ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশনে পেট্রল বোমা নিক্ষেপ, তদন্ত চলছে


ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশনে পেট্রল বোমা নিক্ষেপ, তদন্ত চলছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যেখানে হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে, দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে এবং পরে পালিয়ে যায়। এই ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বারোবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ স্টেশনের অফিস কক্ষের সামনে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হামলার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কোনো কর্মচারী হতাহত হননি। এছাড়া অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এ বিষয়ে বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় তদন্তের পর জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


দিনাজপুর সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে

দিনাজপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে, তাহলে তাকে গ্রেফতার করা হবে। বিজিবি নিশ্চিত করেছে যে, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত কমিটি আরও সাত কর্মদিবস সময় চাইল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত কমিটি আরও সাত কর্মদিবস সময় চাইল

কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছে তদন্ত কমিটি। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তদন্ত কমিটির প্রধান, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, “আমাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা ছিল। তবে তদন্তের স্বার্থে আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনার যেসব ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে। সবকিছু বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।”

এর আগে, গত শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কমিটি গঠনের দিনই দুপুরে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম ছাড়া অন্য সদস্যরা হলেন: বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চাঁদার দাবিতে ফের গুলি বর্ষণ: ‘আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


চট্টগ্রামে চাঁদার দাবিতে ফের গুলি বর্ষণ: ‘আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব’

চট্টগ্রামে চাঁদার দাবিতে আবারও গুলির ঘটনা ঘটেছে। ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ার কারণে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলি করার পর চাঁদাবাজের হুমকি ছিল, "আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।" নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় রোববার গভীর রাতে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।

বাড়ির মালিক অভিযোগ করেছেন যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পাওয়ার কারণে তার বাড়িতে গুলি চালানো হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, বাড়ির মালিকের নাম জাফর। তিনি ভূমি বেঁচাকেনার সাথে যুক্ত। সন্ত্রাসীরা তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। রাত সোয়া ১২টার দিকে দুইটি মোটর সাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করার কাজ চলছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এদিকে, রাতের ঘটনার পর ভবন মালিক জাফর সাংবাদিকদের জানান, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন তিনি ভারত থেকে তার স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন বলার পর আর যোগাযোগ করেননি।

তিনি আরও বলেন, গত বুধবার তাকে পুনরায় ফোন করে চাঁদা চাওয়ার চেষ্টা করা হয়েছিল। এরপর রাতের ঘটনায় ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে সেখানে কেউ অবস্থান করছিলেন না। জাফরের অভিযোগ, গুলির পর তাকে পুনরায় ফোন করা হয় এবং বলা হয়, "আজ বিল্ডিংয়ে করেছি, কাল শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।"

বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও ভবন মালিকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে বড় সাজ্জাদের হয়ে রায়হান ও ডেভিট ইমন। ডেভিট ইমন গ্রেপ্তার হওয়ার পর এখন রায়হান চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে। এদিকে, রায়হান বিভিন্ন সময়ে তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন যে তার নাম ব্যবহার করে অনেকেই এ ধরনের কাজ করছেন। নগরীতে প্রতিনিয়ত চাঁদার দাবিতে গুলির ঘটনা ঘটছে, তবে পুলিশ নির্বিকার। ফলে চাঁদাবাজ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, পশুপালকরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


রংপুরে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, পশুপালকরা ভোগান্তিতে

রেজাউল করিম মানিক

রংপুর, ১৬ নভেম্বর, ২০২৬ : রংপুরের আটটি উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীর অভাবে গবাদিপশুর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রংপুরের পীরগঞ্জে ১১টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬ জন। এর মধ্যে একজন প্রশিক্ষণে থাকায় হাসপাতালের কার্যক্রম সীমিত জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে খামারি ও পশুপালকরা ভোগান্তিতে পড়ছেন। পরিস্থিতি মোকাবেলা করতে হাসপাতালের কর্মচারীরাও চিকিৎসা সেবার কাজে যুক্ত হচ্ছেন।

প্রাণিসম্পদ দপ্তরের সূত্রে জানা যায়, হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন কর্মরত আছেন। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) ও (প্রাণি স্বাস্থ্য) পদ দুটি শূন্য রয়েছে। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) পদে ৪ জনের বিপরীতে ৩ জন কর্মরত আছেন, যার মধ্যে একজন প্রশিক্ষণে আছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিও শূন্য রয়েছে। অফিস সহায়ক ও ড্রেসার পদে একজন করে কর্মরত আছেন।

জনবল সংকটের কারণে দাপ্তরিক কাজের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু, ছাগল ও বাছুর নিয়ে আসা পশুপালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জরুরি রোগীদের সময়মতো চিকিৎসা না পাওয়ায় পশুর শারীরিক অবস্থার অবনতি ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

চিকিৎসা নিতে আসা মাদারগঞ্জের রুহুল আমিন বলেন, ‘প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্ত চিকিৎসক পাচ্ছি না। পরে দেখি হাসপাতালের কর্মচারীরাই চিকিৎসা দিচ্ছেন।

আমরা প্রায় ২৫ কিলোমিটার দূর থেকে পশু নিয়ে এখানে আসি ভালো চিকিৎসার আশায়। এত দূর থেকে এসে যদি প্রয়োজনীয় চিকিৎসা না পাই, তাহলে এখানে এসে কী লাভ?’

একবারপুর মধ্যপাড়ার মেরিনা বেগম বলেন, ‘আমার বাছুর অসুস্থ’ হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। কিন্ত একজন চিকিৎসকের পক্ষে এতগুলো পশু দেখা সম্ভব হচ্ছে না। তাই কর্মচারীরাও চিকিৎসার কাজে যুক্ত হচ্ছেন। আমরা চাই, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়া হোক।’

রামনাথপুর এলাকার মোকছেদ আলী বলেন, ‘চিকিৎসক না থাকায় অপেক্ষা করতে হচ্ছে। কর্মচারীদের দিয়ে চিকিৎসা করাতে আমাদের অনেকেই ভরসা পাই না। সাধারণ মানুষ সব সময় বুঝতেও পারেন না কে চিকিৎসক আর কে কর্মচারী। আমরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানাচ্ছি।’

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের এখানে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা দিতে কিছুটা বিঘ্ন ঘটছে। আমি একাই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চাপের মধ্যে পড়ছি। তারপরও যতটুকু সম্ভব পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির বলেন, ‘জনবল সংকটের বিষয়টি একাধিকবার জেলা কার্যালয়কে জানিয়েছি। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী না থাকায় সীমিত জনবল দিয়েই কার্যক্রম চালাতে হচ্ছে।’

একই অবস্থা রংপুরের তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায়। এসব অফিসে জনবল সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন পশুপালকরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, জনগণের চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%