০২:১৫ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটি ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা অপরিহার্য।
মন্ত্রী বলেন, জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডে একটি ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে উন্নত দেশগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত, পূর্বাভাসযোগ্য ও সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য এমন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, যা তাদের ওপর ঋণের বাড়তি বোঝা সৃষ্টি করবে না।
আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব
মন্ত্রী আরও বলেন, জলবায়ু বিষয়ক কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে জীবিকা রক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
ঢাকায় প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার আন্তালিয়ায় ৩১তম কনফারেন্স অফ দ্য পার্টিজ (কপ৩১) -এর ব্লু জোনে ‘জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ‘জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি থেকে শোভন কর্মসংস্থান : সবার জন্য ন্যায়সংগত রূপান্তর এগিয়ে নেওয়া’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখার সময় মন্ত্রী এসব কথা বলেন।
মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ‘ন্যায্য রূপান্তর’ বলতে কেবল স্বল্প-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াই বোঝায় না, বরং এর পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা রক্ষা করা, জলবায়ু সহনশীলতা জোরদার করা এবং পরিবেশগতভাবে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকেও বোঝায়।
আরও পড়ুন: ডিএসইতে গত সপ্তাহে লেনদেন ২৬ শতাংশ বেড়ে, ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বৃদ্ধি
এ প্রক্রিয়ায় কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা যাবে না বলে তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ তার জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায়সংগত রূপান্তরবিষয়ক একটি পৃথক ও ব্যয় নির্ধারিত অধ্যায় অন্তর্ভুক্ত করেছে।
সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় অধ্যায়টি প্রণয়ন করা হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু কার্যক্রমের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিত করা।
মিন্টু বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?
এ লক্ষ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি খাতে পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া কৃষি, মৎস্য, গ্রামীণ কর্মসংস্থান ও জলবায়ু সহনশীলতা জোরদারে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় ‘অবিলম্বে ও বাধাহীন’ ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে ইইউর আহ্বান
মন্ত্রী বলেন, ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমিক, নিয়োগকর্তা, নারী, যুবসমাজ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের মতো খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থায় রূপান্তর সহজ করতে সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: হরমুজে ইরান আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে
তিনি বলেন, এ ধরনের রূপান্তরের ফলে বিদ্যমান কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
মিন্টু বলেন, বাংলাদেশ প্যারিস চুক্তির অধীন পক্ষগুলোর সম্মেলন (সিএমএ)-এর নির্দেশনায় দেশভিত্তিক চাহিদা ও অনুরোধের ভিত্তিতে একটি ন্যায়সংগত রূপান্তর প্রক্রিয়া (জাস্ট ট্রানজিশন মেকানিজম) প্রতিষ্ঠার পক্ষে।
এ প্রক্রিয়ায় স্বল্পোন্নত ও জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে বিশেষ অগ্রাধিকার দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকারগুলোকে এমন বাস্তব কার্যক্রমে রূপান্তরের ওপরও গুরুত্বারোপ করেন, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিমাপযোগ্য সুফল বয়ে আনবে।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ১৮ মুসলিম দেশের
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় কমিশন যৌথভাবে আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা (আইওই), আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইএলওর পলিসি কোহেরেন্স হাবের পরিচালক মুস্তাফা কামাল গুইয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা সঞ্চালনা করেন।
এতে কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিতিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহেলদিন, আদিবাসী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থার নির্বাহী পরিচালক জোয়ান কার্লিং এবং নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন