ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনার প্রত্যাবর্তনে টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিল, বিএনপি অফিসে ভাঙচুর


শেখ হাসিনার প্রত্যাবর্তনে টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিল, বিএনপি অফিসে ভাঙচুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকস্মিকভাবে মিছিল বের করার খবর পাওয়া গেছে। টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি, কাশিয়ানীর ফুকরা-গোপালপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাজারে হঠাৎ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ রয়েছে, মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বর্ণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান বলেন, "ঘটনার সময় আমি বাসায় ছিলাম। বাসা থেকে বের হলে আমার ওপর হামলা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ কারণে বাসা থেকে বের হইনি।" তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন, এবং তাদের ভিডিও ফুটেজ রয়েছে।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে মিছিল এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, "আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা বিএনপির কার্যালয় ভাঙচুরের কোনো খবর আমরা পাইনি। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি।"

অন্যদিকে, আজ সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এই মিছিলে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার। মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদেরকে পায়ে হেঁটে সারিবদ্ধভাবে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এসব মিছিলের তথ্য জানা গেছে। এদিকে, জেলার বিভিন্ন স্থানে আকস্মিক রাজনৈতিক কর্মসূচি এবং ভাঙচুরের অভিযোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ করতে হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ করতে হবে: আইনমন্ত্রী

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উল্লেখ করেছেন যে, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তাদের জন্য একটি বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন।

আজ রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, "সর্বোপরি আমাদের উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদের বিনিয়োগ উপযোগী পরিবেশ করে দিতে হবে।" তিনি আরও জানান, অতীতে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য ২০ থেকে ২৫ জায়গার অনুমতি নিতে হতো এবং সেই অনুমতি পেতে কমপক্ষে ৬ মাস বিভিন্ন টেবিলে যেতে হতো। তবে, ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট-২০২৬ এর মাধ্যমে বিনিয়োগের প্রক্রিয়াকে এক ছাতার নিচে নিয়ে এসে সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, আইনকে যুগোপযোগী করার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, "আমরা কমার্শিয়াল কোর্ট যখন প্রতিষ্ঠা করবো, নিশ্চয়ই এটা মাথায় রাখবো— যাতে করে বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া যায়।"

আজকের পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন। পরামর্শ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার এবং বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে ৪.৫৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে ৪.৫৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পুলিশ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা নগদ, সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা থেকে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করা হয়। সম্প্রতি তিনি ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।

প্রথমে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। যা কার্ডের অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড এবং তিনটি চেক বই উদ্ধার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।

এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত’ - এমপি নূরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


‘সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত’ - এমপি নূরুল আমিন

চট্টগ্রাম-১ (মীরসরাই) সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন মন্তব্য করেছেন, ‘সাংবাদিকরা বিভিন্ন মতের প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু সংবাদ পরিবেশনে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা আবশ্যক। সাংবাদিকরা রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করে। তবে আমার একটি আবেদন থাকবে, আপনাদের সংবাদপত্রের মাধ্যমে মীরসরাইয়ের কোন মানুষ যেন মজলুম না হয়।’

শনিবার বিকালে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজীব মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী ও বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, সাবেক সহকারী এট্যানী জেনারেল সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মীরসরাই জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব আরিফ সিদ্দিকি, স্বেচ্ছাসেবী সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুল আলম শাহীন, উপজেলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক মাহবুব পলাশ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মুসা মিয়া, মীরসরাই কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম নোমান, করেরহাট বাজার কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্য সচিব মাকসুদুল আলম সোহান, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নূর উদ্দিন জাহেদ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জসিম উদ্দিন, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক নূর হোসেন, যুগ্ম সাবেক আহবায়ক মাসুম বিল্লাহ, হাইতকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সালা উদ্দিন আরিফ, মীরসরাই পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, ইটিভির স্টাফ রির্পোটার এস এম মাঈন উদ্দিন রিপন, জেষ্ঠ্য সংবাদিক আবু সুফিয়ান, উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক নাঈম সরকার, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তূজা, বাংলা টিভির সীতাকুন্ড প্রতিনিধি নওশিন মাহমুদ, অনির্বান যুব ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন, আদর্শ গ্রাম শেখ তোলা সংগঠনের সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু, ফেন্ডর্স সার্কেল ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আরিফুল হক, দূর্বার প্রগতি সংগঠনের সহ অর্থ সম্পাদক আলা উদ্দিন, রক্তের বন্ধনের সমাজ কর্মী আনিসুল হক শিমুল।

পরে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পড়ান পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপূন। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ এবং গীতা পাঠ করেন হারাধন চক্রবর্তী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি কার্যক্রম চলছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

আজ শনিবার, রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ববি হাজ্জাজ।

তিনি জানান, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার। বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং জনসমাগমস্থলে ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এসব ক্যামেরার সংখ্যা কয়েক শতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর এবং আশপাশের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে বিভিন্ন স্থানে ক্যামেরা বসানো হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষ ধরনের গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

এলাকার নিরাপত্তাব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করা হবে। পুলিশ ও ট্র্যাফিক বিভাগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।

তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা, ট্র্যাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকেও সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা সমাধানে এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনও অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সক্ষমতাও বাড়াতে হবে। মোহাম্মদপুর থানার এলাকা বিস্তৃত হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে পুলিশের সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। এলাকার বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষকেও নিরাপত্তাব্যবস্থায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

যানজট নিয়ন্ত্রণে আধুনিক ট্র্যাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরের আই হসপিটাল-সংলগ্ন এলাকায় আধুনিক ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক ট্র্যাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্র্যাফিক বিভাগ নিয়মিত সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিয়ন্ত্রণে এসব ক্যামেরা কাজে আসছে। অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামানো ও ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিওর মাধ্যমে মামলা করার কার্যক্রমও চলছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে শুধু অপরাধীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, অপরাধের পেছনে থাকা সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। এজন্য তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি। বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। বিজিএমইএ ও এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগোচ্ছে।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির ট্র্যাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%