিক জলবায়ু ব্যাহত হতে পারে।

এর সরাসরি প্রভাব পড়বে কৃষিতে। সূর্যের আলো কমে গেলে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমতে পারে। একই সঙ্গে সমুদ্রের পরিবেশ ও তাপমাত্রার পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের উৎপাদনও। ফলে যুদ্ধের বাইরে থাকা দেশগুলোও খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

২০২২ সালের ১৫ আগস্ট বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘নেচার ফুড’-এ প্রকাশিত এক গবেষণায় পারমাণবিক যুদ্ধের পর বৈশ্বিক খাদ্য উৎপাদনের সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকেরা জলবায়ু, কৃষি ও মৎস্য উৎপাদনের মডেল ব্যবহার করে এ বিশ্লেষণ করেন।

গবেষণায় বলা হয়, পারমাণবিক বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে ৫ টেরাগ্রামের বেশি ধোঁয়া বা কালি ছড়িয়ে পড়লে বিশ্বের প্রায় সব দেশেই বড় ধরনের খাদ্যসংকট দেখা দিতে পারে। গবেষণার মডেল অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে দুই শতাধিক কোটি এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বড় ধরনের পারমাণবিক যুদ্ধ হলে ৫০০ কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে। এগুলো নির্দিষ্ট পরিস্থিতির ভিত্তিতে তৈরি গবেষণার অনুমান, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

অর্থাৎ, যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও কোনো দেশ পুরোপুরি বিপদমুক্ত থাকবে না।

গবেষণায় তুলনামূলক সক্ষম যে ৫ দেশ

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘রিস্ক অ্যানালাইসিস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় পারমাণবিক শীতসহ সূর্যালোক কমিয়ে দিতে পারে এমন বড় বৈশ্বিক বিপর্যয়ের সময় কোন দ্বীপরাষ্ট্রগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে, তা বিশ্লেষণ করা হয়।

নিউজিল্যান্ডের গবেষক ম্যাট বয়েড ও নিক উইলসন পরিচালিত ওই গবেষণায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, কৃষি উৎপাদন, জ্বালানি, অবকাঠামো, স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য সক্ষমতা বিবেচনা করা হয়। এতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুকে তুলনামূলকভাবে বেশি সক্ষম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

১. অস্ট্রেলিয়া

পারমাণবিক যুদ্ধের পর মানুষের টিকে থাকার সম্ভাবনার বিচারে অস্ট্রেলিয়া সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা দেশগুলোর একটি। দেশটির বিশাল ভূখণ্ড, কৃষি উৎপাদন এবং খাদ্যের উদ্বৃত্ত এ ক্ষেত্রে বড় সুবিধা।

নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য রপ্তানি করে অস্ট্রেলিয়া। ফলে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়লেও দেশটির নিজস্ব খাদ্য সরবরাহ ধরে রাখার সুযোগ তুলনামূলক বেশি। এ ছাড়া প্রাকৃতিক সম্পদের মজুত, জ্বালানি সক্ষমতা, উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও অবকাঠামো সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।

২০২৩ সালের গবেষণায় পারমাণবিক শীতের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়েও অস্ট্রেলিয়ার খাদ্য উৎপাদন সক্ষমতাকে অন্য অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে রাখা হয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে দেশটির খাদ্য উদ্বৃত্ত সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়।

তবে অস্ট্রেলিয়ার ঝুঁকিও রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সামরিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট ‘অকাস’-এর সদস্য হওয়ায় সম্ভাব্য সংঘাতে দেশটির কৌশলগত ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে পাইন গ্যাপ গোয়েন্দা স্থাপনাটি বড় ধরনের পারমাণবিক সংঘাতে লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

অর্থাৎ, খাদ্য ও অবকাঠামোগত সক্ষমতায় এগিয়ে থাকলেও সামরিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।

২. নিউজিল্যান্ড

সম্ভাব্য নিরাপদ আশ্রয়ের তালিকায় রয়েছে নিউজিল্যান্ডও। দেশটির অন্যতম সুবিধা ভৌগোলিক অবস্থান। বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলোর কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত দেশটি। জনসংখ্যাও তুলনামূলক কম। ফলে জনসংখ্যার অনুপাতে খাদ্য উৎপাদনের সক্ষমতা বড় সুবিধা তৈরি করতে পারে।

কৃষি ও পশুপালন নিউজিল্যান্ডের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দুধ, মাংসসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে দেশটির ভালো সক্ষমতা রয়েছে। ২০২৩ সালের গবেষণায় দেখা গেছে, ভয়াবহ পারমাণবিক শীতের পরিস্থিতিতেও দেশটির খাদ্য উৎপাদন তুলনামূলক ভালো থাকতে পারে।

তবে আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জ্বালানি, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও বিভিন্ন পণ্যের ক্ষেত্রে নিউজিল্যান্ড আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। দীর্ঘ সময় আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকলে জ্বালানি সরবরাহ ও শিল্প উৎপাদনব্যবস্থা বড় সংকটে পড়তে পারে।

অর্থাৎ, খাদ্য উৎপাদনে ভালো অবস্থানে থাকলেও দীর্ঘমেয়াদি বিচ্ছিন্নতা নিউজিল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

৩. আইসল্যান্ড

ইউরোপের উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত আইসল্যান্ডও গবেষণায় সম্ভাব্য নিরাপদ দেশগুলোর একটি। দেশটির জনসংখ্যা খুবই কম। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ভূতাপীয় ও জলবিদ্যুৎ শক্তির ব্যবহার আইসল্যান্ডকে বাড়তি সুবিধা দিয়েছে।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশটি দীর্ঘদিন ধরে কাজ করছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়লেও বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সুবিধা পেতে পারে।

এ ছাড়া দেশটির চারপাশে সমুদ্র থাকায় মাছ একটি গুরুত্বপূর্ণ খাদ্যসম্পদ। পারমাণবিক শীতের সময় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও সামুদ্রিক খাদ্য কিছুটা সহায়তা করতে পারে। ২০২৩ সালের গবেষণায় বলা হয়েছে, পারমাণবিক শীতের ভয়াবহ পরিস্থিতিতে ইউরোপের মূল ভূখণ্ডের অনেক দেশের তুলনায় আইসল্যান্ডের কৃষি উৎপাদনের ক্ষতি কম হতে পারে।

তবে মাছের উৎপাদন সমুদ্রের পরিবেশের ওপর নির্ভরশীল। পারমাণবিক যুদ্ধের পর সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে এই খাদ্যসম্পদও ঝুঁকিতে পড়তে পারে। আরেকটি বিষয় হলো, আইসল্যান্ড ন্যাটোর সদস্য। ফলে ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলে বড় সামরিক সংঘাত হলে তার প্রভাব দেশটির ওপরও পড়তে পারে।

৪. সলোমন দ্বীপপুঞ্জ

প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। দেশটির জনসংখ্যা কম। কৃষি, মাছ ধরা ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে মানুষের জীবনযাপন।

আধুনিক শিল্প ও প্রযুক্তির ওপর নির্ভরতা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের পরও কিছু জনগোষ্ঠীর টিকে থাকার সুযোগ থাকতে পারে। ২০২৩ সালের গবেষণায় দেশটির খাদ্য উৎপাদন সক্ষমতাকে ইতিবাচকভাবে দেখা হয়েছে। বিশেষ করে প্রচলিত কৃষি ও মাছ ধরার ব্যবস্থা চালু রাখার সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।

তবে দেশটির বড় দুর্বলতা অবকাঠামো ও জ্বালানি সক্ষমতা। আধুনিক চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় শিল্পপণ্যের সরবরাহে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে গেলে বড় সংকট দেখা দিতে পারে। তাই প্রাকৃতিকভাবে টিকে থাকার সুযোগ থাকলেও আধুনিক রাষ্ট্রব্যবস্থা সচল রাখা দেশটির জন্য কঠিন হতে পারে।

৫. ভানুয়াতু

প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদনের কারণে দেশটিও গবেষকদের নজরে এসেছে।

দেশটির মানুষের একটি বড় অংশ কৃষি, মাছ ধরা ও স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়লে স্থানীয় পর্যায়ে খাদ্য উৎপাদন চালিয়ে যাওয়ার কিছু সুযোগ থাকতে পারে। ২০২৩ সালের গবেষণায় সলোমন দ্বীপপুঞ্জের মতো ভানুয়াতুকেও পারমাণবিক শীতের মতো পরিস্থিতিতে তুলনামূলকভাবে সক্ষম দ্বীপরাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে জ্বালানি, আধুনিক চিকিৎসা, যোগাযোগ ও শিল্প উৎপাদনে দেশটির সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে গেলে এসব খাতে বড় সংকট তৈরি হতে পারে। অর্থাৎ, বড় সামরিক সংঘাতের কেন্দ্র থেকে দূরে থাকার সুবিধা থাকলেও দীর্ঘমেয়াদে আধুনিক জীবনযাত্রা ধরে রাখা ভানুয়াতুর জন্য সহজ হবে না।

নতুন গবেষণাতেও এগিয়ে অস্ট্রেলিয়া

শুধু পারমাণবিক যুদ্ধ নয়, অন্যান্য বড় বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় কোন দেশ কতটা সক্ষম, তা নিয়েও নতুন গবেষণা প্রকাশিত হয়েছে।

২০২৬ সালের ২৩ আগস্ট প্রকাশিত ‘নো প্লেস টু হাইড? রিজিওনাল রেজিলিয়েন্স অ্যান্ড ভালনারেবিলিটি টু গ্লোবাল ক্যাটাস্ট্রফিক রিস্ক’ শীর্ষক গবেষণায় পারমাণবিক শীত, মহামারি, সাইবার হামলা, অবকাঠামো বিপর্যয়, মহাকাশ থেকে আসা বড় বস্তু ও ভূচৌম্বকীয় ঝড়ের মতো বিভিন্ন বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, বিভিন্ন ধরনের বিপর্যয় মোকাবিলায় অস্ট্রেলিয়া সবচেয়ে ভালো অবস্থানে থাকা দেশগুলোর একটি। ভৌগোলিক বিচ্ছিন্নতা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও শক্তিশালী অবকাঠামো দেশটিকে এগিয়ে রেখেছে।

তবে গবেষকদের মতে, কোনো দেশই সব ধরনের বৈশ্বিক বিপর্যয়ের বিরুদ্ধে পুরোপুরি সুরক্ষিত নয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আন্তর্জাতিক সহযোগিতা ও বাণিজ্যব্যবস্থা সচল থাকা গুরুত্বপূর্ণ।

তাহলে সুইজারল্যান্ড কি নিরাপদ নয়?

যুদ্ধের সময় নিরাপদ দেশের কথা উঠলে অনেকের মনেই প্রথমে আসে সুইজারল্যান্ডের নাম। দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতা এবং বেসামরিক মানুষের জন্য আশ্রয়কেন্দ্র বা বাংকার তৈরির ব্যবস্থা দেশটিকে বিশেষ পরিচিতি দিয়েছে।

কিন্তু পারমাণবিক যুদ্ধের পর টিকে থাকার বিষয়টি শুধু সামরিক নিরপেক্ষতার ওপর নির্ভর করে না। সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে ইউরোপজুড়ে বড় ধরনের পারমাণবিক সংঘাত হলে তেজস্ক্রিয়তা, বায়ুমণ্ডলের পরিবর্তন, খাদ্য ও জ্বালানি সংকটের প্রভাব দেশটির ওপরও পড়তে পারে।

এ ছাড়া ২০২৩ সালের ‘রিস্ক অ্যানালাইসিস’ গবেষণায় সুইজারল্যান্ডকে ওই পাঁচ দ্বীপরাষ্ট্রের তালিকায় রাখা হয়নি। তবে এর অর্থ এই নয় যে, দেশটি সব ধরনের বিপর্যয় মোকাবিলায় অক্ষম। বরং গবেষণাটিতে নির্দিষ্ট কিছু সক্ষমতা ও পরিস্থিতির ভিত্তিতে দেশগুলোকে তুলনা করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশগুলোও কি নিরাপদ থাকতে পারে?

দক্ষিণ আমেরিকার কিছু দেশও পারমাণবিক যুদ্ধের পর তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে উরুগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের কৃষি উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য। এসব দেশের বিস্তৃত কৃষিজমি, খাদ্য উৎপাদন এবং কিছু ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বৈশ্বিক খাদ্যসংকটের সময় সুবিধা দিতে পারে।

তবে ২০২৩ সালের গবেষণায় এসব দেশকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর মতো একই পর্যায়ের সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করা হয়নি।

এসব দেশের ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, সীমান্ত দিয়ে মানুষের প্রবেশ, খাদ্য বিতরণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কোনো দেশই কি পুরোপুরি নিরাপদ?

গবেষণাগুলোর বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট—ভৌগোলিকভাবে দূরে থাকা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা কিংবা সামরিক নিরপেক্ষতা কোনো দেশকে শতভাগ নিরাপত্তা দিতে পারে না।

পারমাণবিক যুদ্ধ হলে তার প্রভাব সীমান্ত মানবে না। বায়ুমণ্ডলে ধোঁয়া ছড়িয়ে পড়লে জলবায়ু পরিবর্তিত হতে পারে, কমে যেতে পারে কৃষি উৎপাদন এবং ব্যাহত হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য। এমনকি শক্তিশালী অর্থনীতি ও উন্নত অবকাঠামোর দেশও খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে পারে।

তাহলে কোনো দেশের নিরাপত্তা বিচার করতে শুধু যুদ্ধক্ষেত্র থেকে তার দূরত্ব বিবেচনা করলেই হবে না। দেখতে হবে, দেশটি কতটা নিজের খাদ্য উৎপাদন করতে পারে, জ্বালানি সরবরাহ ধরে রাখতে পারে এবং দীর্ঘদিন আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে বায়োডিজেলে রূপান্তরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে বায়োডিজেলে রূপান্তরের আহ্বান

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : রান্নার তেল বা পোড়া তেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে এর ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার পরিহার করতে হবে।”

আজ বুধবার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএফএসএ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনারে চেয়ারম্যান আরও বলেন, ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহার না করে তা সংগ্রহ করে বায়োডিজেল উৎপাদনে কাজে লাগানো হলে পরিবেশ দূষণ কমবে এবং এ তেল থেকে অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব। পোড়া তেলের টেকসই ব্যবস্থাপনায় বায়োটেক এনার্জির মতো প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে বিএফএসএ’র সহযোগিতা অব্যাহত থাকবে।

খাদ্য ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ তেল ব্যবহারের প্রবণতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কোনো ব্যবসায়ী পোড়া তেলের পরিবর্তে সতেজ তেলে সিঙ্গারা ভেজে কিছুটা বেশি দাম নিলেও ভোক্তারা তা গ্রহণ করবেন। এর জন্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য সরবরাহের বিষয়ে ভোক্তাদের আস্থা তৈরি করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ’র সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। প্রবন্ধে পোড়া তেল উৎপাদনের প্রক্রিয়া, মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব, ভোজ্যতেলের পুষ্টিগুণ, ট্রান্সফ্যাটি অ্যাসিডের ঝুঁকি এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়।

বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অন্তত ৩ হাজার খাদ্যস্থাপনা থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে এ সংগ্রহের পরিমাণ মাসে ১ হাজার টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় সংগৃহীত তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে। তিনি জানান, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। তাই ব্যবহৃত রান্নার তেল যত্রতত্র ফেলে না দিয়ে সুষ্ঠুভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করা জরুরি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএফএসএ’র সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহারের পরিবর্তে তা সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মানবস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত হবে এবং উৎপাদিত বায়োডিজেল যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালানোর কাজে ব্যবহার করা যাবে।

বিএফএসএ’র সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%