ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা আসামি


মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা আসামি

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মৃত একজন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী, যিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, গত ২৯ মার্চ মৃত্যুবরণ করেন। তবে ঘটনার প্রায় সাড়ে সাত মাস পর, ৯ নভেম্বরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৃত ব্যক্তিকে মামলার আসামি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার আসামিদের তালিকা কিভাবে প্রস্তুত করা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর সন্তান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামচু ঢালী ২৯ মার্চ মারা যান। কিন্তু তার মৃত্যুর সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে আসামি করা হয়েছে।

জানা গেছে, ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এ ঘটনার পর, ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত জহিরুল হক সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন ব্যক্তিকে এ ধরনের মামলায় আসামি করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মামলার এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে।

এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, "দলের প্রতি সামচু ঢালীর নিবেদন এতটাই বেশি যে আন্দোলন দেখে কবরে শুয়ে থাকতে পারেননি; উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন।" মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেই আসামি করেছেন বলেও বিদ্রুপ করা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

নাজমুল হক আরো বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কিভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের ৩৩২ পদের ১০০টি শূন্য, সেবা ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের ৩৩২ পদের ১০০টি শূন্য, সেবা ব্যাহত

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য মাঠপর্যায়ে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু ঝিনাইদহের ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপপরিচালকের কার্যালয়ে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৩২ জন। ফলে শূন্য রয়েছে ১০০টি পদ, যা মোট পদের প্রায় ৩০ শতাংশ। এই জনবল সংকটের কারণে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে, কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা উপসহকারী কৃষি কর্মকর্তার পদে সংকট সবচেয়ে বেশি।

জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন। এর মধ্যে ৭১টি পদ শূন্য রয়েছে। ঝিনাইদহ সদরে ২০টি, কালীগঞ্জে ১৪টি, কোটচাঁদপুরে একটি, মহেশপুরে ৯টি, শৈলকুপায় ১৯টি এবং হরিণাকুণ্ডুতে আটটি পদ ফাঁকা রয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

এছাড়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন চারজন। দুটি পদ শূন্য রয়েছে, যার একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে মোট চারটি পদ শূন্য রয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি এবং ক্যাশিয়ারের একটি পদও ফাঁকা রয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান জানান, ‘জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরো বাড়বে এবং কৃষকদের আরো দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ এবং পুরস্কার সম্পর্কে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, এই বছর কবি সম্মেলনে ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো. বায়েজিদ শেখ অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মীরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ এবং শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবিরা।

সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকমের অলক পাল।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরও জানান, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে বগুড়া লেখক চক্র কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায়, এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর, ২০২৬ তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকাল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ (আট) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন প্রধান অতিথি। উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। কবি সম্মেলন সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন, সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীরা আগের তুলনায় স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন: ব্যারিস্টার খোকন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ব্যবসায়ীরা আগের তুলনায় স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন: ব্যারিস্টার খোকন

ব্যবসায়ীরা বর্তমানে আগের তুলনায় অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করছেন এবং লাভবান হচ্ছেন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি উল্লেখ করেছেন যে, "বিএনপি সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।" দেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ‘প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এ জি মাহফুজুর রহমান মানু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পারিবারিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র হিসেবে কাজ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন যে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চাল সরবরাহের এই কর্মসূচি চালু করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য প্রদান করেন।

আফরোজা খানম রিতা আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের কম দামে চাল কেনার সুযোগ দিতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সরকার এই সেতু নির্মাণে প্রচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, সেতুর সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা রাখার বিষয়েও সরকারের পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, সরকার কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়ার বিষয়েও গুরুত্ব দিচ্ছে।

সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন।

এর আগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%