ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যার ঘটনায় সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া, মামলার অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) এবং সাহাবুদ্দিন (৬০)।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার এবং নুরুন্নাহার।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।

আরও পড়ুন: কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া প্রবাহিত হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে জ্যোৎস্না বেগম মারা যান।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালত এই রায় ঘোষণা করে।

আরও পড়ুন: ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার জন্মদিনে বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


বাবার জন্মদিনে বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই উদযাপন

বাবার জন্মদিন উপলক্ষে রঙিন বেলুন, দামি কেক কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের অভাব ছিল। শুধুমাত্র সন্তানদের নিখাদ ভালোবাসা এবং কিছু সৃজনশীলতার মাধ্যমে উদযাপন করা হয়েছে। তাই, বেলুন কেনার সামর্থ্য না থাকায় সাধারণ পলিথিনের ব্যাগে বাতাস ভরে তা দিয়েই বাবার জন্মদিন পালন করেছে ফিলিপাইনের এক দরিদ্র পরিবারের শিশুরা। এই হৃদয়স্পর্শী ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০২১ সালের এপ্রিল মাসে ফিলিপাইনের এক পরিবারের এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের আর্থিক সংকটের কারণে সন্তানদের বাবার জন্মদিনে প্রচলিত বেলুন বা কেক কেনা সম্ভব হয়নি। কিন্তু তারা বাবার বিশেষ দিনটিকে আনন্দময় করে তুলতে চেয়েছিল।

এ জন্য মুদি দোকান থেকে সংগ্রহ করা সাধারণ স্বচ্ছ পলিথিনের ব্যাগে ফুঁ দিয়ে বাতাস ভরে বেলুনের মতো তৈরি করে শিশুরা। এরপর সেগুলোতে লিখে দেয় ‘হ্যাপি বার্থডে পাপা’। পাশাপাশি ঘরে থাকা সামান্য উপকরণ ও ডিম দিয়ে তৈরি করে জন্মদিনের জন্য একটি প্রতীকী কেক।

সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের এমন আয়োজন দেখে বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তানদের সামর্থ্যের মধ্যে করা এই ছোট্ট আয়োজনটি তার কাছে অমূল্য উপহার হয়ে ওঠে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ব্যাপক প্রশংসা ও আবেগঘন প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি একই ধরনের একটি কাল্পনিক বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর সূত্র ধরে ২০২১ সালের ফিলিপাইনের সেই পুরোনো ঘটনাটিও আবার সামনে আসতে শুরু করেছে।

নেটিজেনদের মতে, ভালোবাসার প্রকাশে অর্থ-সম্পদ কখনোই মুখ্য নয়। দামি উপহার হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু সন্তানদের এমন নিঃস্বার্থ ভালোবাসা একজন বাবার কাছে সারাজীবনের স্মৃতি হয়ে থাকতে পারে।

এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয় ভালোবাসার মূল্য কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না।

তথ্যগত সূত্র: World of Buzz

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থানের কারণে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ এই ছুটি ঘোষণা করে।

সকালে কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন। এর ফলে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় ছুটি দেওয়া হয়। অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার কর্মবিরতির কারণে অন্তত পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিক বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনার পর কর্তৃপক্ষ ছয়টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করে।

এছাড়া, গাজীপুর সদর উপজেলার শ্রমিক বিক্ষোভের কারণে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পর কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পাশাপাশি বাঘের বাজার এলাকার শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
না.গঞ্জে মাদ্রাসায় আগুন

নারায়ণগঞ্জে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত ৭৭ জন, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


নারায়ণগঞ্জে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত ৭৭ জন, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীসহ ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কারণ ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চারজন রোগী ভর্তি আছেন, এর মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা যাবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পর থেকে ধীরে ধীরে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। বাকি রোগীদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা।

পাপন আরও বলেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কিছু রোগীর কাশির সঙ্গে রক্ত আসছে এবং শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি উল্লেখ করেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। ক্রিটিক্যাল কেয়ারে থাকা চারজন রোগীর মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থার ভিত্তিতে তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রসস্ট্যাটের নথি ফাঁস

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত: তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত: তথ্য প্রকাশ

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রায় পাঁচ বছরের মধ্যে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ এই তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ তথ্যভান্ডারটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে যুদ্ধের কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড এবং যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণ দ্বারা এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই পরিসংখ্যান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক প্রাণহানির চিত্র তুলে ধরেছে। অথচ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন করে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা জানায়। পরে সপ্তাহান্তে এসব তথ্য প্রকাশ করা হয়। রসস্ট্যাট সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে, তবে সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে।

ফাঁস হওয়া তথ্যভান্ডারটি যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রাণহানির একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করেছে। এতদিন রুশ সরকার এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করেছে। যুদ্ধের প্রথম কয়েক মাস পর থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো হিসাব প্রকাশ করেনি। মস্কো সামরিক হতাহতের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে।

তবে দ্য গার্ডিয়ান পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবুও এতে উল্লেখ করা প্রাণহানির সংখ্যা অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক হিসাবে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা এবং কবরের ছবি বিশ্লেষণ করে ইউক্রেনে নিহত প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার নাম শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং এতে অনেক বিস্তারিত তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়ার সেনা নিহতের সংখ্যা নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

তবে ফাঁস হওয়া হিসাবেও প্রকৃত নিহতের সংখ্যা কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, অনেক সেনা এখনো নিখোঁজ রয়েছেন এবং অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ক্লুগে জানান, সেনা নিহত হওয়ার পর সরকারি নথিতে তা অন্তর্ভুক্ত করতে বেশ সময় লাগে। সাধারণত এ প্রক্রিয়ায় প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়।

তার মতে, বর্তমানে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৪ লাখের চেয়ে ৫ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।

ফাঁস হওয়া তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধের ক্ষয়ক্ষতি রাশিয়ার সব অঞ্চলে সমানভাবে পড়েনি। দেশটির দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি সেনা নিহত হয়েছেন। অর্থাৎ যুদ্ধের সবচেয়ে বড় মানবিক মূল্য দিতে হচ্ছে রাশিয়ার পিছিয়ে থাকা অঞ্চলগুলোর মানুষকে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%