প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবসটি র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং র্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এর পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে আসে।
আলোচনা সভাটি সদরপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আলোচনা সভায় উল্লেখ করেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত পুঁজি, শ্রম ও মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি সামাজিক কল্যাণেও অবদান রাখতে সক্ষম। যদিও দেশে কৃষিভিত্তিক সমবায় সংগঠনের সংখ্যা বেশি, তবে অন্যান্য খাতে কার্যকর সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
বক্তারা আরও বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও কার্যকর করার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা আবশ্যক। যদি এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিকায়ন করা যায়, তবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
আলোচনা সভার শেষে সদরপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন