ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? সমস্যায় ভুগছেন আর্থ্রাইটিসের কারণে


পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? সমস্যায় ভুগছেন আর্থ্রাইটিসের কারণে

রাতে ঠিকঠাক ঘুমানোর পরও সকালে শরীরে ক্লান্তি অনুভূত হচ্ছে? সামান্য হাঁটাচলা কিংবা দৈনন্দিন কাজ করতে গেলেই হাঁপিয়ে উঠছেন এবং কাজে মনোযোগ ধরে রাখতে পারছেন না? অনেক মানুষ এসব সমস্যাকে বয়স বাড়ার স্বাভাবিক প্রভাব হিসেবে মনে করে এড়িয়ে যান। তবে দীর্ঘকাল ধরে এমন ক্লান্তি অনুভব করার পেছনে আর্থ্রাইটিস বা বাতের মতো রোগ থাকতে পারে।

সাধারণত আর্থ্রাইটিসের লক্ষণ হিসেবে জয়েন্টে ব্যথা, ফোলাভাব ও শক্ত হয়ে যাওয়ার বিষয়গুলো বেশি পরিচিত। কিন্তু এসব উপসর্গের পাশাপাশি দীর্ঘস্থায়ী ক্লান্তিও এই রোগের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এমনকি পর্যাপ্ত ঘুমানোর পরও অনেক রোগীর শরীরের অবসাদ দূর হয় না।

বিশেষজ্ঞদের মতে, শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ, জয়েন্টের ব্যথা, ঘুমের সমস্যা এবং শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার কারণে এই ক্লান্তি তৈরি হতে পারে। সময়ের সঙ্গে তা দৈনন্দিন কাজকর্ম ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন: উৎসবের খাবার খেয়ে পেট খারাপ? যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

ভারতের আইএসআইসি মাল্টিস্পেশালিটি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক ডা. শ্রী রাম গর্গের মতে, আর্থ্রাইটিসের কারণে তৈরি হওয়া ক্লান্তি দূর করতে শুধু ঘুমের সময় বাড়ানো যথেষ্ট নয়। প্রদাহ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

আর্থ্রাইটিসে কেন দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দেয়?

আর্থ্রাইটিসের কারণে সৃষ্ট ক্লান্তি সব সময় বয়স বা অতিরিক্ত পরিশ্রমের ফল নয়। বিশেষ করে প্রদাহজনিত আর্থ্রাইটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এর ফলে শরীরে দীর্ঘসময় প্রদাহ বজায় থাকে, যা অবসাদ ও দুর্বলতার অন্যতম কারণ।

এ ছাড়া জয়েন্টের ব্যথার কারণে রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে। ফলে দীর্ঘসময় ঘুমালেও শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। আবার ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই হাঁটাচলা ও ব্যায়াম কমিয়ে দেন। এতে পেশির শক্তি কমে যায় এবং শারীরিক সক্ষমতা হ্রাস পায়।

আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে খাবারের মেনুতে রাখুন ৬ উপাদান

ফলে অল্প কাজ করতেও শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয়। এভাবে ব্যথা, অনিয়মিত ঘুম ও পেশির দুর্বলতা পরস্পরকে বাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী ক্লান্তির চক্র তৈরি করে।

ক্লান্তি কমাতে যে ৫টি অভ্যাস গড়ে তুলবেন-

১. শারীরিক চলাফেরা একেবারে বন্ধ করবেন না

জয়েন্টে ব্যথা থাকলে ব্যায়াম করতে অনীহা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন শরীরচর্চা বন্ধ রাখলে পেশি দুর্বল হওয়ার পাশাপাশি জয়েন্টের জড়তাও বাড়তে পারে।

আরও পড়ুন: ঘুমিয়ে ১৩ লাখ টাকা জিতলেন জিনিয়া চ্যাটার্জি

তাহলে নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অল্প সময় হাঁটা, হালকা স্ট্রেচিং কিংবা পানিতে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে পারেন। একটানা দীর্ঘসময় ব্যায়াম না করে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে শরীরচর্চা করাও উপকারী। ব্যায়ামের ফলে ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. ঘুমের রুটিন ঠিক রাখুন

আর্থ্রাইটিসের ব্যথা অনেক সময় রাতের ঘুমে বাধা সৃষ্টি করে। আবার ঘুমের ঘাটতি থাকলে ব্যথা ও ক্লান্তির অনুভূতিও বাড়তে পারে। এ কারণে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময়ে ওঠার অভ্যাস করুন।

রাতে চা-কফি পান কমিয়ে দিন। ঘুমানোর আগে দীর্ঘসময় মোবাইল ও কম্পিউটার ব্যবহার থেকেও বিরত থাকুন। শোবার ঘর আরামদায়ক রাখার চেষ্টা করুন। ব্যথার কারণে নিয়মিত ঘুম ভেঙে গেলে বিষয়টি অবহেলা না করে রিউমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন: প্রতিদিন একই খাবার খাওয়ার অভ্যাস শরীরে যেসব প্রভাব ফেলতে পারে

৩. শরীরের সক্ষমতা অনুযায়ী কাজ করুন

দৈনন্দিন কাজ একসঙ্গে শেষ করার চেষ্টা না করে সেগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এতে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়বে না। প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখুন এবং দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করার পরিবর্তে সম্ভব হলে বসে কাজ করুন। কাজের ধরন পরিবর্তন করে এবং অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম কমিয়ে নিজের শক্তি সঞ্চয় করতে পারেন।

৪. কাজের ফাঁকে পর্যাপ্ত বিরতি নিন

আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য শরীরচর্চার পাশাপাশি বিশ্রামও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব আর্থ্রাইটিস অ্যান্ড মাসকিউলোস্কেলেটাল অ্যান্ড স্কিন ডিজিজেসের পরামর্শ অনুযায়ী, শারীরিক সক্রিয়তা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

আরও পড়ুন: ঘুমিয়েও যেভাবে অনেকে সতেজ থাকেন

তবে দীর্ঘসময় বিছানায় শুয়ে না থেকে কাজের মাঝখানে ছোট ছোট বিরতি নিন। এতে অতিরিক্ত ক্লান্তি ছাড়াই দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া সহজ হতে পারে।

৫. দীর্ঘদিনের ক্লান্তিকে স্বাভাবিক ভাববেন না

শরীরে ক্লান্তি দেখা দিলেই যে তার কারণ আর্থ্রাইটিস, এমন নয়। রোগের প্রদাহ নিয়ন্ত্রণে না থাকলে কিংবা নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দুর্বলতা তৈরি হতে পারে। এ ছাড়া রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা ও বিভিন্ন সংক্রমণ থেকেও দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।

তাহলে দীর্ঘদিন ধরে শরীরে অবসাদ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্লান্তির প্রকৃত কারণ শনাক্ত করতে পারেন।

আরও পড়ুন: দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, স্বাস্থ্য সচেতনতার বার্তা

মনে রাখতে হবে, পর্যাপ্ত ঘুমের পরও দীর্ঘদিন ক্লান্তি থাকলে সেটিকে শুধু বয়স বা কাজের চাপের ফল মনে করে এড়িয়ে যাওয়া ঠিক নয়। সঠিক কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তন আনলেই সুস্থ থাকা সহজ হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি, পাল্টা গুলিবর্ষণ বিজিবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ এম


বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি, পাল্টা গুলিবর্ষণ বিজিবির

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি বাংলাদেশি যুবকের দিকে গুলি ছোড়ে। এই ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলিবর্ষণ করে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে জীবননগর সীমান্তের মেদিনীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় মনিরুল ইসলামসহ সাতজন অবস্থান নেন। তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ও রাবার বুলেট ছোড়ে। এই পরিস্থিতিতে মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়, কিন্তু মনিরুল ফিরে আসেননি।

মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গি ক্যাম্পের সদস্যরা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবি মেদিনীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা গুলিবর্ষণ করেন। এ ঘটনার পর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈভব সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ এম


প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈভব সূর্যবংশী

ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাকে সরাসরি অধিনায়কের পদে নিযুক্ত করা হয়েছে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ ক্রিকেটার।

বৈভবের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, যদিও তা পরিস্থিতির কারণে হয়েছে। দুলিপ ট্রফির ফাইনালে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে কিছু সময়ের জন্য ইস্ট জোনের অধিনায়কত্ব সামলানোর সুযোগ পেয়েছিলেন তিনি। এছাড়াও, রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।

শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় বৈভবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই তরুণ ক্রিকেটারকে শুভকামনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব এবং তার জন্য শুভকামনা রইল।"

সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচের স্কোয়াড তৈরির আগে বিহার ক্রিকেটারদের ট্রায়াল নেওয়ার পরিকল্পনা করেছে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ট্রায়ালের পারফরম্যান্সের পাশাপাশি তাদের আগের রেকর্ডও বিবেচনা করা হবে।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন বৈভব। যদিও তিনি মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়েছেন। সেখানে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ৪৫ রান। তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে গড়ে ওঠা ১১৮ রানের জুটি বিশেষভাবে আলোচনায় আসে। এটি ছিল বিশ্বরেকর্ড গড়া জুটি।

এখন পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বৈভব। এর মধ্যে সাতটি ম্যাচে বিহারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত আসরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে এবারের ঘরোয়া মৌসুমে বিহারের শুরুটা মোটেও ভালো হয়নি। রঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচ খেলেই সবকটিতে পরাজিত হয়েছে দলটি। বৈভবের নেতৃত্বে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। এখন দেখার বিষয়, অধিনায়ক হিসেবে প্রথম বড় পরীক্ষায় কতটা সফল হন সূর্যবংশী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ এম


নরসিংদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছরের একটি মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া মক্তব শিক্ষকের নাম মো. সোহরাব (২০)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ৬টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন আনতে শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়। সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে শিশুটির পথরোধ করেন। তখন তিনি শিশুটিকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে। পরে মা থানায় মামলা করেন। তিনি জানান, ঘটনার এক পর্যায়ে সোহরাব তাঁর মেয়েকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে বাড়ি থেকে পাটের চট আনতে যান। এই সুযোগে তাঁর মেয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। কান্নার কারণ জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত জানায়। এরপরেই মা থানায় মামলা করতে আসেন।

মামলার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ এম


মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিং

ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ক্রিকেট মাঠে ব্যাটে বল লাগার শব্দ নকল করে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করানোর অভিযোগে তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার ক্লাব সল্টবার্নও শাস্তির আওতায় এসেছে।

ঘটনাটি ঘটে গত জুলাইয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে। সল্টবার্নের দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করার সময় পন্টিং নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন।

উইকেটকিপার শব্দ শুনে বলটি ধরে ফেলেন। এরপর সল্টবার্নের খেলোয়াড়রা আউটের আবেদন জানালে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ভিডিওটি সামনে আসার পর বিষয়টি তদন্তের জন্য লিগ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্তের ভিত্তিতে পন্টিং এবং তার ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে পন্টিং ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। নিষেধাজ্ঞার সময় তিনি খেলোয়াড়, কোচ, আম্পায়ার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন না।

এ ঘটনায় ক্লাব সল্টবার্নকেও বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়েছে। দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে দলটিকে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। নতুন মৌসুমে তাদের ৬০ পয়েন্ট হারিয়ে শুরু করতে হবে। এছাড়া ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

লিগ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তদন্তের সময় সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্যান্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধুমাত্র পন্টিংকে, তবে বিতর্কিত ঘটনায় দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

একটি ম্যাচে প্রতারণার মাধ্যমে আউটের ঘটনা শেষ পর্যন্ত ব্যক্তিগত নিষেধাজ্ঞার পাশাপাশি পুরো ক্লাবের অবনমনের কারণ হয়ে দাঁড়াল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%