ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ


কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক এবং তিন হাজার মিটার জাল অভিযান পরিচালনা করে জব্দ করেছে বনবিভাগ। অভিযানের সময় শতাধিক ফাঁদ ঘর ধ্বংস করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালিত হয়, জানিয়েছেন বনবিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি উল্লেখ করেন, ‘শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলা বিল। বিলটিতে সুদূরপথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমিগুলোতে তৈরি হচ্ছে প্রাণচাঞ্চল্য। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে মৌসুমি পাখি শিকারিরা সক্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গত কয়েকদিন ধরে অতিথি পাখির আগমনের কারণে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক এবং ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পাওয়া যায় বনবিভাগের কর্মীদের। এই পরিস্থিতিতে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযানের সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে মৌসুমি পাখি শিকারিরা পালিয়ে যায়। পরে বিলটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকার কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় বিলে পেতে রাখা পাখি শিকারের শতাধিক ফাঁদ ঘর ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক।

জীবিত উদ্ধার বকগুলোকে উন্মুক্ত করা হয়েছে এবং জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদ ঘরগুলো ধ্বংস করা হয়েছে, জানান তিনি।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৭ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি বাহিনীর চিফ অব স্টাফ ফাহদ আল-সালমানকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


সৌদি বাহিনীর চিফ অব স্টাফ ফাহদ আল-সালমানকে অব্যাহতি

সউদী আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই পরিবর্তনটি দেশের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে কার্যকর হয়েছে।

রাজকীয় ডিক্রির ভিত্তিতে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সউদী প্রেস এজেন্সি’ (এসপিএ)-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে অব্যাহতি দেওয়ার পর, তাকে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া, এই রদবদলের অংশ হিসেবে প্রধান অব জেনারেল স্টাফ মেজর জেনারেল ফায়াদ আল-রোয়াইলিকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি নতুন করে যৌথ বাহিনীর কমান্ডারের অতিরিক্ত দায়িত্বও প্রদান করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলি এই পরিবর্তনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। সূত্র: আরব নিউজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

এ বছরের ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ১৪১ জন শিক্ষার্থী অসামান্য সাফল্য অর্জন করেছেন। এই শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ১৬৩টি পুরস্কার লাভ করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ১৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৮ জন নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এছাড়া, বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৪৫ জন ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড লাভ করেছেন।

অন্যদিকে, চারজন শিক্ষার্থী একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে মর্যাদাপূর্ণ ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন, এমন বিষয়ে অসাধারণ ফলের জন্য ১৬ জন ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি অর্জন করেছেন।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অংশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভালো ফলের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে। বাংলাদেশে যৌথভাবে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এ পর্বে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা বলেন, ‘প্রতি বছর শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের কাজের সবচেয়ে আনন্দের দিক। প্রতিটি ভালো ফলের পেছনেই থাকে একজন শিক্ষার্থীর নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমর্থনও তাঁদের এগিয়ে যেতে সাহায্য করে। এমন ফল অর্জন করতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। বাংলাদেশের এত সংখ্যক শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর পাওয়ার ঘটনা এখানকার শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘শিক্ষা মানে শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জন নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমাজে ভূমিকা রাখার জন্য তরুণদের আত্মবিশ্বাসী হতে হবে, জানতে হবে নতুন বিষয় এবং গড়ে তুলতে হবে বিশ্লেষণী চিন্তার দক্ষতা। আজ শিক্ষার্থীদের যে সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার পেছনে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা। আমরা আশা করি, তারা নিজেদের আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে, নতুন সম্ভাবনা খুঁজে দেখবে এবং অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শিক্ষা ও জীবনের পরবর্তী ধাপগুলোতে শিক্ষার্থীরা এ সাফল্যকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।’

অনুষ্ঠানে চারটি বিভাগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কেমব্রিজের শিক্ষাগত যোগ্যতা একটি স্বীকৃত মানদণ্ড হিসেবে কাজ করে। এসব যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নিজ উদ্যোগে গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। বাংলাদেশের শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিজ না থাকায় জামালপুরে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


ব্রিজ না থাকায় জামালপুরে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

জামালপুরের বকশীগঞ্জে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, দিনমজুরসহ সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। তবে, বারবার আবেদন করার পরও ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে একটি ছোট খাল রয়েছে। এই খালটি বিলেরপাড় গ্রামকে বিভক্ত করে রেখেছে এবং এর কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। খালের দুই পাশে রাস্তা রয়েছে, যা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম এবং কুতুবের চর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় খালটিতে পানি জমে থাকার কারণে বিভিন্ন পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এই খাল পার হতে হয়। বর্ষায় নৌকা এবং শুকনো মৌসুমে ধান ক্ষেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। ব্রিজের অভাবে প্রায় তিন কিলোমিটার ঘুরে বাড়িতে ফসল নিয়ে আসতে হয়। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের অটো চালক, মোটরসাইকেল চালক এবং ব্যবসায়ীদেরও ৩ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি।

গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে, ৫৬ বছর ধরে এই এলাকার মানুষ একটি ব্রিজের জন্য অপেক্ষা করছে।

স্থানীয়দের দাবি, এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে জনভোগান্তি কমবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি হবে। পাশাপাশি, এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। তাই, বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

বিলেরপাড় গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, "আমাদের সকল আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।"

এই গ্রামের ছাত্তার মিয়া বলেন, "জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।"

পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, "এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোন উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি।"

এ ব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, "খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

চীনা গুপ্তচর সন্দেহভাজন এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা তার এই আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না। সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা, যার মধ্যে ইলন মাস্কও রয়েছেন, এখন হুয়াংকে ফিরিয়ে আনার জন্য জোর প্রচারণা শুরু করেছেন। তাদের উদ্বেগ, হুয়াংয়ের অনুপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলো হুমকির মুখে পড়বে।

১৯৯৩ সালে জেনসেন হুয়াংয়ের প্রতিষ্ঠিত এনভিডিয়া বর্তমানে এআই চিপ তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির লড়াইয়ে এই প্রতিষ্ঠানকে প্রধান হাতিয়ার হিসেবে ধরা হয়। হুয়াংয়ের পদত্যাগের পর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়া এবং এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কে কী বলছেন?

বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হুয়াংয়ের ব্যবসায়িক দূরদর্শিতার প্রশংসা করেছেন। মাস্ক সতর্ক করে বলেছেন, "এনভিডিয়ার সাপ্লাই চেইন জেনসেন অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। এর অনেক চুক্তিই লিখিত নথির চেয়ে জেনসেনের ব্যক্তিগত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ছিল। তাকে ছাড়া এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর অনেকগুলোই হাতছাড়া হয়ে যাবে।"

বিনিয়োগ প্রতিষ্ঠান অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রেইডস ম্যানেজমেন্টের সিইও গ্যাভিন বেকার এনভিডিয়া বোর্ডের কাছে লেখা এক খোলা চিঠিতে হুয়াংকে একজন 'অসাধারণ নেতা' হিসেবে অভিহিত করেছেন। তারা তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে বিষয়টি তদন্ত করার এবং হুয়াংকে ফিরিয়ে আনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ প্রচারণা

জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ (Stand With Jensen) শিরোনামে একটি খোলা চিঠি ও অনলাইন পিটিশন চালু করা হয়েছে। এতে ইলন মাস্ক ছাড়াও ওয়াই কম্বিনেটরের সিইও গ্যারি ট্যান এবং ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ চেনসহ ডজনখানেক শীর্ষ প্রযুক্তি নেতা স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ এতে সমর্থন জানিয়েছেন।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুয়াংকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারী যে আসলেই চীনা গুপ্তচর, তার কোনো অকাট্য প্রমাণ বোর্ড দেখাতে পারেনি। ৩৩ বছরের নেতৃত্ব কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখে না ঠিকই, তবে ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এনভিডিয়ার অনেক কর্মীও হুয়াংয়ের প্রতি সংহতি জানিয়েছেন। ড্যারেল দাই নামের এক রোবোটিক্স ইঞ্জিনিয়ার লিংকডইনে পোস্ট দিয়ে হুয়াংয়ের বিদায়ের প্রতিবাদে নিজেও চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

হুয়াংয়ের পরবর্তী পদক্ষেপ ও জাতীয় নিরাপত্তা ইস্যু

জেনসেন হুয়াং ঘনিষ্ঠ মহলের সঙ্গে পুনরায় এনভিডিয়ায় ফেরার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার মিত্ররা হোয়াইট হাউসের সমর্থন আদায় এবং বোর্ডের ওপর চাপ সৃষ্টি করতে একটি ‘ওয়ার রুম’ গঠন করেছেন। অন্যদিকে, এনভিডিয়া বোর্ড সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্রিটিশ চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের (Arm Holdings) সিইও রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

তবে হুয়াংয়ের ফেরার পথটি মোটেও সহজ নয়। চীনের কাছে উন্নত চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। হুয়াংয়ের এই কথিত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কংগ্রেসের অন্তত দুটি কমিটি হুয়াং এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে। এ ছাড়া চীনের সঙ্গে এআই প্রতিযোগিতার মাঝে এনভিডিয়ার চুক্তিগুলো যথাযথভাবে তদারকি না করার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও সমালোচনার মুখে পড়েছে।

প্রতিষ্ঠাতা বনাম পরিচালনা পর্ষদ বিতর্ক ও পাল্টা মত

এই ঘটনা সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠাতাদের সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের (বোর্ড) দ্বন্দ্বের পুরোনো বিতর্ককে আবারও উসকে দিয়েছে। বিনিয়োগকারী এলাদ গিল ২০২৩ সালে ওপেনএআই (OpenAI) থেকে স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়া এবং পরবর্তীতে ফিরিয়ে আনার উদাহরণ টেনে প্রতিষ্ঠাতাদের সতর্ক থাকতে বলেছেন। উবারের সাবেক সিইও ট্র্যাভিস কালানিক এবং টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভও হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি হুয়াংকে ফেরানোর দাবির তীব্র বিরোধিতা করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আমেরিকার সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোম্পানির প্রধানের খুব কাছে একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দা পৌঁছে গিয়েছিলেন। সব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো দায়িত্বশীল বোর্ড সদস্য তাকে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিতে পারেন না। মেধা কখনো জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে হতে পারে না।" সূত্র: আল জাজিরা / ফিন্যান্সিয়াল টাইমস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%