প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামে চাঁদার দাবিতে আবারও গুলির ঘটনা ঘটেছে। ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ার কারণে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলি করার পর চাঁদাবাজের হুমকি ছিল, "আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।" নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় রোববার গভীর রাতে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।
বাড়ির মালিক অভিযোগ করেছেন যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পাওয়ার কারণে তার বাড়িতে গুলি চালানো হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, বাড়ির মালিকের নাম জাফর। তিনি ভূমি বেঁচাকেনার সাথে যুক্ত। সন্ত্রাসীরা তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। রাত সোয়া ১২টার দিকে দুইটি মোটর সাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করার কাজ চলছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এদিকে, রাতের ঘটনার পর ভবন মালিক জাফর সাংবাদিকদের জানান, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন তিনি ভারত থেকে তার স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন বলার পর আর যোগাযোগ করেননি।
তিনি আরও বলেন, গত বুধবার তাকে পুনরায় ফোন করে চাঁদা চাওয়ার চেষ্টা করা হয়েছিল। এরপর রাতের ঘটনায় ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে সেখানে কেউ অবস্থান করছিলেন না। জাফরের অভিযোগ, গুলির পর তাকে পুনরায় ফোন করা হয় এবং বলা হয়, "আজ বিল্ডিংয়ে করেছি, কাল শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।"
বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও ভবন মালিকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে বড় সাজ্জাদের হয়ে রায়হান ও ডেভিট ইমন। ডেভিট ইমন গ্রেপ্তার হওয়ার পর এখন রায়হান চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে। এদিকে, রায়হান বিভিন্ন সময়ে তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন যে তার নাম ব্যবহার করে অনেকেই এ ধরনের কাজ করছেন। নগরীতে প্রতিনিয়ত চাঁদার দাবিতে গুলির ঘটনা ঘটছে, তবে পুলিশ নির্বিকার। ফলে চাঁদাবাজ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন