মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৯ পি.এম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন। পরে আটককৃতকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনা ঘটে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে।
আটককৃত ব্যক্তি আরিফ হাসান, যিনি সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানিয়েছেন, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফ। তারা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইলিয়াস আলী আরও বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম এ উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা সংগঠনের নির্দেশনায় মাঠে আছি।"
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, "নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মঘট সফলভাবে সম্পন্ন করতে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে; তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত গভীর রাতে।
অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাক দেওয়া ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অফিস, আদালত, স্কুল, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যান চলাচল স্বাভাবিকভাবে চলছিল।
জানা গেছে, নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানিয়েছে। ওই ধর্মঘটে উল্লেখ করা হয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। এছাড়া সড়কে বাস, ট্রাক ও রেল চলাচলও বন্ধ থাকবে। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খান সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সকলকে কর্মসূচি পালনের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা সড়কের ফকিরবাড়ি এলাকায় আগুন লাগায়।
এদিকে, দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়া এবং কলেজে ব্যানার টাঙিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব পড়েনি। সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক ছিল। এ প্রতিবেদন লেখা সময় (দুপুর আড়াইটা) পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজার দেবরাজ পাল বলেন, "কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।"
টিয়াখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খালেদ মোশাররফ সোহেল তার কলেজে তালা ও আগুন দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ