০৫:৩৪ পি.এম
মৌলভীবাজার জেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। কিছু কৃষক পুরোদমে ধান কাটছেন, আবার কিছু কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। তবে ডিজেল, সার, কীটনাশক ও খুচরা যন্ত্রাংশের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তীব্র শ্রমিক সংকটও রয়েছে। অন্যদিকে, কৃষকদের মধ্যে ধানের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে হতাশা বিরাজ করছে। কৃষি বিভাগের মতে, যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে উৎপাদন খরচ কমবে এবং ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
মাঠে ফসলের ফলন নির্ণয়ে নমুনা শষ্য কর্তনের মাধ্যমে মৌলভীবাজার জেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। মাঠজুড়ে সোনালী ধানের ছড়াছড়ি এবং কৃষাণ-কৃষাণীর মুখে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুকূল আবহাওয়া এবং পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। তবে স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো মাঠ থেকে ধান ঘরে তুলতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জেলায় এবার ব্রি-ধান ১০৩, ব্রি-ধান ৫১, ব্রি-ধান ৫২, ব্রি-ধান ৪৯ সহ অধিক উৎপাদনশীল জাতের ধান বেশি চাষ হয়েছে। কৃষকরা যান্ত্রিক উপায়ে চাষাবাদ ও সময়মতো চারা রোপন ও পরিচর্যা করায় এ বছর ধানের উৎপাদন ভাল হয়েছে।
আরও পড়ুন: বিজয়নগরে সবুজ পাতার ফাঁকে-থোকায় ঝুলছে রসালো কমলা
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেস্বর এলাকার কৃষক শিমুল মিয়া জানান, ধানের ন্যায্য দাম না পাওয়ার কারণে কৃষকরা সব সময়ই লোকসানের মুখে পড়েন। তিনি বলেন, "নানাভাবে সিন্ডিকেট করে সার, কীটনাশক, ফসফেট ও খুচরা যন্ত্রাংশের দাম বাড়িয়ে রাখা হয়।" শ্রমিকদের মজুরি ৭০০ থেকে ৮০০ টাকা এবং জ্বালানি তেলের দামও বেড়ে গেছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু বাজারে ধান বিক্রি করে সেই খরচ তোলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, এবারের ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ধানের বাজারদর খুবই কম। বর্তমান দরে ধান বিক্রি করে শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ পোষানো যাচ্ছে না। এবারে বাজারে ধান ৮০০, সাড়ে ৮০০ বা সর্বোচ্চ ৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এর ওপরে দাম উঠছে না।
একই এলাকার কৃষক বাচ্চু মিয়া জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে ধানের চাহিদা কম। এত কষ্ট করে ফসল ফলানোর পরও কৃষকের হাতে কিছুই থাকে না। কৃষি উপকরণ বা যন্ত্রাংশের দাম এখন অনেক বেশী। তিনি বলেন, "গত কয়েকদিন আগে হারভেস্টারের ১টি কাওলার (চাকা) ক্রয় করি ১ লক্ষ ১২ হাজার টাকা দিয়ে।" এর সাথে গাড়ী ভাড়া ও ফিটিং চার্জ গেছে আরও ৩ হাজার ৭ শত টাকা। এক জোড়া ভি-বেল্ট এসসি-৫৯ সাইজের ক্রয় করতে লাগে ২৬ হাজার টাকা। মবিলের দাম ও হাইড্রোলিক অয়েলের দামও অনেক বেশী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো: জালাল উদ্দিন জানান, এ বছর আবহাওয়া অনুকূল ছিল এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, "সার, বীজ ও কীটনাশকের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকির ফলে এ বছর আমনের বাম্পার ফলনের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।"
আরও পড়ুন: উত্তরাঞ্চলের জলপাইয়ের বড় পাইকারি বাজার ধাপেরহাট
ধানের ন্যায্যমূল্য প্রসঙ্গে কৃষকদের পক্ষ থেকে প্রায়ই উদ্বেগ প্রকাশ করা হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে—ধান কাটার পর তা সঠিকভাবে মাড়াই-ঝাড়াই করে ভালোভাবে শুকিয়ে ১৪ শতাংশ আর্দ্রতায় এনে বাজারে তুললে কৃষক অবশ্যই উপযুক্ত মূল্য পাবেন। খাদ্য বিভাগ এ বছর প্রায় জেলা থেকে ৫ হাজার ২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আশা করা হচ্ছে, কৃষকরা নির্ধারিত এই ন্যায্য দামেই ধান বিক্রি করতে পারবেন। তবে ধান অপরিচ্ছন্ন বা ভেজা অবস্থায় বাজারে নিয়ে গেলে দাম কম পাওয়ার আশঙ্কা থাকে, সে বিষয়ে কৃষকদের আরও সতর্ক ও যত্নবান হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ধানের বাজারে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই বলেই আমরা মনে করি। তবে কোথাও কোনো সিন্ডিকেট বা কারসাজির তথ্য পাওয়া গেলে আমাদের জানালে আমরা অবশ্যই প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
সার ব্যবস্থাপনার ক্ষেত্রে সারা দেশে বর্তমানে ডিলার নিয়োগ ও পুনর্বিন্যাসের কার্যক্রম চলমান রয়েছে। সরকার নতুনভাবে ডিলার ব্যবস্থা ঢেলে সাজানোর মতো একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, যাতে কোনো অসাধু চক্র বা দুষ্কৃতিকারী সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। আমরা সার্বক্ষণিক তদারকিতে রয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মৌলভীবাজার জেলায় সারের কোনো সংকট দেখা দেবে না।
বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমির ধান কাটতে যেখানে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়, সেখানে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কাটতে খরচ পড়ে মাত্র ২ হাজার টাকার কাছাকাছি। ফলে সময়, শ্রম ও অর্থ—সব দিক থেকেই কম্বাইন হারভেস্টার ব্যবহার কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। চাষাবাদে যান্ত্রিকীকরণ বাড়লে শ্রমিক সংকট ও উৎপাদন খরচ উভয়েই কমে আসবে।
আরও পড়ুন: কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ
মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, চলতি আমন মৌসুমে জেলার ৭টি উপজেলায় ৫ হাজার ২৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পৃথকভাবে মৌলভীবাজার সদর ৯১৭ মেট্রিক টন, শ্রীমঙ্গল ৭৫৫ মেট্রিক টন, কুলাউড়া ৯৯০ মেট্রিক টন, জুড়ী ৪২৯ মেট্রিক টন, রাজনগর ৬৫০ মেট্রিক টন ও কমলগঞ্জ থেকে মেট্রিক টন ধান সরকার ক্রয় করবে। ১৪ নভেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ ইংরেজি পর্যন্ত কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আমন ধানের মাঠ পরিদর্শন শেষে জানান, "আমরা সবাইকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে রুপা আমন ধান কাটার উদ্বোধন করলাম।" তিনি আশা প্রকাশ করেন যে এ মৌসুমে বাম্পার ফলন হবে এবং কৃষক ভাইয়েরা তাঁদের পরিশ্রমের কাঙ্ক্ষিত ফসল পাবেন। বর্তমান সরকার বরাবরই কৃষকবান্ধব। ইতোমধ্যে জুড়ি উপজেলায় কৃষক কার্ডের পাইলটিং শুরু হয়েছে; পর্যায়ক্রমে তা পুরো মৌলভীবাজার জেলায় চালু হবে, যার মাধ্যমে কৃষকেরা প্রায় ১০ ধরনের সুবিধা পাবেন।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের সরকারি মূল্য প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে উৎপাদন খরচ সহজেই উঠে আসে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ধানের ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। পাশাপাশি অকার্যকর কৃষি উপকরণ বা বালাইনাশক চিহ্নিত করতে কৃষি বিভাগের মাধ্যমে যাচাই করে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জামালপুরে বিষ প্রয়োগে কৃষকের ২০ শতাংশ আধাপাকা ধান নষ্টের অভিযোগ
ভর্তুকি মূল্যে নির্ধারিত ডিলারের মাধ্যমেই সার বিক্রি নিশ্চিত করা হচ্ছে। কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা পাশে আছে।
চলতি মৌসুমে জেলায় আমন চাষাবাদ হয়েছে ৯৯ হাজার ১শ ৫৪ হেক্টর জমিতে। যার সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৯০ হাজার ৫ শত ৩০ মেট্রিক টন।
সরকারিভাবে কৃষক পর্যায়ে ধান সংগ্রহের নির্দিষ্ট সর্বোচ্চ সীমা বা পরিধি বাড়ানোর দাবি কৃষকদের দীর্ঘদিনের। কৃষকদের মতে, টেকসই ও উন্নতমানের কম্বাইন হারভেস্টার, ধান মাড়াই মেশিন, ডিজেল ইঞ্জিন, পাওয়ার টিলার সহ খুচরা যন্ত্রাংশ কম মূল্যে সরবরাহ করা হলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: শেরপুরে ৩০০ বিঘার লেবু বাগানে ১৫০ শ্রমিকের কর্মসংস্থান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন