প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি সম্পন্ন হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় প্রদান করবেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
রামিসার বাবা পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় তার পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনও একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আসামি স্বপ্নাকে গ্রেফতার করে। সোহেল রানাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয়।
রামিসার বাবা পল্লবী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। একই দিনে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন, যার ফলে একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।
৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় প্রদান করেন। রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যুর আগ পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার আওতায় হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এছাড়া, আসামি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারকে প্রদান করতে বলা হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধ না করলে কালেক্টরেট অফিসকে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রামিসার আইনগত উত্তরাধিকারীদের অর্থ প্রদান করা যায়। হত্যাকাণ্ডের ১৯ দিন পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
এরপর রামিসা হত্যার ঘটনায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে পৌঁছায়। এরপর দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন