প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গতি ফিরে এসেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) দায়রা আদালতে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই সংখ্যা আগের পূর্ণ বছরের পরিসংখ্যানকেও অতিক্রম করেছে। পাশাপাশি, দেওয়ানি মামলার নিষ্পত্তির হার রেকর্ড ১৫৫.৪ শতাংশে পৌঁছেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশিত হয়।
জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা প্রদান করা হয়। ওই বছরে ২৩ জনকে যাবজ্জীবন এবং ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসে ৮০০টি মামলায় সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৬ জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন।
মাদক সংক্রান্ত মামলার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলায় ৫৮টি সাজা হয়েছিল এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ১০৭টি মাদক মামলায় সাজা প্রদান করা হয়েছে, যার মধ্যে ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেওয়ানি মামলার বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০২৫ সালে নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ। ওই সময় দায়ের করা মামলার সংখ্যা ছিল ৭,৩৫১টি এবং নিষ্পত্তি হয়েছে ৬,১০৭টি। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪,৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে ৬,৮২২টি মামলা নিষ্পত্তি হয়েছে। ফলে দেওয়ানি মামলার নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশ এবং বিচারাধীন মামলার সংখ্যা ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।
এছাড়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা জট কমাতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এই আদালতে ১০,৫৪০টি মামলা নিষ্পত্তি হয়েছিল। তবে বছরের শুরুতেই বিচারাধীন মামলা, নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে ৪৮ হাজার ৫৫৭টি মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মামলার জট কমিয়ে দ্রুত বিচার প্রার্থীদের সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, পিপি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হকসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিচার প্রার্থীদের দীর্ঘসূত্রিতা কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে আগামীতেও এই গতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন