০৩:১৯ এম
ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ক্রিকেট মাঠে ব্যাটে বল লাগার শব্দ নকল করে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করানোর অভিযোগে তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার ক্লাব সল্টবার্নও শাস্তির আওতায় এসেছে।
ঘটনাটি ঘটে গত জুলাইয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে। সল্টবার্নের দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করার সময় পন্টিং নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন।
উইকেটকিপার শব্দ শুনে বলটি ধরে ফেলেন। এরপর সল্টবার্নের খেলোয়াড়রা আউটের আবেদন জানালে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন: হৃদয়কে সুযোগ দিয়ে বিপাকে পড়ার কথা স্বীকার করলেন জোমেল ওয়ারিকান
ভিডিওটি সামনে আসার পর বিষয়টি তদন্তের জন্য লিগ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্তের ভিত্তিতে পন্টিং এবং তার ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে পন্টিং ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। নিষেধাজ্ঞার সময় তিনি খেলোয়াড়, কোচ, আম্পায়ার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন না।
এ ঘটনায় ক্লাব সল্টবার্নকেও বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়েছে। দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে দলটিকে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। নতুন মৌসুমে তাদের ৬০ পয়েন্ট হারিয়ে শুরু করতে হবে। এছাড়া ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
লিগ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তদন্তের সময় সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্যান্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধুমাত্র পন্টিংকে, তবে বিতর্কিত ঘটনায় দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন: হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: সিমন্সের প্রশংসা
একটি ম্যাচে প্রতারণার মাধ্যমে আউটের ঘটনা শেষ পর্যন্ত ব্যক্তিগত নিষেধাজ্ঞার পাশাপাশি পুরো ক্লাবের অবনমনের কারণ হয়ে দাঁড়াল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন