প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মৃত একজন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী, যিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, গত ২৯ মার্চ মৃত্যুবরণ করেন। তবে ঘটনার প্রায় সাড়ে সাত মাস পর, ৯ নভেম্বরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মৃত ব্যক্তিকে মামলার আসামি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার আসামিদের তালিকা কিভাবে প্রস্তুত করা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।
জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর সন্তান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামচু ঢালী ২৯ মার্চ মারা যান। কিন্তু তার মৃত্যুর সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর, ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত জহিরুল হক সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন ব্যক্তিকে এ ধরনের মামলায় আসামি করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মামলার এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে।
এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, "দলের প্রতি সামচু ঢালীর নিবেদন এতটাই বেশি যে আন্দোলন দেখে কবরে শুয়ে থাকতে পারেননি; উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন।" মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেই আসামি করেছেন বলেও বিদ্রুপ করা হয়েছে।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’
নাজমুল হক আরো বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কিভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’
জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন