০২:১৪ পি.এম
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা—যাদের নিয়ে ভক্ত ও দর্শকদের আগ্রহ কখনোই কমেনি। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন গুঞ্জন, ব্যাংক ঋণের নোটিশ এবং কারখানার পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই সময়ে বর্ষা, যিনি ঢালিউডের একজন অভিনেত্রী, স্বামীর পাশে শক্তভাবে দাঁড়ালেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বর্ষা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেন। সেখানে তিনি ভক্তদের প্রতি ভালোবাসার প্রতিদান জানানোর পাশাপাশি স্বামী ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পোস্টের শুরুতে বর্ষা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
তিনি আরও উল্লেখ করেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’
জীবনের কঠিন বাস্তবতাকে সুন্দরভাবে মেনে নিয়ে বর্ষা বলেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’
পোস্টের শেষের দিকে বর্ষা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি সবার কাছে তার পরিবারের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’
এদিকে, গত কয়েক দিন ধরে মিডিয়ায় ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিভিন্ন ব্যবসায়িক সংকট নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর সামনে আসার পর গুঞ্জন শুরু হয়।
আরও পড়ুন: ৪২ বছরে প্রথম সন্তানের মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন
এ অবস্থায় বর্ষা তার স্বামীর কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা ও দোয়া কামনা করে পাশে দাঁড়ালেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন