ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসককে আপত্তিকর ভিডিও কল


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসককে আপত্তিকর ভিডিও কল

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘N Hasan Hakib’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে ভিডিও কল করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে, নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে দাবি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি এবং তার প্রদত্ত বক্তব্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটের সময় ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল আসে। কলটি গ্রহণ করার সাথে সাথে অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি তিনি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের আশঙ্কা, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা করা, সামাজিকভাবে বিব্রত করা এবং তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, এ ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে: ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে: ব্যবসায়ীরা

দেশের বাজারে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আশ্বস্ত করেছেন যে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট দেখা দেবে না। তাদের বক্তব্য, বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনীয় পণ্য আমদানির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ব্যবসায়ী ও সরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।

রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ, আমদানি ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তি এবং বাজারমূল্য পরিস্থিতি নিয়ে আড়াই ঘণ্টার এই বৈঠকে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, আকিজ, প্রাণ, নাবিল ও স্কয়ার গ্রুপসহ ২৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান মন্তব্য করেন, "রমজানে বাজারে পণ্যের কোনো ঘাটতি হবে না। ভোক্তারা স্বাভাবিক সরবরাহ পাবেন।"

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, "রমজানের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমদানির প্রক্রিয়ায় রয়েছে। অল্প সময়ের মধ্যে সেগুলো দেশে পৌঁছাবে।" তিনি এও বলেন, বর্তমানে দেশে থাকা পণ্যের মজুতের তথ্য বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, "সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে একচেটিয়া ব্যবসা বা সিন্ডিকেটের সুযোগ থাকবে না।"

এদিকে, রমজানে ট্রাকসেলের মাধ্যমে ৪০ লাখ মানুষকে পণ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, "গতবারের তুলনায় এ সংখ্যা ১০ লাখ বেশি।" টিসিবির কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও এ সুবিধা পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


রামপালে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ভুইয়ারকান্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদান করেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম, উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবলা, সহসাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর জোয়ার্দার, সাধারণ সম্পাদক আল আমিন শেখ, ছাত্রদল নেতা আক্তারুল মোড়ল এবং উপজেলা বিএনপি নেত্রী নীলুফা ইয়াসমিন নীলাসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও বিএনপির নেতা-কর্মীরা রাজপথে অবস্থান বজায় রেখেছেন। তারা রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে না নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস রেখেছেন। তবে বর্তমানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।

বক্তারা আরও বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম করে অধিকার আদায় করা বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। যদি কেউ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে তা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

তারা আরও জানান, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, কিন্তু সন্ত্রাস ও নৈরাজ্যের কাছে মাথা নতও করবে না। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ

ময়মনসিংহ নগরের বাড়েরা এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করার পর অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদী হাসান (৩১) গণপিটুনিতে নিহত হয়েছেন। পরপর দুই হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের বালুর ব্যবসার বিরোধের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই হামলার শিকার হন তিনি। সুরুজ জামান মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ হত্যাকাণ্ডের পর মেহেদী হাসানের নাম সামনে আসে। তিনি একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

সুরুজ জামানের পরিবারের অভিযোগ, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাইয়েরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সুরুজ হত্যার পর ক্ষুব্ধ লোকজন মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে গভীর রাতে মেহেদীকে পিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে পিটুনি দেন। তবে তাঁকে ঠিক কোথায় পিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মধ্য বাড়েরা এলাকাতেই মেহেদীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বালু ব্যবসার বিরোধ নিয়ে পরিবারের দাবি

নিহত সুরুজ জামানের ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান কাওসার বলেন, বালুর ব্যবসা নিয়ে তাঁর ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের বিরোধ ছিল। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। রোববার মেয়েকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জেরে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেন নোমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলম একসময় একসঙ্গে এলাকায় বালুর ব্যবসা করতেন। তাঁরা একই গোষ্ঠীর চাচাতো ভাই বলেও জানা গেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেলেও সুরুজ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।

মেহেদীর বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

সোমবার দুপুরে সরেজমিনে মধ্য বাড়েরা এলাকায় গিয়ে দেখা যায়, সুরুজ জামানের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। সড়কে পড়ে থাকা রক্তের দাগ ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দেখা যায়।

সুরুজের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মেহেদীর বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা পাকা ভবন ও পাশের টিনশেড ঘরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে পোড়া আসবাব, মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও ভাঙা থালাবাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুরুজ হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনেরা মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তসাপেক্ষ।

এদিকে সোমবার দুপুরে সুরুজ জামানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা দুইটার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল। বিকেল সোয়া ছয়টা পর্যন্ত তাঁর স্বজনদের কেউ মরদেহ নিতে আসেননি।

পুলিশের বক্তব্য

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুটি ঘটনাই হত্যাকাণ্ড। সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি পরবর্তী সময়ে পিটুনিতে নিহত হয়েছেন। এর পেছনে বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, দীর্ঘদিনের পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ আরও কিছু বিষয় রয়েছে। রাজনৈতিক বিরোধের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডিবি, থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুটি হত্যার ঘটনায় সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ও জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এরপর আইনগত প্রক্রিয়ায় তদন্ত এগিয়ে নেওয়া হবে।

মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়ার আগেই গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সুরুজ জামান হত্যার বিচার দাবি করার পাশাপাশি মেহেদী হাসানের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের জেরে কোনো হত্যাকাণ্ড কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোটিই গ্রহণযোগ্য নয়। দুটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ শ্বশুরের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ শ্বশুরের

বরগুনা সদর থানায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নামাজ না পড়ার অভিযোগ করেছেন তার নানা শ্বশুর। অভিযোগটি তিনি লিখিতভাবে দাখিল করেছেন।

এ অভিযোগটি সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটায় বরগুনা সদর থানায় দায়ের করা হয়।

অভিযুক্ত নাতি জামাইয়ের নাম মো. রব্বানী গাজী, পিতার নাম পনু গাজী। তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই হিসেবে পরিচিত।

অভিযোগের সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন, পিতার নাম মৃত ময়জউদ্দিন মুসুল্লী, বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকায় বসবাস করেন। অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী তার বাসার সংলগ্ন এলাকায় বসবাস করছেন। অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন যে, অভিযুক্ত রব্বানী গাজী ইসলাম বিরোধী জীবনযাপন করছেন এবং তিনি বেপরোয়া।

গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার জন্য বললে, রব্বানী গাজী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন।

বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে কষ্ট পাওয়া ওই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনার পর আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ এ বিষয়ে বলেন, "ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা এটি তদন্ত করব এবং ব্যবস্থা গ্রহণ করবো।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%