ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?


কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

চীনা গুপ্তচর সন্দেহভাজন এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা তার এই আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না। সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা, যার মধ্যে ইলন মাস্কও রয়েছেন, এখন হুয়াংকে ফিরিয়ে আনার জন্য জোর প্রচারণা শুরু করেছেন। তাদের উদ্বেগ, হুয়াংয়ের অনুপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলো হুমকির মুখে পড়বে।

১৯৯৩ সালে জেনসেন হুয়াংয়ের প্রতিষ্ঠিত এনভিডিয়া বর্তমানে এআই চিপ তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির লড়াইয়ে এই প্রতিষ্ঠানকে প্রধান হাতিয়ার হিসেবে ধরা হয়। হুয়াংয়ের পদত্যাগের পর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়া এবং এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কে কী বলছেন?

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

বিশ্বের শীর্ষ ধনী ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হুয়াংয়ের ব্যবসায়িক দূরদর্শিতার প্রশংসা করেছেন। মাস্ক সতর্ক করে বলেছেন, "এনভিডিয়ার সাপ্লাই চেইন জেনসেন অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। এর অনেক চুক্তিই লিখিত নথির চেয়ে জেনসেনের ব্যক্তিগত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ছিল। তাকে ছাড়া এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর অনেকগুলোই হাতছাড়া হয়ে যাবে।"

বিনিয়োগ প্রতিষ্ঠান অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রেইডস ম্যানেজমেন্টের সিইও গ্যাভিন বেকার এনভিডিয়া বোর্ডের কাছে লেখা এক খোলা চিঠিতে হুয়াংকে একজন 'অসাধারণ নেতা' হিসেবে অভিহিত করেছেন। তারা তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে বিষয়টি তদন্ত করার এবং হুয়াংকে ফিরিয়ে আনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ প্রচারণা

জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ (Stand With Jensen) শিরোনামে একটি খোলা চিঠি ও অনলাইন পিটিশন চালু করা হয়েছে। এতে ইলন মাস্ক ছাড়াও ওয়াই কম্বিনেটরের সিইও গ্যারি ট্যান এবং ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ চেনসহ ডজনখানেক শীর্ষ প্রযুক্তি নেতা স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ এতে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

চিঠিতে অভিযোগ করা হয়েছে, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুয়াংকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারী যে আসলেই চীনা গুপ্তচর, তার কোনো অকাট্য প্রমাণ বোর্ড দেখাতে পারেনি। ৩৩ বছরের নেতৃত্ব কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখে না ঠিকই, তবে ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এনভিডিয়ার অনেক কর্মীও হুয়াংয়ের প্রতি সংহতি জানিয়েছেন। ড্যারেল দাই নামের এক রোবোটিক্স ইঞ্জিনিয়ার লিংকডইনে পোস্ট দিয়ে হুয়াংয়ের বিদায়ের প্রতিবাদে নিজেও চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

হুয়াংয়ের পরবর্তী পদক্ষেপ ও জাতীয় নিরাপত্তা ইস্যু

জেনসেন হুয়াং ঘনিষ্ঠ মহলের সঙ্গে পুনরায় এনভিডিয়ায় ফেরার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার মিত্ররা হোয়াইট হাউসের সমর্থন আদায় এবং বোর্ডের ওপর চাপ সৃষ্টি করতে একটি ‘ওয়ার রুম’ গঠন করেছেন। অন্যদিকে, এনভিডিয়া বোর্ড সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্রিটিশ চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের (Arm Holdings) সিইও রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সৌদি বাহিনীর চিফ অব স্টাফ ফাহদ আল-সালমানকে অব্যাহতি

তবে হুয়াংয়ের ফেরার পথটি মোটেও সহজ নয়। চীনের কাছে উন্নত চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। হুয়াংয়ের এই কথিত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কংগ্রেসের অন্তত দুটি কমিটি হুয়াং এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে। এ ছাড়া চীনের সঙ্গে এআই প্রতিযোগিতার মাঝে এনভিডিয়ার চুক্তিগুলো যথাযথভাবে তদারকি না করার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও সমালোচনার মুখে পড়েছে।

প্রতিষ্ঠাতা বনাম পরিচালনা পর্ষদ বিতর্ক ও পাল্টা মত

এই ঘটনা সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠাতাদের সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের (বোর্ড) দ্বন্দ্বের পুরোনো বিতর্ককে আবারও উসকে দিয়েছে। বিনিয়োগকারী এলাদ গিল ২০২৩ সালে ওপেনএআই (OpenAI) থেকে স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়া এবং পরবর্তীতে ফিরিয়ে আনার উদাহরণ টেনে প্রতিষ্ঠাতাদের সতর্ক থাকতে বলেছেন। উবারের সাবেক সিইও ট্র্যাভিস কালানিক এবং টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভও হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি হুয়াংকে ফেরানোর দাবির তীব্র বিরোধিতা করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আমেরিকার সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোম্পানির প্রধানের খুব কাছে একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দা পৌঁছে গিয়েছিলেন। সব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো দায়িত্বশীল বোর্ড সদস্য তাকে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিতে পারেন না। মেধা কখনো জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে হতে পারে না।" সূত্র: আল জাজিরা / ফিন্যান্সিয়াল টাইমস।

আরও পড়ুন: দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

ডেভিড ওয়ার্নারকে উসমান খাজা স্যান্ডপেপার কাণ্ড নিয়ে কী বলবেন, তা মাত্র দুই মাস আগে জানিয়ে দিয়েছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ঘটে যাওয়া ঘটনাটি প্রকাশ করার প্রতিশ্রুতি তিনি ২০২০ সালেই দিয়েছিলেন। তবে খাজার মতে, ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার বিষয়টি প্রকাশের উদ্যোগে বিস্মিত হয়েছিলেন।

সোমবার প্রকাশিত একটি পডকাস্টে এসব তথ্য শেয়ার করেছেন খাজা। পডকাস্টটি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গত শুক্রবারের সংবাদ সম্মেলনের আগেই রেকর্ড করা হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সম্পর্কে সবাই জানতেন, এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। পডকাস্টে খাজা স্বীকার করেছেন, বর্তমানে খেলছেন এমন কয়েকজনের জন্য তাঁর প্রকাশিত তথ্যের কিছু ‘মূল্য’ দিতে হতে পারে।

ওয়ার্নার খাজার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। সাবেক পেসার চ্যাড সেয়ার্সও রোববার একই অবস্থান প্রকাশ করেছেন। তাঁর মতে, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে সবাই অবগত ছিলেন।

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। ওই তদন্তে তাঁকে, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তে বলা হয়েছিল, পরিকল্পনার বিষয়ে শুধুমাত্র এই তিনজনই জানতেন।

খাজার বইয়ে কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা আগে জানা যায়নি। সেয়ার্স এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দ্বিতীয় দিনের এক সেশনে তিনি মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নিয়েছিলেন। ওই সেশনে রিভার্স সুইংয়ের সহায়তায় দক্ষিণ আফ্রিকা ২৮ রানে চার উইকেট হারিয়েছিল।

‘উই ইউজড টু বি’ পডকাস্টে খাজা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ওকে (ওয়ার্নার) প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ, আট বছর ধরে তাকে এই বিষয়টির বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার বইয়ে কী আছে, তা দুই মাস আগে পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে জানাইনি। অপেক্ষা করেছি, অপেক্ষা করেই গেছি। একদিকে, চাইনি বিষয়টি ফাঁস হয়ে যাক, ক্রিকেটে কোনো কিছুই গোপন থাকে না।’

‘তাছাড়া খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছিল। তারা সেখানে থাকা অবস্থায় বিষয়টি প্রকাশ করতে চাইনি। তাই বারবার পিছিয়ে দিয়েছি। এরপর মনে হলো, না, আমার বই প্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এখন ওকে জানানো দরকার।’

শৈশব থেকেই একে অপরের বন্ধু ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ২০২৪ সালের ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট করতে নামার আগে দুজনকে আলিঙ্গন করতে দেখা যায়।

এ বিষয়ে খাজা বলেন, ‘২০২০ সালে আমি তাকে একটি খুদে বার্তা পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত এমন একটা সময় গেছে, যখন আমরা বিষয়টি নিয়ে আলোচনাই করিনি। খুব কমই কথা হয়েছে। ২০২০ সালে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি রেখেছি। দুই মাস আগে তাকে বার্তা পাঠানোর সময়ও সে জানত না যে আমি বই লিখছি। বিষয়টি শুনে সে খুব অবাক হয়েছিল। এরপর থেকেই আমাদের কথা শুরু হয় এবং আমরা আলোচনা চালিয়ে যাই।’

নিজের প্রকাশিত তথ্যের প্রতিক্রিয়া নিয়ে খাজা বলেন, ‘আমার মনে হয়েছে, ওই তিনজনের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল। তাই আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। তবে এখনো দলে খেলছেন এমন আরও কয়েকজনের জন্য হয়তো এর কিছু মূল্য দিতে হতে পারে। বিষয়টি সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে আপনি যা-ই করুন, তার একটা মূল্য থাকেই। গত তিন দিনে আমার পরিবারকেও এর মূল্য দিতে হয়েছে।’

‘তবে আমি নিজেকে এখানে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছি না। কারণ, কী পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি, তা আমি জানতাম। কী আসতে পারে, সেটাও বুঝেছিলাম। শুধু ভাবিনি, বিষয়টি এতটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে।’

দক্ষিণ আফ্রিকার ঘটনার দায় পুরো দলের সম্মিলিতভাবে নেওয়া উচিত ছিল, এই অবস্থান আবারও তুলে ধরেছেন খাজা। বইয়ে তিনি লিখেছেন, ড্রেসিংরুমে এক বক্তব্যে পুরো দলকে একসঙ্গে দায় স্বীকার করার আহ্বান জানিয়েছিলেন। তবে নাম প্রকাশ না করা দুজন খেলোয়াড় তাঁর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

গত সপ্তাহের সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, খাজার ওই বক্তব্যের কথা তাঁর মনে নেই। তবে সেয়ার্স জানিয়েছেন, পরবর্তী করণীয় নিয়ে দলের ৬০ থেকে ৯০ মিনিটের একটি বৈঠকের কথা তাঁর মনে আছে। খাজার অবস্থান সমর্থন না করা দুই খেলোয়াড়ের ব্যাপারে তাঁর ‘অস্পষ্ট’ স্মৃতি রয়েছে বলেও জানান সেয়ার্স। তবে তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

খাজা বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের এই বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার মনে হয় না, তারা কখনো এই বিষয়টির নিষ্পত্তি খুঁজে পেত, যদি না মনে করত যে এই বোঝা ভাগ করে নেওয়ার সুযোগ আছে। আমার ব্যক্তিগত মত হলো, দল হিসেবে আমাদের সেটাই করা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে বলতে আসিনি যে অমুক এটা করেছে বা অন্য কেউ ওটা করেছে, কিংবা কে কী জানত। বিষয়টি ছিল আমরা সব সময় একটি দল। আগেও বলেছি, দল হিসেবে আমরা জিতি, দল হিসেবে হারি। দায়ও নিতে হবে দল হিসেবে। সত্যিকার অর্থে যদি আমরা সেটা করতে পারি, যদি সেই সুযোগ থাকে, তাহলে চিরতরে বিষয়টির ইতি টেনে সামনে এগিয়ে যেতে পারব।’

‘কিন্তু আমার মনে হয়, আমরা কখনো তা করিনি। এ কারণেই বিষয়টি বারবার ফিরে আসছে। একের পর এক জল্পনা-কল্পনা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সোমবার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। সকালে শ্রমিকরা কাশিমপুর সড়ক অবরোধ করে ফেললে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর শ্রমিকরা ছুটাছুটি করে ওই সড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে অবস্থিত পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় সকাল থেকে মহাসড়ক অবরোধ করে কোথাও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়নি।

তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং টহল দিতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%