০৮:৪২ পি.এম
বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদ (২৮) এর সন্ধান দ্বিতীয় দিনেও মেলেনি। শনিবার (৭ নভেম্বর) দিনভর কোস্ট গার্ড দুবলা স্টেশন ও বন বিভাগের সদস্যরা সাগরের বিভিন্ন স্থানে তার উদ্ধারে অভিযান চালিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলোরকোল সমুদ্র সৈকতে গোসল করার সময় প্রবল স্রোতের টানে তলিয়ে যান রিয়াজ। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাষার ঢালীর ছেলে।
স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের পাস নিয়ে ১৯ জন পর্যটকসহ ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি লঞ্চ সুন্দরবনে প্রবেশ করে। বিভিন্ন এলাকা ভ্রমণের পর শুক্রবার দুপুরে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে নোঙর করে।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
লঞ্চ থেকে ট্রলারে চড়ে পর্যটকরা সৈকতে গোসল করতে নামেন। সেখানে রিয়াজসহ তিনজন সমুদ্রে গোসল করতে নামলে সাগরের ঢেউ ও স্রোতের টানে রিয়াজ হঠাৎ তলিয়ে যান। তার নিখোঁজ হওয়ার বিষয়টি দেখে অন্য পর্যটকরা ডাক-চিৎকার শুরু করেন।
পরে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে উদ্ধার কাজে নামলেও রিয়াজকে পাওয়া যায়নি। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন ও বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেন। তবে রাতের অন্ধকার এবং প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা সাময়িকভাবে ব্যাহত হয়।
আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটার সময় ঢেউয়ের তোড়ে একজন তলিয়ে যান। জেলেরা তাৎক্ষণিকভাবে স্পিডবোট ও ট্রলার নিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো হদিস মেলেনি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, খবর পাওয়ার পর থেকেই কোস্ট গার্ডের টহল দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: দিনাজপুরে শিশুর পায়ুপথে মেশিন দিয়ে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেফতার
সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে সম্ভাব্য বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন