০৫:৩৫ পি.এম
তরুণ প্রজন্মের গণমাধ্যম ও সাংবাদিকতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদান করতে একটি বিশেষ জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটি সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরে ‘আমরা নারী’ কর্তৃক আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা, যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
‘Educational Visit, Exclusive Knowledge-Sharing Session & Skill Development Experiential Learning Initiative’ শীর্ষক এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সংযোগ স্থাপন করা এবং গণযোগাযোগ ও সরকারি প্রচার কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদান করা।
আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। পরে সমাপনী পর্বে তিনি শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, "পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।"
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। জ্ঞান বিনিময় পর্বে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। তারা অধিদপ্তরের কার্যক্রম, সরকারি প্রচার, জনসচেতনতা সৃষ্টি, কারিগরি সক্ষমতা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক সুমাইয়া জাহিদ একাডেমিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেন। তিনি সাংবাদিকতা শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ
‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ।" তিনি তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক, দক্ষ পেশাজীবী এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "টেকসই উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করাই সংগঠনটির মূল দর্শন।" বিশেষ করে ১৪ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও শিক্ষার্থীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি মানবিক, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এ ধরনের শিক্ষাসফর ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা কার্যকর ভূমিকা রাখে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, সরকারি প্রচার ও জনসচেতনতামূলক উদ্যোগ, গণমাধ্যমের দায়িত্ব এবং কারিগরি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত আলোচনা আয়োজনটিকে আরও কার্যকর করে তোলে।
আরও পড়ুন: যশোর বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪২ হাজার ৫৬ শিক্ষার্থী অংশ নেবে
আয়োজকরা মনে করেন, তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা এবং এর পরিধি সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে ‘আমরা নারী’।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন