প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন—এমন দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) নামক গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগটি পরীক্ষামূলক কর্মসূচি থেকে স্থায়ী কর্মসূচিতে রূপান্তরিত হতে যাচ্ছে। নতুন এই কর্মসূচি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে।
কানাডা সরকার এই কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর উদ্দেশ্য হলো দেশের বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ করা এবং স্থানীয় শ্রমবাজারের কর্মীসংকট পূরণ করা।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানায়, এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত এলাকার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পাবেন। যোগ্য কর্মীরা এসব এলাকায় চাকরির প্রস্তাব পেলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
যেসব এলাকায় কাজের সুযোগ
নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আগের পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড রয়েছে। অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এসব এলাকায় অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে যোগ্য বিদেশি কর্মীরা কর্মসূচিটির আওতায় আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য যেসব যোগ্যতা লাগবে
এই কর্মসূচিতে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।
এছাড়া আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণও দিতে হবে।
ভাষাগত দক্ষতার শর্ত চাকরির ধরন অনুযায়ী আলাদা। যেমন—
- টিইইআর ০ ও ১ পর্যায়ের ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য সিএলবি ৬।
- টিইইআর ২ ও ৩ পর্যায়ের চাকরির জন্য সিএলবি ৫।
- টিইইআর ৪ ও ৫ পর্যায়ের চাকরির জন্য সিএলবি ৪।
বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।
যেভাবে আবেদন করবেন
এ কর্মসূচিতে আবেদন করতে আগ্রহীদের প্রথমে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে।
আবেদনের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে—
১. নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে উপযুক্ত চাকরি খুঁজতে হবে।
২. সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।
৩. নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কমিউনিটির কাছে সুপারিশের আবেদন করবেন।
৪. কমিউনিটির সুপারিশ বা অনুমোদন পাওয়ার পর আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।
তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। চাকরিটিও স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।
২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে পিআরের লক্ষ্য
কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বড় শহরের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীদের বসতি গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের ‘রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট’ কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০ জনের বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, বর্তমান আরসিআইপি পরীক্ষামূলক কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদন পেয়েছেন। এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।
পুরোনো কর্মসূচির আবেদনকারীদের কী হবে?
বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এ কর্মসূচির আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চলবে।
যাদের কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।
কানাডার এ উদ্যোগে গ্রামীণ ও ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়বে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা ও অভিবাসনের শর্তগুলো যাচাই করে নেওয়া জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন