০৯:৫৭ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, দিনমজুরসহ সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। তবে, বারবার আবেদন করার পরও ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে একটি ছোট খাল রয়েছে। এই খালটি বিলেরপাড় গ্রামকে বিভক্ত করে রেখেছে এবং এর কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। খালের দুই পাশে রাস্তা রয়েছে, যা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম এবং কুতুবের চর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় খালটিতে পানি জমে থাকার কারণে বিভিন্ন পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এই খাল পার হতে হয়। বর্ষায় নৌকা এবং শুকনো মৌসুমে ধান ক্ষেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। ব্রিজের অভাবে প্রায় তিন কিলোমিটার ঘুরে বাড়িতে ফসল নিয়ে আসতে হয়। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের অটো চালক, মোটরসাইকেল চালক এবং ব্যবসায়ীদেরও ৩ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি।
গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে, ৫৬ বছর ধরে এই এলাকার মানুষ একটি ব্রিজের জন্য অপেক্ষা করছে।
আরও পড়ুন: শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে ২০ লাখ টাকার চুরি, ৪ জন গ্রেফতার
স্থানীয়দের দাবি, এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে জনভোগান্তি কমবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি হবে। পাশাপাশি, এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। তাই, বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
বিলেরপাড় গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, "আমাদের সকল আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।"
এই গ্রামের ছাত্তার মিয়া বলেন, "জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।"
পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, "এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোন উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি।"
আরও পড়ুন: যশোর বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪২ হাজার ৫৬ শিক্ষার্থী অংশ নেবে
এ ব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, "খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন