০১:৩৩ পি.এম
দিনাজপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে, তাহলে তাকে গ্রেফতার করা হবে। বিজিবি নিশ্চিত করেছে যে, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন