ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা


ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

ডেভিড ওয়ার্নারকে উসমান খাজা স্যান্ডপেপার কাণ্ড নিয়ে কী বলবেন, তা মাত্র দুই মাস আগে জানিয়ে দিয়েছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ঘটে যাওয়া ঘটনাটি প্রকাশ করার প্রতিশ্রুতি তিনি ২০২০ সালেই দিয়েছিলেন। তবে খাজার মতে, ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার বিষয়টি প্রকাশের উদ্যোগে বিস্মিত হয়েছিলেন।

সোমবার প্রকাশিত একটি পডকাস্টে এসব তথ্য শেয়ার করেছেন খাজা। পডকাস্টটি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গত শুক্রবারের সংবাদ সম্মেলনের আগেই রেকর্ড করা হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সম্পর্কে সবাই জানতেন, এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। পডকাস্টে খাজা স্বীকার করেছেন, বর্তমানে খেলছেন এমন কয়েকজনের জন্য তাঁর প্রকাশিত তথ্যের কিছু ‘মূল্য’ দিতে হতে পারে।

ওয়ার্নার খাজার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। সাবেক পেসার চ্যাড সেয়ার্সও রোববার একই অবস্থান প্রকাশ করেছেন। তাঁর মতে, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে সবাই অবগত ছিলেন।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। ওই তদন্তে তাঁকে, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তে বলা হয়েছিল, পরিকল্পনার বিষয়ে শুধুমাত্র এই তিনজনই জানতেন।

খাজার বইয়ে কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা আগে জানা যায়নি। সেয়ার্স এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দ্বিতীয় দিনের এক সেশনে তিনি মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নিয়েছিলেন। ওই সেশনে রিভার্স সুইংয়ের সহায়তায় দক্ষিণ আফ্রিকা ২৮ রানে চার উইকেট হারিয়েছিল।

‘উই ইউজড টু বি’ পডকাস্টে খাজা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ওকে (ওয়ার্নার) প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ, আট বছর ধরে তাকে এই বিষয়টির বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার বইয়ে কী আছে, তা দুই মাস আগে পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে জানাইনি। অপেক্ষা করেছি, অপেক্ষা করেই গেছি। একদিকে, চাইনি বিষয়টি ফাঁস হয়ে যাক, ক্রিকেটে কোনো কিছুই গোপন থাকে না।’

‘তাছাড়া খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছিল। তারা সেখানে থাকা অবস্থায় বিষয়টি প্রকাশ করতে চাইনি। তাই বারবার পিছিয়ে দিয়েছি। এরপর মনে হলো, না, আমার বই প্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এখন ওকে জানানো দরকার।’

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

শৈশব থেকেই একে অপরের বন্ধু ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ২০২৪ সালের ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট করতে নামার আগে দুজনকে আলিঙ্গন করতে দেখা যায়।

এ বিষয়ে খাজা বলেন, ‘২০২০ সালে আমি তাকে একটি খুদে বার্তা পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত এমন একটা সময় গেছে, যখন আমরা বিষয়টি নিয়ে আলোচনাই করিনি। খুব কমই কথা হয়েছে। ২০২০ সালে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি রেখেছি। দুই মাস আগে তাকে বার্তা পাঠানোর সময়ও সে জানত না যে আমি বই লিখছি। বিষয়টি শুনে সে খুব অবাক হয়েছিল। এরপর থেকেই আমাদের কথা শুরু হয় এবং আমরা আলোচনা চালিয়ে যাই।’

নিজের প্রকাশিত তথ্যের প্রতিক্রিয়া নিয়ে খাজা বলেন, ‘আমার মনে হয়েছে, ওই তিনজনের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল। তাই আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। তবে এখনো দলে খেলছেন এমন আরও কয়েকজনের জন্য হয়তো এর কিছু মূল্য দিতে হতে পারে। বিষয়টি সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে আপনি যা-ই করুন, তার একটা মূল্য থাকেই। গত তিন দিনে আমার পরিবারকেও এর মূল্য দিতে হয়েছে।’

‘তবে আমি নিজেকে এখানে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছি না। কারণ, কী পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি, তা আমি জানতাম। কী আসতে পারে, সেটাও বুঝেছিলাম। শুধু ভাবিনি, বিষয়টি এতটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে।’

আরও পড়ুন: সৌদি বাহিনীর চিফ অব স্টাফ ফাহদ আল-সালমানকে অব্যাহতি

দক্ষিণ আফ্রিকার ঘটনার দায় পুরো দলের সম্মিলিতভাবে নেওয়া উচিত ছিল, এই অবস্থান আবারও তুলে ধরেছেন খাজা। বইয়ে তিনি লিখেছেন, ড্রেসিংরুমে এক বক্তব্যে পুরো দলকে একসঙ্গে দায় স্বীকার করার আহ্বান জানিয়েছিলেন। তবে নাম প্রকাশ না করা দুজন খেলোয়াড় তাঁর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

গত সপ্তাহের সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, খাজার ওই বক্তব্যের কথা তাঁর মনে নেই। তবে সেয়ার্স জানিয়েছেন, পরবর্তী করণীয় নিয়ে দলের ৬০ থেকে ৯০ মিনিটের একটি বৈঠকের কথা তাঁর মনে আছে। খাজার অবস্থান সমর্থন না করা দুই খেলোয়াড়ের ব্যাপারে তাঁর ‘অস্পষ্ট’ স্মৃতি রয়েছে বলেও জানান সেয়ার্স। তবে তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

খাজা বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের এই বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার মনে হয় না, তারা কখনো এই বিষয়টির নিষ্পত্তি খুঁজে পেত, যদি না মনে করত যে এই বোঝা ভাগ করে নেওয়ার সুযোগ আছে। আমার ব্যক্তিগত মত হলো, দল হিসেবে আমাদের সেটাই করা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে বলতে আসিনি যে অমুক এটা করেছে বা অন্য কেউ ওটা করেছে, কিংবা কে কী জানত। বিষয়টি ছিল আমরা সব সময় একটি দল। আগেও বলেছি, দল হিসেবে আমরা জিতি, দল হিসেবে হারি। দায়ও নিতে হবে দল হিসেবে। সত্যিকার অর্থে যদি আমরা সেটা করতে পারি, যদি সেই সুযোগ থাকে, তাহলে চিরতরে বিষয়টির ইতি টেনে সামনে এগিয়ে যেতে পারব।’

আরও পড়ুন: দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

‘কিন্তু আমার মনে হয়, আমরা কখনো তা করিনি। এ কারণেই বিষয়টি বারবার ফিরে আসছে। একের পর এক জল্পনা-কল্পনা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সোমবার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। সকালে শ্রমিকরা কাশিমপুর সড়ক অবরোধ করে ফেললে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর শ্রমিকরা ছুটাছুটি করে ওই সড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে অবস্থিত পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় সকাল থেকে মহাসড়ক অবরোধ করে কোথাও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়নি।

তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং টহল দিতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%