মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৬ পি.এম
নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশাল একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবি জানানো হয়েছে। আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্যমতে, রোববারের এই কর্মসূচিতে দুই লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।
‘রেড লাইন’ নামের এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই লাল পোশাক পরিধান করেছিলেন। তাদের দাবি, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এছাড়া, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা, কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিক্ষোভকারীরা মিছিল করে আমস্টারডামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের মুখে শোনা যায় ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বার্তা সংস্থা এপিকে জানান, গাজায় যা ঘটছে তা অমানবিক। তিনি বলেন, নেদারল্যান্ডস সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং গুরুতর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন, যাদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।
২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মার্চ থেকে লেবাননে ইসরাইলের যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে গত বছর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাসপার ভেল্ডকাম্প।
এরপর গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের নতুন সংখ্যালঘু জোট সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। এর জবাবে নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি প্রত্যাহার করে ইসরাইল।
গত বছর রেড লাইন বিক্ষোভে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন অংশ নিয়েছিলেন। তবে রোববারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি।
শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে ইয়েটেন বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিদিন ও প্রতি সপ্তাহে যথাসাধ্য চেষ্টা করছে। গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যার ঘটনায় সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া, মামলার অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) এবং সাহাবুদ্দিন (৬০)।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার এবং নুরুন্নাহার।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া প্রবাহিত হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে জ্যোৎস্না বেগম মারা যান।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালত এই রায় ঘোষণা করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাবার জন্মদিন উপলক্ষে রঙিন বেলুন, দামি কেক কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের অভাব ছিল। শুধুমাত্র সন্তানদের নিখাদ ভালোবাসা এবং কিছু সৃজনশীলতার মাধ্যমে উদযাপন করা হয়েছে। তাই, বেলুন কেনার সামর্থ্য না থাকায় সাধারণ পলিথিনের ব্যাগে বাতাস ভরে তা দিয়েই বাবার জন্মদিন পালন করেছে ফিলিপাইনের এক দরিদ্র পরিবারের শিশুরা। এই হৃদয়স্পর্শী ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০২১ সালের এপ্রিল মাসে ফিলিপাইনের এক পরিবারের এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের আর্থিক সংকটের কারণে সন্তানদের বাবার জন্মদিনে প্রচলিত বেলুন বা কেক কেনা সম্ভব হয়নি। কিন্তু তারা বাবার বিশেষ দিনটিকে আনন্দময় করে তুলতে চেয়েছিল।
এ জন্য মুদি দোকান থেকে সংগ্রহ করা সাধারণ স্বচ্ছ পলিথিনের ব্যাগে ফুঁ দিয়ে বাতাস ভরে বেলুনের মতো তৈরি করে শিশুরা। এরপর সেগুলোতে লিখে দেয় ‘হ্যাপি বার্থডে পাপা’। পাশাপাশি ঘরে থাকা সামান্য উপকরণ ও ডিম দিয়ে তৈরি করে জন্মদিনের জন্য একটি প্রতীকী কেক।
সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের এমন আয়োজন দেখে বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তানদের সামর্থ্যের মধ্যে করা এই ছোট্ট আয়োজনটি তার কাছে অমূল্য উপহার হয়ে ওঠে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ব্যাপক প্রশংসা ও আবেগঘন প্রতিক্রিয়া জানান।
সম্প্রতি একই ধরনের একটি কাল্পনিক বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর সূত্র ধরে ২০২১ সালের ফিলিপাইনের সেই পুরোনো ঘটনাটিও আবার সামনে আসতে শুরু করেছে।
নেটিজেনদের মতে, ভালোবাসার প্রকাশে অর্থ-সম্পদ কখনোই মুখ্য নয়। দামি উপহার হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু সন্তানদের এমন নিঃস্বার্থ ভালোবাসা একজন বাবার কাছে সারাজীবনের স্মৃতি হয়ে থাকতে পারে।
এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয় ভালোবাসার মূল্য কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না।
তথ্যগত সূত্র: World of Buzz
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থানের কারণে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ এই ছুটি ঘোষণা করে।
সকালে কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন। এর ফলে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় ছুটি দেওয়া হয়। অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার কর্মবিরতির কারণে অন্তত পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিক বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনার পর কর্তৃপক্ষ ছয়টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করে।
এছাড়া, গাজীপুর সদর উপজেলার শ্রমিক বিক্ষোভের কারণে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পর কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পাশাপাশি বাঘের বাজার এলাকার শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীসহ ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কারণ ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চারজন রোগী ভর্তি আছেন, এর মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা যাবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পর থেকে ধীরে ধীরে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। বাকি রোগীদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা।
পাপন আরও বলেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কিছু রোগীর কাশির সঙ্গে রক্ত আসছে এবং শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।
তিনি উল্লেখ করেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। ক্রিটিক্যাল কেয়ারে থাকা চারজন রোগীর মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থার ভিত্তিতে তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ