প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাকে সরাসরি অধিনায়কের পদে নিযুক্ত করা হয়েছে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ ক্রিকেটার।
বৈভবের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, যদিও তা পরিস্থিতির কারণে হয়েছে। দুলিপ ট্রফির ফাইনালে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে কিছু সময়ের জন্য ইস্ট জোনের অধিনায়কত্ব সামলানোর সুযোগ পেয়েছিলেন তিনি। এছাড়াও, রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।
শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় বৈভবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই তরুণ ক্রিকেটারকে শুভকামনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব এবং তার জন্য শুভকামনা রইল।"
সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচের স্কোয়াড তৈরির আগে বিহার ক্রিকেটারদের ট্রায়াল নেওয়ার পরিকল্পনা করেছে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ট্রায়ালের পারফরম্যান্সের পাশাপাশি তাদের আগের রেকর্ডও বিবেচনা করা হবে।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন বৈভব। যদিও তিনি মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়েছেন। সেখানে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ৪৫ রান। তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে গড়ে ওঠা ১১৮ রানের জুটি বিশেষভাবে আলোচনায় আসে। এটি ছিল বিশ্বরেকর্ড গড়া জুটি।
এখন পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বৈভব। এর মধ্যে সাতটি ম্যাচে বিহারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত আসরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
তবে এবারের ঘরোয়া মৌসুমে বিহারের শুরুটা মোটেও ভালো হয়নি। রঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচ খেলেই সবকটিতে পরাজিত হয়েছে দলটি। বৈভবের নেতৃত্বে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। এখন দেখার বিষয়, অধিনায়ক হিসেবে প্রথম বড় পরীক্ষায় কতটা সফল হন সূর্যবংশী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন