ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঘুমিয়ে ১৩ লাখ টাকা জিতলেন জিনিয়া চ্যাটার্জি


ঘুমিয়ে ১৩ লাখ টাকা জিতলেন জিনিয়া চ্যাটার্জি

ঘুমের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করা সম্ভব! যদিও এটি শুনতে অদ্ভুত মনে হতে পারে, ভারতের মুম্বাইয়ের জিনিয়া চ্যাটার্জি একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকা) জিতেছেন। এই দুই মাসের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি অর্থ পুরস্কারের পাশাপাশি একটি স্পনসর করা ছুটির ভ্রমণের সুযোগও লাভ করেছেন।

ওয়েকফিটের (Wakefit) আয়োজনে অনুষ্ঠিত ‘স্লিপ ইন্টার্নশিপ’ প্রতিযোগিতায় ভারতের স্লিপ চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছেন জিনিয়া। এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশজুড়ে দুই লাখের বেশি আবেদনকারী আবেদন করেছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং প্রতি সপ্তাহে বিভিন্ন সৃজনশীল চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে।

আরও পড়ুন: উৎসবের খাবার খেয়ে পেট খারাপ? যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

দুই লাখের বেশি আবেদনকারীর মধ্যে কয়েক ধাপের বাছাই ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়। প্রায় ৬০ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় প্রত্যেকের ঘুমের মান ও সময় পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিদিনের স্কোরের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হতো।

তবে, এই প্রতিযোগিতা শুধুমাত্র বেশি সময় ঘুমানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। অংশগ্রহণকারীদের সৃজনশীলতা পরীক্ষা করার জন্য নানা মজার কাজও করতে হয়েছে।

যেসব চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে

প্রতিটি সপ্তাহে প্রতিযোগীদের জন্য ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে ‘স্লিপ সিনেমা’তে ঘুমের বিষয়টি যুক্ত করে বিখ্যাত সিনেমার দৃশ্য অভিনয়ের মাধ্যমে পুনর্নির্মাণ করতে হয়েছে। ‘স্লিপ বিঙ্গো’ চ্যালেঞ্জে এক সপ্তাহের ঘুমের অভ্যাস মূল্যায়ন করতে হয়েছে।

আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে খাবারের মেনুতে রাখুন ৬ উপাদান

সবচেয়ে মজার চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি ছিল ‘আন্ডারকভার স্লিপ মিশন’। এতে কথোপকথনের মধ্যে ‘কম্বল’ অথবা ‘বালিশ’ শব্দ দুটি ১০ বার ব্যবহার করতে হতো, তবে অন্যদের বুঝতে দেওয়া যেত না যে এটি একটি প্রতিযোগিতার অংশ।

প্রতি সপ্তাহে সেরা পারফরমারকে ‘প্রো স্লিপার অব দ্য উইক’ খেতাব দেওয়া হতো।

দুই মাসের প্রতিযোগিতা শেষে শীর্ষ তিনে স্থান করে নেন জিনিয়া চ্যাটার্জি, রত্নগিরি মানিকান্দান ও মেহেক খোট। তবে প্রতি সপ্তাহের সৃজনশীল চ্যালেঞ্জে সবচেয়ে বেশি জয় পাওয়া হায়দরাবাদের করিম খান ওয়াইল্ডকার্ড হিসেবে ফিরে আসেন। ফলে চূড়ান্ত পর্বে প্রতিযোগীর সংখ্যা দাঁড়ায় চারজনে।

যেভাবে জিতলেন জিনিয়া

আরও পড়ুন: প্রতিদিন একই খাবার খাওয়ার অভ্যাস শরীরে যেসব প্রভাব ফেলতে পারে

‘বিগ বেড’ শিরোনামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এতে দুটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমটির নাম ‘মেমোরি ফোম চ্যালেঞ্জ’। এতে নমুনা ছবি দেখে একটি শোবার ঘরের সাজসজ্জা হুবহু তৈরি করতে হয়। এই চ্যালেঞ্জে প্রতিযোগীদের পর্যবেক্ষণ ক্ষমতা, স্মৃতিশক্তি ও দলগত কাজের দক্ষতা যাচাই করা হয়।

দ্বিতীয় চ্যালেঞ্জটির নাম ছিল ‘স্লিপ অকশন’। এতে বালিশ, কম্বল, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, আলো ও শব্দের মতো ঘুমের জন্য প্রয়োজনীয় উপকরণ বেছে নিতে প্রতিযোগীদের নিলামে অংশ নিতে হয়।

এরপর নিজেদের পছন্দমতো সাজানো পরিবেশে শেষ রাতের ঘুম সম্পন্ন করেন প্রতিযোগীরা। তাদের ঘুমের স্কোরের ভিত্তিতেই নির্ধারিত হয় বিজয়ী। অবশেষে জিনিয়া চ্যাটার্জি ৯ লাখ ৬০ হাজার রুপি এবং ওয়েকফিটের পক্ষ থেকে স্পনসর করা একটি ছুটির ভ্রমণ জিতে নেন।

২০১৯ সালে শুরু হওয়া ওয়েকফিটের এই ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর প্রথম চার মৌসুমে মোট ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব মৌসুমে ৬৫ জন ইন্টার্ন প্রত্যেকে এক লাখ রুপি করে সম্মানী পেয়েছেন।

আরও পড়ুন: ঘুমিয়েও যেভাবে অনেকে সতেজ থাকেন

এদিকে, প্রতিযোগিতাটির ষষ্ঠ মৌসুমে অংশ নিতে আগ্রহীদের জন্য ওয়েকফিটের আনুষ্ঠানিক ওয়েবসাইটে আগাম নিবন্ধন শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

দিনাজপুর, ৭ নভেম্বর, ২০২৬ : জেলার বীরগঞ্জ উপজেলায় পুলিশ একটি অভিযান পরিচালনা করে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে এবং আন্তঃজেলা চোর চক্রের একজন সদস্যকে আটক করেছে।

আজ শনিবার বিকেল ৪টায় বীরগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, আটককৃত মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি উপজেলার বাছারামপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গতকাল ৬ নভেম্বর সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার জয়ন্তিয়া ঘাটপাড় এলাকার একটি চায়ের দোকানে পুরোনো মোটরসাইকেল কেনা-বেচার আড়ালে চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছিল।

এ সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মোশারফ হোসেন ওরফে মশিউরকে আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন পালিয়ে যায়। আটক মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই করে নিয়ে আসা ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ স্বীকার করেন যে, কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউল হকের ছেলে গোলাপ হোসেন (৪৫) এবং আরও ২ থেকে ৩ জন তার সহযোগী মিলে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোটরসাইকেলগুলো চুরি ও ছিনতাই করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছেন। তিনি জানান, চক্রটি কৌশলে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে কম দামে বিক্রি করতো।

এ ঘটনায় পুলিশ আজ শনিবার সকালে বীরগঞ্জ থানায় আটক মশিউরসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মোশারফ হোসেনকে বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি

চট্টগ্রামে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি, সাংবাদিককে অপদস্থ করার অভিযোগে চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের প্রেক্ষিতে। পরীমণির অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল আগামী ২৮ নভেম্বর।

গত ৬ নভেম্বর, পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামের CFVA-এর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

কিন্তু বিতর্কিত এই অভিনেত্রী আর অনুষ্ঠানটিতে অংশ নিতে পারছেন না। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে যে, নায়িকাকে আয়োজন থেকে বাদ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক সদস্য জানান, "পরীমণিকে বাদ দেয়া হয়েছে। সাংবাদিকদের অনুরোধেই তাকে অনুষ্ঠানে রাখা হয়নি।"

জানা যায়, পরীমণির অনুষ্ঠানে অংশ নেয়ার খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে, কয়েকটি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেয়া হয়। এরপর সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজকরা পরীমণিকে অনুষ্ঠান থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়ার পর, সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। অকারণে সাংবাদিকদের হেনস্তা করেন।

এ সময় তার সঙ্গে থাকা কালো পোশাক পরা ১১ জন বডিগার্ডও সাংবাদিকদের ওপর চড়াও হন। একপর্যায় তারা অতর্কিত প্রহার শুরু করলে আদালতে আসা এক বিচারপ্রার্থী আহত হন। বিতর্কিত এই কাণ্ডের পর পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত ও অশোভন শব্দের স্ট্যাটাস দিয়ে দেশের জাতীয় সংগীতের বিকৃত ব্যবহার করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


মানিক মিয়া অ্যাভিনিউতে ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে ভিড়

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে বসেছে ব্যান্ড সংগীতপ্রেমীদের মিলনমেলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ কনসার্ট। কনসার্টের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

কনসার্টস্থলে সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেলেও, দুপুরের পর উপস্থিতি বাড়তে থাকে। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছেন প্রিয় ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে। পরিচিত সব গানের সুরে একটি আনন্দঘন সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন তারা। বিএনপির র‌্যালি শেষে কনসার্টস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষদেরও কনসার্টস্থলে অধীর আগ্রহ নিয়ে বসে থাকতে দেখা গেছে।

কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। এর মধ্যে রয়েছে- নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হয়ে এ সংগীত আয়োজন চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।

কনসার্টস্থলে অনেক তরুণদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। ঢাকার মোহাম্মদপুর থেকে কনসার্ট উপভোগ করতে এসেছেন মিফতাহুল জান্নাত। তিনি বলেন, "একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সত্যিই আনন্দের। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় আছি। বন্ধুদের সঙ্গে এসে বেশ ভালো লাগছে।"

মাহি সিয়াম নামের এক তরুণ অনুভূতি প্রকাশ করে বলেন, "বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। এমন আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও পরিচিত করবে। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারার আনন্দ এক অন্যরকম অনুভূতি দেয়।"

কনসার্ট দেখতে আসা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান সরাসরি শোনার অপেক্ষায় অনেকেই।

কনসার্টে আসা আরেক দর্শক মহিয়া বলেন, "ওয়ারফেজ ও আর্টসেলের গান আমার খুব ভালো লাগে। এমন উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত।"

এদিকে, কনসার্ট কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে কোনো আপার দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


ডিসেম্বরে কোনো আপার দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই। যদি আসেন, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।’

এই বক্তব্য তিনি শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'জাতীয় ছাত্রশক্তি' কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদান করেন।

নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি—আপনাদেরকে সেটার প্রমাণ দিতে হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র 'নোয়াখালী বিভাগ চাই' বলে আন্দোলন করবেন না। তারা পুরো দেশ এবং পুরো বিশ্ব নিয়ে ভাববেন, এটাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় জীবনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, "বিশ্বে কোথায় কী চিন্তা হচ্ছে, কী ঘটছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেসব সম্পর্কে জানতে হবে। গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। চাকরির বাজার শুধু দেশে নয়, পুরো বিশ্বে নিজেদের কোথায় প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে ভাবতে হবে।"

৭ই নভেম্বরের প্রসঙ্গে তিনি বলেন, ৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি?

বিচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা ওসমান হাদীর ভাষায় বলেছিলাম—শত্রুর প্রতিও আমরা ইনসাফ করবো, ন্যায়বিচার করবো। কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি; ওসমান হাদী হত্যার বিচার পাইনি, জুলাইয়ের শহীদ ভাই-বোনদের হত্যার বিচার পাইনি। জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%