০২:০৫ পি.এম
লস অ্যাঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালন করা হয়েছে।
এই দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে কনস্যুলেটের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস এবং পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরতে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়
আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের ওপর আলোকপাত করেন। বক্তারা বিগত সরকারের শাসনামলে সংঘটিত বিভিন্ন অন্যায়-অবিচার ও দুর্নীতির বিচারে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের সামগ্রিক উন্নয়নে তার উদ্যোগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থানের কথাও তুলে ধরেন।
কনসাল জেনারেল বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য অপরিহার্য। তিনি 'সবার আগে বাংলাদেশ' নীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের আরও উন্নত ও সহজলভ্য কনস্যুলার সেবা প্রদানের অঙ্গীকারও ব্যক্ত করেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন