প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যার ঘটনায় সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া, মামলার অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) এবং সাহাবুদ্দিন (৬০)।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার এবং নুরুন্নাহার।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া প্রবাহিত হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে জ্যোৎস্না বেগম মারা যান।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালত এই রায় ঘোষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন