ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর


কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামে কিশোর মো. হৃদয় (১৬) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। এদিন বেলা ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বগাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির চার নম্বর গলির শেষ মাথায় উপর্যুপরি ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে হত্যা করা হয়। পুলিশ জানায়, স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আরও পড়ুন: ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ওই এলাকায় ৫জি ও ৭জি নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত এবং ৫জি গ্রুপের সদস্য ছিল। অপরদিকে, ৭জি গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বগাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কিশোর মো. হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে, গত ১৮ অক্টোবর চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ২৯ অক্টোবর একই আদালত বগাকে হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন: ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের রাতভর পাহারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের রাতভর পাহারা

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মশাল মিছিল এবং শহরের বিভিন্ন স্থানে রাতভর পাহারা দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টায় জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে থানা মোড় থেকে মশাল মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে, শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রদলের নেতাকর্মীরা রাতভর অবস্থান নেয়।

মশাল মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি নাঈম হাসান উজ্জ্বল। এ সময় তার সঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, তাতালপুর বিএম কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল মন্তব্য করেন, "নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে শেরপুর জেলায় সন্ত্রাসী বাহিনীর বিশৃঙ্খলা ঠেকাতে জেলা ছাত্রদল সজাগ আছে এবং জেলায় নৈরাজ্যের চেষ্টা করলে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কোনো ছাড় দেওয়া হবে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি এনার্জির রাজস্ব আয় প্রথম ৯ মাসে ১২ শতাংশ বেড়ে ৮,৭২০ কোটি রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


সৌদি এনার্জির রাজস্ব আয় প্রথম ৯ মাসে ১২ শতাংশ বেড়ে ৮,৭২০ কোটি রিয়াল

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে ‘সৌদি এনার্জি’ (এসই)-এর রাজস্ব আয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৭২০ কোটি (৮৭.২ বিলিয়ন) সৌদি রিয়ালে পৌঁছেছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৪.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,২১০ কোটি (১২.১ বিলিয়ন) রিয়ালে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৌশলগত বিনিয়োগ, নির্ধারিত সম্পদের পরিধি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার ওপর ভর করে তাদের ক্ষয়ক্ষতি, সুদ, যাকাত ও কর পূর্ব আয় ৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৪৭০ কোটি রিয়ালে উন্নীত হয়েছে। শুধুমাত্র তৃতীয় ত্রৈমাসিকেই কোম্পানির রাজস্ব আয় ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৫০০ কোটি রিয়ালে পৌঁছায় এবং নিট মুনাফা ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৪০ কোটি রিয়ালে।

সৌদি এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালিদ আল-গামদি জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা, জাতীয় গ্রিডের নির্ভরযোগ্যতা এবং কার্যক্ষমতার মান উন্নত করার মাধ্যমে কোম্পানি বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হচ্ছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তাদের কার্যক্রমভুক্ত ব্যাটারি এনার্জি স্টোরেজ সক্ষমতা বর্তমানে ২২ গিগাওয়াট-ঘণ্টায় পৌঁছেছে। এর মাধ্যমে কোম্পানি ২০২৬ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি পুনর্ব্যবহার যোগ্য শক্তিকে মূল বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে।

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোতে টানা বিনিয়োগের সুবাদে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির নির্ধারিত সম্পদের পরিমাণ ১৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭,৮৮০ কোটি রিয়ালে। বছরের প্রথম নয় মাসে কোম্পানির সামঞ্জস্যপূর্ণ মূলধনী ব্যয় (ক্যাপেক্স) ছিল ৫,৯৬০ কোটি রিয়াল। এছাড়া 'সুকুক' (ইসলামিক বন্ড) এবং বিভিন্ন ঋণ সুবিধার মাধ্যমে সৌদি এনার্জি প্রায় ৬,৪৪০ কোটি রিয়ালের অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

পরিচালন সংক্রান্ত তথ্যে জানা যায়, সৌদি আরবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯,০৪৫ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কোম্পানির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫৬.৮ গিগাওয়াটে উন্নীত হয়েছে।

জাতীয় গ্রিডের সাথে যুক্ত পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন সক্ষমতা প্রায় ১৯.৩ গিগাওয়াটে পৌঁছেছে এবং সৌদি এনার্জির সঞ্চালন নেটওয়ার্ক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১০,৯৫০ সার্কিট কিলোমিটারে প্রসারিত হয়েছে।

২০২৬ সালের প্রথম নয় মাসে ২,৩৭,৭৬২ জন নতুন গ্রাহক যুক্ত হওয়ার মাধ্যমে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৭ লাখে। যা গত বছরের তুলনায় নতুন গ্রাহক যুক্ত হওয়ার ক্ষেত্রে ৩০ শতাংশের একটি বড় উল্লম্ফন।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সক্ষমতার পরিচয় দিয়ে কোম্পানিটি তাদের 'সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ডিউরেশন ইনডেক্স' বা সংযোগ বিচ্ছিন্নতার গড় স্থায়িত্ব ১৬ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। এর ফলে প্রতি গ্রাহকের জন্য বাৎসরিক গড় বিদ্যুৎ বিভ্রাটের সময় কমে দাঁড়িয়েছে ৩৭.১৭ মিনিটে।

এদিকে পৃথক এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যুৎ সেবার মূল্যতালিকায় (ট্যারিফ) কিছুটা সমন্বয় আনা হবে। তবে বর্তমান নিয়ন্ত্রণকারী কাঠামোর আওতায় এই পরিবর্তনের ফলে কোম্পানির আর্থিক ফলাফলে বড় ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন। পরে আটককৃতকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনা ঘটে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে।

আটককৃত ব্যক্তি আরিফ হাসান, যিনি সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানিয়েছেন, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফ। তারা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইলিয়াস আলী আরও বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম এ উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা সংগঠনের নির্দেশনায় মাঠে আছি।"

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, "নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে ব্যর্থতা, ব্যাংক ও কলেজে আগুন লাগানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে ব্যর্থতা, ব্যাংক ও কলেজে আগুন লাগানোর অভিযোগ

নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মঘট সফলভাবে সম্পন্ন করতে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে; তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত গভীর রাতে।

অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাক দেওয়া ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অফিস, আদালত, স্কুল, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যান চলাচল স্বাভাবিকভাবে চলছিল।

জানা গেছে, নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানিয়েছে। ওই ধর্মঘটে উল্লেখ করা হয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। এছাড়া সড়কে বাস, ট্রাক ও রেল চলাচলও বন্ধ থাকবে। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খান সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সকলকে কর্মসূচি পালনের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা সড়কের ফকিরবাড়ি এলাকায় আগুন লাগায়।

এদিকে, দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়া এবং কলেজে ব্যানার টাঙিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব পড়েনি। সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক ছিল। এ প্রতিবেদন লেখা সময় (দুপুর আড়াইটা) পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজার দেবরাজ পাল বলেন, "কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।"

টিয়াখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খালেদ মোশাররফ সোহেল তার কলেজে তালা ও আগুন দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%