ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজয়নগরে সবুজ পাতার ফাঁকে-থোকায় ঝুলছে রসালো কমলা


বিজয়নগরে সবুজ পাতার ফাঁকে-থোকায় ঝুলছে রসালো কমলা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে চাষীরা বর্তমানে বাণিজ্যিকভাবে “দার্জিলিং” ও “চায়না” জাতের কমলা চাষে নিয়োজিত রয়েছেন। অল্প পুঁজির বিনিয়োগে অধিক লাভ এবং রোগবালাইয়ের তুলনামূলক কম উপস্থিতির কারণে দিন দিন কমলা বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাইকাররা সরাসরি বাগান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন।

শীতকাল আসার সাথে সাথে বিজয়নগরের লালমাটির টিলা ও সমতল বাগানগুলো এখন অপরূপ সাজে সজ্জিত হয়েছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় রসালো কমলা।

এক সময় যে ফলটিকে সিলেট, মৌলভীবাজার কিংবা বিদেশি আমদানির উপর নির্ভরশীল মনে করা হতো, এখন সেই কমলাই বিজয়নগরের মাটিতে ব্যাপক আকারে ফলছে। রসে ভরপুর ও মিষ্টতায় অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যে সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, কৃষকের ন্যায্যমূল্য নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মৌসুমী ফলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন ও মাল্টা চাষের জন্য বিখ্যাত।

গত কয়েক বছরে বানিজ্যিকভাবে কমলা চাষ শুরু হয়েছে। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাইয়ের তুলনামূলক কম উপস্থিতির কারণে কমলা বাগানের সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভ্রমণপিয়াসুরা কমলা বাগান দেখতে আসছেন এবং সেখান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন।

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সফল কমলা চাষী মোঃ খোকন মিয়া বলেন, তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করেছেন। ২০১৪ সালে দেশে ফিরে এসে ২০২১ সালে ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করেন। প্রথম দিকে কমলার চারা রোপণ করতে দেখে প্রতিবেশীরা হাসাহাসি করেছিল এবং ঠাট্টা-মজা করতো। তিনি জানান, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বাগানে জৈব সার ব্যবহার এবং সঠিক পরিচর্যা করার ফলে তৃতীয় বছর থেকেই গাছে কমলা ধরতে শুরু করে। বর্তমানে প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। তিনি আশা প্রকাশ করেন, এবারে কমলা বিক্রি করে ৪ লাখ টাকা লাভ হবে।

এদিকে, প্রতিদিন শহর ও দূর-দূরান্ত থেকে ভ্রমণপিয়াসুরা দল বেঁধে কমলার বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসছেন। অনেকে বাগান ঘুরে নিজ হাতে তাজা কমলা পেড়ে কিনে নিচ্ছেন।

আরও পড়ুন: উত্তরাঞ্চলের জলপাইয়ের বড় পাইকারি বাজার ধাপেরহাট

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগরের খোকন মিয়ার কমলা বাগানে ঘুরতে যাওয়া সামিয়া জামান সুমি বলেন, "ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে বিশ্বাসই হচ্ছিল না যে আমাদের জেলার মাটিতে এত সুন্দর কমলা চাষ হয়। বাগানে এসে গাছ ভর্তি থোকায় থোকায় কমলা দেখে মন ভরে গেল।"

আরেক দর্শনার্থী শামীম বলেন, "বিজয়নগর এলাকাটার সুন্দর পরিবেশ মন ভালো করার মতো। কমলা বাগানে এসে খুব ভালো লেগেছে। বাড়ির সবার জন্য কমলা কিনে নিয়ে যাচ্ছি।"

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন জানান, বিজয়নগরের লাল মাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল যেমন, মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তিনি বলেন, "আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, ডাল ছাঁটাই এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি।" চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এভাবে চাষ সম্প্রসারিত হতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে।

আরও পড়ুন: কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা রোধে ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ সোনালী ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


প্রতারণা রোধে ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ সোনালী ব্যাংকের

সোনালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনে প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনা প্রতিরোধের জন্য সোনালী ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে। ব্যাংক কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে যে, ই-ওয়ালেটের অ্যাপের পিন, পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্য কারও সঙ্গে শেয়ার না করার জন্য ব্যবহারকারীদের আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিলেটের কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ব্যাংকের সকল গ্রাহকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, সিলেটের ওই গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাংককে দায়ী করে বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ওই গ্রাহক দাবি করেছিলেন, তিনি সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন করেননি।

তবে তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, তার মোবাইল ফোনে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহৃত হচ্ছিল। একই মোবাইল ফোনটি পরিবারের অন্যান্য সদস্যরাও ব্যবহার করতেন। ওই ফোনে থাকা ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে একাধিক লেনদেন করে বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান বলেন, "ব্যাংকের যেকোনো ডিজিটাল সেবা চালুর ক্ষেত্রে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক স্তরের ব্যবস্থা রাখা হয়।" ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মাল্টিলেয়ার ভেরিফিকেশন নিশ্চিত করা হয়, ফলে একজনের ই-ওয়ালেট ব্যবহার করে অন্যজনের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ই-ওয়ালেট অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, লেনদেনের পিন এবং যেকোনো ওটিপি বা এসএমএসের তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এসব গোপন তথ্য অন্যের হাতে চলে গেলে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাহককেই মূল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সোনালী ব্যাংক সব শ্রেণির গ্রাহকের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংক কর্তৃপক্ষের মতে, ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নিজস্ব মোবাইল ফোন ব্যবহার, অ্যাপের গোপন তথ্য সংরক্ষণ এবং লেনদেনের বার্তা সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে পরিবারের অন্য সদস্য বা পরিচিত ব্যক্তির সঙ্গে একই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ই-ওয়ালেটের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি সম্পন্ন হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় প্রদান করবেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রামিসার বাবা পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় তার পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনও একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আসামি স্বপ্নাকে গ্রেফতার করে। সোহেল রানাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয়।

রামিসার বাবা পল্লবী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। একই দিনে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন, যার ফলে একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।

৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় প্রদান করেন। রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যুর আগ পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার আওতায় হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে।

এছাড়া, আসামি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারকে প্রদান করতে বলা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধ না করলে কালেক্টরেট অফিসকে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রামিসার আইনগত উত্তরাধিকারীদের অর্থ প্রদান করা যায়। হত্যাকাণ্ডের ১৯ দিন পর এ মামলার রায় ঘোষণা করা হয়।

এরপর রামিসা হত্যার ঘটনায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে পৌঁছায়। এরপর দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করেছেন। তাঁর গোলের মাধ্যমে রোববার তুরস্ককে ২-১ ব্যবধানে পরাজিত করে ফ্রান্স উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

গ্রুপ ‘এ১’-এর শেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ফ্রান্সের প্রয়োজন ছিল মাত্র একটি পয়েন্ট। বোর্দোতে বিরতির পরপরই এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে তারা এগিয়ে যায়।

ম্যাচের এক ঘণ্টা অতিক্রম করার পর ব্র্যাডলি বারকোলার পরিবর্তে মাঠে নামেন বোর্নমাউথের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ক্রুপি। রায়ান শেরকির পাস থেকে গোল করে ফ্রান্সের ব্যবধান ২-০ করেন তিনি। শেষ মুহূর্তে তুরস্কের হয়ে একটি গোল শোধ করেন আবদুলকেরিম বারদাকচি।

ম্যাচ শেষে ক্রুপি মন্তব্য করেন, ‘প্রথমে ভেবেছিলাম আমি অফসাইডে ছিলাম। কিন্তু যখন দেখলাম গোলটি বৈধ হয়েছে, তখন অনুভূতিটা ছিল অসাধারণ।’

চোটের কারণে মৌসুমের প্রথম দুই মাস মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড আরও বলেন, ‘অবশ্যই চোটের কথা আমার মনে পড়ছিল। আশা করি, সেই কঠিন সময় পেছনে ফেলে এসেছি এবং এখন সামনে এগিয়ে যেতে পারব।’

এই জয়ের মাধ্যমে বৃহস্পতিবার ইতালির মাঠে ৩-১ গোলে হারের ধাক্কা কাটিয়ে উঠেছে জিনেদিন জিদানের ফ্রান্স। তারা ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শেষ করেছে। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

জিদান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে ওঠা, সম্ভব হলে গ্রুপের শীর্ষে থেকে। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। তবে দলের পারফরম্যান্স নিয়ে আমি কিছুটা দ্বিধায় ছিলাম।’

তিনি আরও বলেন, ‘বিরতির সময় আমরা কিছু বিষয় সংশোধন করেছি। বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। তবে এখনো কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

গত বছরের ব্যালন ডি’অরজয়ী সসমান দেম্বেলেসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে ভুগছে ফ্রান্স।

তবে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ফিরেছেন। গত সেপ্টেম্বরে জিদানের অভিষেক ম্যাচে তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল করার পর ফ্রান্সের হয়ে শেষ চার ম্যাচে তিনি খেলেননি।

রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার সম্পর্কে জিদান মন্তব্য করেন, ‘আজ যতগুলো গোলের সুযোগ সে পেয়েছে, তাতে আমার মনে হয় হ্যাটট্রিক করাই তার প্রাপ্য ছিল। বল ছাড়া তার খেলাও আমার ভালো লেগেছে। অধিনায়কের দায়িত্ব সে অসাধারণভাবে পালন করেছে।’

জিদানের জন্য ম্যাচটির বিশেষ তাৎপর্য ছিল। ১৯৯০-এর দশকে বোর্দোতে খেলেই ফুটবলার হিসেবে পরিচিতি পান তিনি। পরে জুভেন্টাসে যোগ দেন এবং ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই শহরে তাঁর প্রত্যাবর্তন ম্লান করে দেওয়ার উপক্রম করেছিলেন তুরস্কের গোলরক্ষক বেরকে ওজের। একের পর এক দারুণ সেভ করে ফ্রান্সকে হতাশ করেন তিনি।

তবে ৪৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে আদ্রিয়েন রাবিওর বাড়িয়ে দেওয়া বল বেসিকতাসের ডিফেন্ডার তোপচুর গায়ে লেগে জালে ঢোকে।

গত সপ্তাহের শুরুতে মার্কাস থুরাম চোটের কারণে দল থেকে ছিটকে গেলে শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পান গত মৌসুমে বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে ১৩ গোল করা ক্রুপি।

ইতালির বিপক্ষে বদলি হিসেবে নেমে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর ৮০ মিনিটে শেরকির সঙ্গে দারুণ সমন্বয়ে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন ক্রুপি।

শেষ পর্যন্ত ওই গোলটিই জয়ের ব্যবধান গড়ে দেয়। ৯০ মিনিটে বারদাকচি তুরস্কের হয়ে একটি গোল করলেও হার এড়াতে পারেনি দলটি। ছয় ম্যাচের সবকটিতেই হেরে গ্রুপ পর্ব শেষ করেছে তুরস্ক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় সাংবাদিক হত্যার চেষ্টা: ৪৮ ঘণ্টার আল্টিমেটামসহ মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ফতুল্লায় সাংবাদিক হত্যার চেষ্টা: ৪৮ ঘণ্টার আল্টিমেটামসহ মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা হওয়ার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে মহড়া দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সঞ্চালনা করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টুয়েন্টি ফোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিংকন, এবং দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফরিদ আহম্মেদ বাধন।

সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার তিন দিন পার হলেও হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। বক্তারা বলেন, "প্রতিদিনই আমরা দেখি কোথাও না কোথাও অভিযান চালিয়ে 'সিংহামে'র নির্দেশে ৪০ থেকে ৫০ কখনো ১ থেকে দেড়শো জনকে গ্রেফতার করা হচ্ছে।" কিন্তু সাংবাদিকদের ঘটনার সাথে জড়িত গুটিকয়েক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তারা গ্রেফতার করতে পারছে না। বক্তারা পুলিশের ব্যর্থতাকে দায়ী করে বলেন, "আপনার কোথায় কার সাথে মিলিত হচ্ছেন, কি করছেন তা আমাদের জানা আছে।" বক্তারা সরকারদলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, "যারাই তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন আমরা তাও জানি।" বক্তারা আল আমিন প্রধানের ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। তারা বলেন, "যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হন, তাহলে জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।"

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল্লা রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়নগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল, রাকিব চৌধুরী শিশির, সেলিম হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ১০-১২ জনের একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সাংবাদিক আল আমিন প্রধান অভিযোগ করেছেন যে, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ডাকাডাকি করা হয়েছে এবং যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। পরপর দুই দিনের এসব ঘটনার পর তিনি ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডিটি করেন আল আমিন প্রধান।

এদিকে, শুক্রবার রাতে ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধান ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তাঁর কার্যালয়ে একটি সালিশ চলছিল। এ সময় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫-৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।

ওই ঘটনার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয়। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তাঁর নাম ধরে ডাকাডাকি করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা।

পরে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। আল আমিনের ভাষ্য অনুযায়ী, অভিযোগ শোনার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, সাংবাদিক আল আমিন প্রধানের ওপর ধারাবাহিক দুই দিনের ঘটনার কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%