ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদে হুতিদের হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে


রিয়াদে হুতিদের হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, যিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

পরে সকাল ৯টায় এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে অবস্থিত এবং তার দুটি সন্তান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে আমাদের ৪০ লাখেরও বেশি প্রবাসী বাস করছেন। তাই সেখানে কোনো ঘটনা ঘটলে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। এখন পর্যন্ত ১০ জন প্রবাসীর লাশ দেশে ফেরত আনা হয়েছে এবং শাহেদ হলেন ১১তম।

দালালচক্রের কারণে বিদেশে যাওয়ার খরচ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন।

বিদেশে যাওয়ার ইচ্ছুক কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে ভালোভাবে অবগত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে আমাদের মিশনগুলো সবসময় প্রস্তুত রয়েছে। বিদেশে কোনো নাগরিক বিপদে পড়লে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় তাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে।

আরও পড়ুন: মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

এদিকে, আজ মরদেহ হস্তান্তরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে আরও ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি, লাশ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল নামের এক ডেকোরেটর কর্মীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। কাজের এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়। তিনি বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন এবং তার বাড়ি নোহালী গ্রামে।

হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার জানান, বৃহস্পতিবার রাতে রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে অনুষ্ঠিত হয়। নববধু ঘরে আনা হয় এবং শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী পেজে অপপ্রচার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী পেজে অপপ্রচার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে 'পুজা দেখতে গিয়ে নিখোঁজ' বলে প্রচার করা হয়েছে, যা মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, একটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, পূজা দেখতে গিয়ে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

যদিও বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি আসলে কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। কিশোরীর পরিবার এবং পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনার সাথে ধর্মীয় কোনো সম্পর্ক নেই। কিশোরী বর্তমানে সিলেটে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে। তিনি জানিয়েছেন যে, বাবার সাথে রাগ করে স্বেচ্ছায় ঘর ছেড়েছেন।

অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুনামগঞ্জ সদর থানার ওসি বাংলাফ্যাক্টকে জানিয়েছেন, ‘বাবার সাথে রাগ করে মেয়েটি স্বেচ্ছায় ঘর ছেড়েছে।

মেয়েটির বাবা সবজি বিক্রেতা। মা বেঁচে নেই। মেয়েটি বর্তমানে সিলেটে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে।’

এছাড়া, স্থানীয় একাধিক সাংবাদিকের সাথে কথা বলেও কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট সিলেটে অবস্থানকারী ভিক্টিম কিশোরীর বক্তব্যের একটি ভিডিও সংগ্রহ করেছে। ভিডিওতে কিশোরী বলেন, ‘আমি এক আত্মীয়ের বাসায় পালিয়ে আছি। আমি বাবার অত্যাচারের শিকার। বাবাকে বুঝিয়েছি বাবা বোঝেনি। বাধ্য হয়ে বের হয়েছি, আমি আর যাবো না। আমি এখানে ভালো আছি।’

আলোচিত ঘটনাটির সাথে ধর্মীয় কোনো যোগসূত্র নেই বলে নিশ্চিত করেছে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় বিক্ষোভের সময় ৫ সাংবাদিকের ওপর পুলিশের হামলা: এনজিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


কলম্বিয়ায় বিক্ষোভের সময় ৫ সাংবাদিকের ওপর পুলিশের হামলা: এনজিও

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : সাম্প্রতিক বিক্ষোভের সময় কলম্বিয়ার ডানপন্থি প্রেসিডেন্টের বিরুদ্ধে পাঁচ সাংবাদিক পুলিশের হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার একটি অলাভজনক সংস্থা বা এনজিও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম (এফএলআইপি) জানায়, ১৪ থেকে ১৮ অক্টোবরের মধ্যে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর শারীরিক হামলা এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে আটক করার ঘটনা ঘটেছে।

এই সময় যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এফএলআইপি একটি বিবৃতিতে উল্লেখ করেছে, ‘নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই সাংবাদিকদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছে—এটি উদ্বেগজনক।’

কলম্বিয়াভিত্তিক সংস্থাটি জানিয়েছে, মেডেলিন, ইবাগে এবং রাজধানী বোগোতায় এসব হামলার ঘটনা ঘটেছে।

বিক্ষোভের শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল, কিন্তু রাতে তা সহিংস হয়ে ওঠে। এ সময় দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ সদস্যরা স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

কলম্বিয়ার সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। গত আগস্টে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা সরকারি তথ্যের ওপর নিয়ন্ত্রণ তার নিজস্ব দপ্তরে কেন্দ্রীভূত করেছেন। সরকারের কোনো মন্ত্রীকেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যু অবধারিত: পরকালের প্রস্তুতির গুরুত্ব ও ইসলামী নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


মৃত্যু অবধারিত: পরকালের প্রস্তুতির গুরুত্ব ও ইসলামী নির্দেশনা

মৃত্যু এমন একটি বাস্তবতা, যা থেকে কেউ মুক্তি পেতে পারে না। দুনিয়ার জীবন শেষ হলে, মানুষের সামনে পরকালের যাত্রা শুরু হয়। ইসলামে জীবদ্দশায় করা ভালো ও মন্দ কাজের ফলাফল সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কোরআন ও হাদিসে মৃত্যুর সময় মানুষের অনুশোচনা, কবরের জীবন এবং পুনরুত্থানের দিনের বর্ণনা রয়েছে।

ইসলামের দৃষ্টিতে, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে ‘বরযখ’ বলা হয়। এই জীবন সম্পর্কে কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

মৃত্যুর মুখোমুখি হলে অনেক মানুষ দুনিয়ায় ফিরে এসে সৎকাজ করার আকাঙ্ক্ষা করবে। কিন্তু তখন ফিরে যাওয়ার সুযোগ আর থাকবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন—

حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ ۝٩٩ لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ۝١٠٠

অর্থ: অবশেষে যখন তাদের কারও মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব! আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি যা ছেড়ে এসেছি, সেখানে সৎকাজ করতে পারি। কখনোই নয়! এটি তো কেবল তার মুখের কথা। আর তাদের সামনে রয়েছে বরযখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। (সুরা আল-মুমিনুন, আয়াত ৯৯-১০০)

এই আয়াত থেকে স্পষ্ট হয় যে, মৃত্যুর পর দুনিয়ায় ফিরে এসে নতুন করে সৎকাজ করার সুযোগ পাওয়া যাবে না। তাই জীবিত থাকতেই নামাজ, ইবাদত, মানুষের হক আদায় এবং ভালো কাজের প্রতি যত্নবান হওয়া জরুরি।

মৃত্যুর পরও কি শাস্তি হতে পারে?

কোরআনে ফেরাউনের অনুসারীদের শাস্তির উল্লেখ করে বরযখের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন—

فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا ۖ وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ ۝٤٥ النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا ۖ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ۝٤٦

অর্থ: অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউনের অনুসারীদের ঘিরে ধরল কঠিন শাস্তি। আগুন, তাদের সকাল-সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বলা হবে, ফেরাউনের অনুসারীদের কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও। (সুরা গাফির, আয়াত ৪৫-৪৬)

আয়াতের বর্ণনা অনুযায়ী, ফেরাউনের অনুসারীদের কিয়ামতের আগেই সকাল-সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। এরপর কিয়ামতের দিন তাদের জন্য আরও কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ইসলামি ব্যাখ্যায় এই আয়াতকে কবরের শাস্তি ও বরযখের জীবনের অন্যতম প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।

মুমিনের মৃত্যুর সময় কী ঘটে?

সাহাবি বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসুলুল্লাহ (সা.) মুমিন ও অবিশ্বাসীর মৃত্যুর সময়ের অবস্থা এবং কবরের জীবনের বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন। এই হাদিসটি সুনানে আবু দাউদসহ হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।

হাদিসের বর্ণনা অনুযায়ী, মুমিনের মৃত্যুর সময় রহমত ও সুসংবাদের সঙ্গে ফেরেশতারা আসেন। তার আত্মা গ্রহণের পর তাকে সম্মানজনকভাবে নিয়ে যাওয়া হয়। এরপর কবরের জীবনে তাকে প্রশ্ন করা হয়—তার রব কে, তার ধর্ম কী এবং তার কাছে প্রেরিত রাসুল কে?

মুমিন আল্লাহকে রব, ইসলামকে ধর্ম এবং মুহাম্মদ (সা.)-কে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করবে। তখন তার জন্য জান্নাতের সুসংবাদ, কবরের প্রশস্ততা এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে।

হাদিসে আরও উল্লেখ আছে, তার কাছে সুন্দর চেহারা ও সুগন্ধিযুক্ত একজন ব্যক্তি আসবেন। মুমিন জানতে চাইবে, তিনি কে? উত্তরে বলা হবে, তিনি তার সৎকর্মের প্রতিরূপ।

অবিশ্বাসীর মৃত্যুর অবস্থা কেমন?

একই হাদিসে অবিশ্বাসীর মৃত্যুর সময়ের বিপরীত চিত্র তুলে ধরা হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, তার আত্মা গ্রহণের সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এরপর কবরের প্রশ্নের জবাব দিতে সে ব্যর্থ হবে।

তার জন্য শাস্তির ব্যবস্থা এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়ার কথা হাদিসে এসেছে। তার কাছে কুৎসিত চেহারা ও দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি আসবেন। পরিচয় জানতে চাইলে তিনি বলবেন, তিনি ওই ব্যক্তির অসৎকর্মের প্রতিরূপ।

এ বর্ণনা থেকে বোঝা যায়, ইসলামি বিশ্বাসে মানুষের কাজের সঙ্গে পরকালের পরিণতির সম্পর্ক রয়েছে। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির শেষ পরিণতি সম্পর্কে নিশ্চিত রায় দেওয়ার অধিকার মানুষের নেই; চূড়ান্ত বিচার আল্লাহর হাতে।

কবরের শাস্তি থেকে আশ্রয় চাইতে বলেছেন নবীজি।

বারা ইবনে আযিব (রা.)-এর বর্ণিত হাদিসে এসেছে, এক আনসারি সাহাবির দাফনের সময় রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেন। তিনি তাঁদের এ বিষয়ে সতর্ক করেন এবং মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করিয়ে দেন।

তাহলে কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সৎকাজে মনোযোগী হওয়া মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মুখে বিশ্বাসের কথা বলাই যথেষ্ট নয়; জীবনে সেই বিশ্বাসের প্রতিফলন ঘটানোও জরুরি।

কিয়ামতের আগে বরযখ, এরপর পুনরুত্থান

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মৃত্যু ও পুনরুত্থানের মাঝের জীবন বরযখ। এই সময়ে মানুষ দুনিয়ায় ফিরে এসে আমল করার সুযোগ পায় না। কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করা হবে এবং আল্লাহর সামনে নিজেদের কাজের হিসাব দিতে হবে।

সৎকর্মশীল মুমিনদের সঙ্গে তাদের ঈমানদার সন্তানদের মিলনের সুসংবাদও কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন—

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُم مِّنْ عَمَلِهِم مِّن شَيْءٍ ۚ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ ۝٢١

অর্থ: আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সঙ্গে তাদের অনুসরণ করেছে, আমরা তাদের সঙ্গে তাদের সন্তান-সন্ততিকে মিলিত করব। আর তাদের কর্মের কোনো অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মের জন্য দায়বদ্ধ। (সুরা আত-তুর, আয়াত ২১)

মৃত্যুর আগেই প্রস্তুতি নেওয়া জরুরি

কোরআন ও হাদিসের এসব বর্ণনা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে শিক্ষা দেয়। জীবনের কোনো সময়ই সৎকাজের সুযোগকে অবহেলা করা উচিত নয়। নামাজ আদায়, অন্যের অধিকার রক্ষা, মানুষের সঙ্গে ভালো আচরণ, অন্যায় থেকে বিরত থাকা এবং ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া—এসব কাজের মাধ্যমে একজন মানুষ নিজের জীবনকে সুন্দর করতে পারেন।

মৃত্যুর পর ফিরে এসে ভালো কাজ করার আকাঙ্ক্ষা নয়, বরং জীবিত থাকতেই সৎকাজে মনোযোগী হওয়াই কোরআন-হাদিসের অন্যতম শিক্ষা।

সূত্র: হাদীস বিডি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%