ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ, আবেদন করবেন যেভাবে


কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ, আবেদন করবেন যেভাবে

কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন—এমন দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) নামক গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগটি পরীক্ষামূলক কর্মসূচি থেকে স্থায়ী কর্মসূচিতে রূপান্তরিত হতে যাচ্ছে। নতুন এই কর্মসূচি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে।

কানাডা সরকার এই কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর উদ্দেশ্য হলো দেশের বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ করা এবং স্থানীয় শ্রমবাজারের কর্মীসংকট পূরণ করা।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানায়, এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত এলাকার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পাবেন। যোগ্য কর্মীরা এসব এলাকায় চাকরির প্রস্তাব পেলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সৌদি আরব ৯ হাজার ৫৮৯ প্রবাসীকে দেশে ফেরত পাঠালো

যেসব এলাকায় কাজের সুযোগ

নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আগের পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড রয়েছে। অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব এলাকায় অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে যোগ্য বিদেশি কর্মীরা কর্মসূচিটির আওতায় আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য যেসব যোগ্যতা লাগবে

আরও পড়ুন: মার্কিন রাজ্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে ৪ বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী

এই কর্মসূচিতে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।

এছাড়া আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণও দিতে হবে।

ভাষাগত দক্ষতার শর্ত চাকরির ধরন অনুযায়ী আলাদা। যেমন—

- টিইইআর ০ ও ১ পর্যায়ের ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য সিএলবি ৬।

আরও পড়ুন: নিয়োগের নামে ভুয়া অনলাইন ফরম নিয়ে বিমানের সতর্কবার্তা

- টিইইআর ২ ও ৩ পর্যায়ের চাকরির জন্য সিএলবি ৫।

- টিইইআর ৪ ও ৫ পর্যায়ের চাকরির জন্য সিএলবি ৪।

বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।

যেভাবে আবেদন করবেন

আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

এ কর্মসূচিতে আবেদন করতে আগ্রহীদের প্রথমে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে।

আবেদনের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে—

১. নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে উপযুক্ত চাকরি খুঁজতে হবে।

২. সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।

আরও পড়ুন: সৌদি কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছালো

৩. নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কমিউনিটির কাছে সুপারিশের আবেদন করবেন।

৪. কমিউনিটির সুপারিশ বা অনুমোদন পাওয়ার পর আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। চাকরিটিও স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।

২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে পিআরের লক্ষ্য

আরও পড়ুন: মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বড় শহরের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীদের বসতি গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের ‘রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট’ কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০ জনের বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।

অন্যদিকে, বর্তমান আরসিআইপি পরীক্ষামূলক কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদন পেয়েছেন। এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।

পুরোনো কর্মসূচির আবেদনকারীদের কী হবে?

বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এ কর্মসূচির আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চলবে।

যাদের কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

কানাডার এ উদ্যোগে গ্রামীণ ও ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়বে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা ও অভিবাসনের শর্তগুলো যাচাই করে নেওয়া জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানার ওসি বদলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ডিএমপির যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানার ওসি বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী এবং শেরে বাংলা নগর থানার ওসি পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি, ডিবির দুই বিভাগের দুই কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগে বদলি করা হয়েছে এবং শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়া, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরে বাংলা নগর থানার ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


রাজশাহীতে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ সদস্য আটক

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ তিন সদস্যকে আটক করেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এই অভিযানটি উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পরিচালিত হয়, যেখানে আটককৃতদের ধরা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন: উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার হরিাগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪), এবং দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

পুলিশের সূত্রে জানা যায়, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে মিছিলের আয়োজন করছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে দুই লাখের বেশি মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে দুই লাখের বেশি মানুষের বিক্ষোভ

নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশাল একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবি জানানো হয়েছে। আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্যমতে, রোববারের এই কর্মসূচিতে দুই লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।

‘রেড লাইন’ নামের এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই লাল পোশাক পরিধান করেছিলেন। তাদের দাবি, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এছাড়া, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা, কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা মিছিল করে আমস্টারডামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের মুখে শোনা যায় ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান।

বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বার্তা সংস্থা এপিকে জানান, গাজায় যা ঘটছে তা অমানবিক। তিনি বলেন, নেদারল্যান্ডস সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং গুরুতর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন, যাদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।

২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মার্চ থেকে লেবাননে ইসরাইলের যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে গত বছর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাসপার ভেল্ডকাম্প।

এরপর গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের নতুন সংখ্যালঘু জোট সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। এর জবাবে নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি প্রত্যাহার করে ইসরাইল।

গত বছর রেড লাইন বিক্ষোভে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন অংশ নিয়েছিলেন। তবে রোববারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি।

শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে ইয়েটেন বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিদিন ও প্রতি সপ্তাহে যথাসাধ্য চেষ্টা করছে। গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যার ঘটনায় সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া, মামলার অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) এবং সাহাবুদ্দিন (৬০)।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার এবং নুরুন্নাহার।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া প্রবাহিত হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে জ্যোৎস্না বেগম মারা যান।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালত এই রায় ঘোষণা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%