প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশি পরিচয়ে জন্ম নিবন্ধন নেওয়া এক রোহিঙ্গার নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধনটি বাতিল করা হয় প্রায় ১৮ বছর পর, যখন সম্প্রতি অনলাইন ডেটাবেইস থেকে তার তথ্য মুছে ফেলা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে নথি চালাচালির পর এই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনলাইনে জন্মনিবন্ধন যাচাই করার সময় মোহাম্মদ ছলিম নামের ওই ব্যক্তির নিবন্ধন নম্বরের বিপরীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
সরকারি নথি অনুযায়ী, মোহাম্মদ ছলিম প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। এরপর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন। তিনি একই গ্রামের মৃত হাবিব উল্লাহর মেয়ে মোস্তফা খাতুনকে বিয়ে করেন।
নথিপত্রে দেখা যায়, ২০০৮ সালের ১০ জুলাই ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ থেকে তার নামে জন্ম নিবন্ধন করা হয়। সেখানে তার জন্ম তারিখ উল্লেখ করা হয় ১৯৬৫ সালের ৪ মার্চ। বাবার নাম হিসেবে স্থানীয় বাসিন্দা মৃত সোলতান আহমদ এবং মায়ের নাম হিসেবে আলতাজ বেগম উল্লেখ করা হয়। তাদের দুজনের জাতীয়তা বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়। নিবন্ধন নম্বর ছিল ১৯৬৫২২১২৪৪২০১৫৪০৩। পরে ২০২১ সালের ৮ জুন ওই নিবন্ধনের একটি প্রতিলিপিও দেওয়া হয় তাকে।
তবে জন্ম নিবন্ধনে বাবামায়ের নাম ব্যবহার করা ব্যক্তিদের পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের পর বিষয়টি সামনে আসে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।
একপর্যায়ে মোহাম্মদ ছলিম নিজের পরিচয় গোপন করে জন্ম নিবন্ধন নেওয়ার বিষয়টি স্বীকার করেন। ২০২৫ সালের ২১ এপ্রিল ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য গোপন করে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে বাবা-মা পরিচয় দিয়ে জন্ম নিবন্ধন করানোর কথাও তিনি স্বীকার করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেন তৎকালীন ইউএনও। পরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্ত করে ২০২৫ সালের ২৪ এপ্রিল প্রতিবেদন জমা দেন। আবেদনকারীর পরিবারের সদস্য এবং স্থানীয় ১০ জন গণ্যমান্য ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে জন্ম নিবন্ধনটি তথ্য গোপন করে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিবন্ধনটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এরপর তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ তদন্তের নথি জেলা প্রশাসকের কাছে পাঠান। পরে ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক নিবন্ধনটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে কাগজপত্র পাঠান।
তবে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নথি পাঠানোর পরও দীর্ঘদিন অনলাইন ডেটাবেইসে নিবন্ধনটির অস্তিত্ব থেকে যায়। প্রায় দেড় বছর ধরে বাতিলের প্রক্রিয়া আটকে থাকার কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
সর্বশেষ একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর বৃহস্পতিবার অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে দেখা যায়, মোহাম্মদ ছলিমের নামে করা বিতর্কিত নিবন্ধনটি আর ডেটাবেইসে নেই।
এ বিষয়ে ব্যারিস্টার নুরুল আজিম মন্তব্য করেন, "একজন মিয়ানমারের নাগরিক কিভাবে বাংলাদেশি পরিচয়ে জন্ম নিবন্ধন পেলেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের জালিয়াতি রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিকত্বসংক্রান্ত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি।"
তিনি আরও বলেন, "শুধু নিবন্ধন বাতিল করলেই হবে না। এর পেছনে কারা জড়িত এবং কিভাবে ইউনিয়ন পরিষদ থেকে এমন সনদ দেওয়া হলো, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জন্ম নিবন্ধন তৈরির ক্ষেত্রে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন