ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ


ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ

ময়মনসিংহ নগরের বাড়েরা এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করার পর অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদী হাসান (৩১) গণপিটুনিতে নিহত হয়েছেন। পরপর দুই হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের বালুর ব্যবসার বিরোধের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই হামলার শিকার হন তিনি। সুরুজ জামান মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এ হত্যাকাণ্ডের পর মেহেদী হাসানের নাম সামনে আসে। তিনি একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

সুরুজ জামানের পরিবারের অভিযোগ, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাইয়েরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সুরুজ হত্যার পর ক্ষুব্ধ লোকজন মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে গভীর রাতে মেহেদীকে পিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে পিটুনি দেন। তবে তাঁকে ঠিক কোথায় পিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মধ্য বাড়েরা এলাকাতেই মেহেদীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বালু ব্যবসার বিরোধ নিয়ে পরিবারের দাবি

নিহত সুরুজ জামানের ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান কাওসার বলেন, বালুর ব্যবসা নিয়ে তাঁর ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের বিরোধ ছিল। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। রোববার মেয়েকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জেরে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেন নোমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলম একসময় একসঙ্গে এলাকায় বালুর ব্যবসা করতেন। তাঁরা একই গোষ্ঠীর চাচাতো ভাই বলেও জানা গেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেলেও সুরুজ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৭ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

মেহেদীর বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

সোমবার দুপুরে সরেজমিনে মধ্য বাড়েরা এলাকায় গিয়ে দেখা যায়, সুরুজ জামানের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। সড়কে পড়ে থাকা রক্তের দাগ ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দেখা যায়।

সুরুজের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মেহেদীর বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা পাকা ভবন ও পাশের টিনশেড ঘরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে পোড়া আসবাব, মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও ভাঙা থালাবাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুরুজ হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনেরা মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তসাপেক্ষ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসককে আপত্তিকর ভিডিও কল

এদিকে সোমবার দুপুরে সুরুজ জামানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা দুইটার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল। বিকেল সোয়া ছয়টা পর্যন্ত তাঁর স্বজনদের কেউ মরদেহ নিতে আসেননি।

পুলিশের বক্তব্য

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুটি ঘটনাই হত্যাকাণ্ড। সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি পরবর্তী সময়ে পিটুনিতে নিহত হয়েছেন। এর পেছনে বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, দীর্ঘদিনের পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ আরও কিছু বিষয় রয়েছে। রাজনৈতিক বিরোধের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

আরও পড়ুন: লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, শর্তহীন অনুদানের দাবি

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডিবি, থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুটি হত্যার ঘটনায় সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ও জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এরপর আইনগত প্রক্রিয়ায় তদন্ত এগিয়ে নেওয়া হবে।

মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়ার আগেই গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সুরুজ জামান হত্যার বিচার দাবি করার পাশাপাশি মেহেদী হাসানের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের জেরে কোনো হত্যাকাণ্ড কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোটিই গ্রহণযোগ্য নয়। দুটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: কালিগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ শ্বশুরের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ শ্বশুরের

বরগুনা সদর থানায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নামাজ না পড়ার অভিযোগ করেছেন তার নানা শ্বশুর। অভিযোগটি তিনি লিখিতভাবে দাখিল করেছেন।

এ অভিযোগটি সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটায় বরগুনা সদর থানায় দায়ের করা হয়।

অভিযুক্ত নাতি জামাইয়ের নাম মো. রব্বানী গাজী, পিতার নাম পনু গাজী। তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই হিসেবে পরিচিত।

অভিযোগের সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন, পিতার নাম মৃত ময়জউদ্দিন মুসুল্লী, বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকায় বসবাস করেন। অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী তার বাসার সংলগ্ন এলাকায় বসবাস করছেন। অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন যে, অভিযুক্ত রব্বানী গাজী ইসলাম বিরোধী জীবনযাপন করছেন এবং তিনি বেপরোয়া।

গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার জন্য বললে, রব্বানী গাজী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন।

বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে কষ্ট পাওয়া ওই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনার পর আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ এ বিষয়ে বলেন, "ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা এটি তদন্ত করব এবং ব্যবস্থা গ্রহণ করবো।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রূপপুরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি, সক্ষমতা, ব্যবস্থাপনা ও সাড়াদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল। সংস্থাটির পরিচালিত ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর অংশ হিসেবে এই মূল্যায়ন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান এবং নিউক্লিয়ার সেফটি বিভাগের প্রধান ড. মো. আব্দুর রব শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বিশেষজ্ঞ মার্ক ব্রেইটিঙ্গার এবং মিশনের সমন্বয়ক ও কর্মকর্তা অ্যাড্রিয়ানা-সেলেস্টিনা বাকিউ। তাঁদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যৌথ সভায় অংশগ্রহণ করে।

অনলাইনে সভায় যুক্ত হন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. কবীর হোসেন এবং ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশনের পরমাণু বিষয়ক অ্যাটাশে তানভীর হাসান।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন জানান, মিশনের প্রতিনিধি দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিন পরিদর্শন করে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে প্রকল্পের জরুরি প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে সাড়াদান কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তাঁরা এসব কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই পর্যালোচনা বাংলাদেশের পারমাণবিক জরুরি প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারক হেমায়েত উদ্দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


বিচারক হেমায়েত উদ্দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিযুক্ত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য হিসেবে দায়িত্ব পালনরত কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে, যেখানে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মো. আজিজুল হক এই আদেশে স্বাক্ষর করেছেন।

রোববার (১৫) তারিখে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট বিচারককে নিজ প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। আদেশে আরও জানানো হয়েছে যে, জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বর্তমানে হেমায়েত উদ্দিন কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার স্থায়ী নিবাস বরিশালে অবস্থিত।

এদিকে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার স্বাক্ষরে এই প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে ২০ লাখ টাকার চুরি, ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে ২০ লাখ টাকার চুরি, ৪ জন গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী এলাকায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে একটি গুরুতর চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, চোরেরা কম্পিউটার, টেলিভিশন, এসি, জেনারেটরের যন্ত্রাংশসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করেছে। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

১১ নভেম্বর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন নালিতাবাড়ী থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থিত হোস্টেলটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। নিরাপত্তার অভাবে কোনো পাহারাদার না থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসি ক্যামেরাগুলোও অকার্যকর হয়ে পড়ে। এই সুযোগে চোরচক্র ধাপে ধাপে বিভিন্ন মালামাল সরিয়ে নেয়।

১০ নভেম্বর, পাশের একটি বাসার আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটলে স্থানীয়দের নজরে হোস্টেলের চুরির বিষয়টি আসে। পরে প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার পরিদর্শনে ভবনের বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।

এজাহার অনুযায়ী, চোরেরা ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, আইপিএস, জেনারেটরের ব্যাটারি ও তারসহ প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুজনের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%