ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই অবস্থানের ফলে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যা যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা তাদের বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। পরবর্তীতে হাজিরা দেওয়ার পর তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। এক পর্যায়ে, কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হয়ে মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এই শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই অবস্থায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

এ পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, "কিছু শ্রমিক গুজব ছড়িয়ে আন্দোলন করছে। কিন্তু মূল ইস্যু বেতন বৃদ্ধি করা। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন। আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দাম আবারও কমে ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


স্বর্ণের দাম আবারও কমে ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

এখন ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এই সিদ্ধান্তটি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমানোর প্রেক্ষিতে নেয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

নতুন দাম অনুযায়ী স্বর্ণের তালিকা (প্রতি ভরি)

• ২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা (আগে ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা)।

• ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা (আগে ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা)।

• ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা (আগে ছিল ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা)।

• সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা (আগে ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা)।

তবে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাজুসের পক্ষ থেকে।

উল্লেখ্য, চলতি মাসের ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর—এই চার দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। আজকের সমন্বয়ের মাধ্যমে টানা পাঁচ দফায় স্বর্ণের দর কমলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কায় কিং স্যামন মাছের সংখ্যা কমছে, উদ্বেগে জেলেরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


আলাস্কায় কিং স্যামন মাছের সংখ্যা কমছে, উদ্বেগে জেলেরা

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের একজন জেলে, বব ক্যানডোপোলাস, দীর্ঘ সময় ধরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে পর্যটকদের স্বাগত জানিয়ে আসছেন। প্রতিষ্ঠানের পরিচিতির প্রতীক হিসেবে সেখানে একটি বড় কিং স্যামন মাছের ছবি সংবলিত সাইনবোর্ড রয়েছে।

কিন্তু একসময় এই মাছ এ অঞ্চলের পরিচিত প্রতীক হয়ে উঠলেও, বর্তমানে এটি ক্রমেই বিরল হয়ে পড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৬৪ বছর বয়সী শৌখিন মৎস্যশিকারি ও চার্টার বোট পরিচালনাকারী ক্যানডোপোলাস এএফপিকে বলেছেন, ‘১০ বছর আগেও আমরা প্রতিদিন মাছ ধরতে বের হতাম এবং নির্ধারিত সীমা পর্যন্ত মাছ পেতাম। এখন মাছ ধরতে গিয়ে কখনো কখনো একটি স্যামন মাছ পেলেও নিজেদের ভাগ্যবান মনে হয়।’

উত্তর প্রশান্ত মহাসাগরের তীরে তুষারঢাকা পাহাড়ে ঘেরা ছোট বন্দরনগরী সিওয়ার্ডের জেটিতে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘এটা ভয়াবহ।’

যুক্তরাষ্ট্রের বিশাল ও শীতল এই অঙ্গরাজ্যের অনেক বাসিন্দার মতো ক্যানডোপোলাসও বিশ্বাস করেন, আলাস্কার উপসাগর ও বেরিং সাগরে চলাচলকারী বিশাল আকারের ট্রলারগুলো কিং স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।

এসব শিল্পকারখানাভিত্তিক মাছ ধরার জাহাজ মূলত পোলক মাছ ধরে। এই মাছ দিয়ে বিশ্বজুড়ে ফিশ ফিঙ্গার ও কাঁকড়ার মাংসের বিকল্প বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হয়।

ট্রলারগুলোর জাল চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের সমান প্রশস্ত। এসব জালে প্রতিবছর হাজার হাজার টন পোলক মাছের পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছও ধরা পড়ে।

এই অনাকাঙ্ক্ষিত মাছের মধ্যে স্যামনও রয়েছে। জালে আটকা পড়ে এসব মাছ সমুদ্রেই মারা যায়। ফলে ডিম ছাড়ার জন্য নিজস্ব নদীতে ফিরে যাওয়ার সুযোগ পায় না তারা।

ইউকন ও কুস্কোকউইম নদীর তীরবর্তী আদিবাসী জনগোষ্ঠীর জন্য স্যামন মাছ ধরা বহু বছর ধরে কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।

কোনো কোনো এলাকায় মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধও করা হয়েছে।

ক্যানডোপোলাস বলেন, ‘আমাদের নদীগুলোতে মাছ কমে যাচ্ছে, অথচ ট্রলারশিল্পকে মাছ নিধন বন্ধে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না।’

‘কয়েকশ কোটি ডলারের শিল্পের শিকার আলাস্কা’

বেশির ভাগ ট্রলারের ঘাঁটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে। পোলক মাছ ধরার শিল্প থেকে অর্জিত অর্থনৈতিক আয়ের প্রায় দুই-তৃতীয়াংশই আলাস্কার বাইরে চলে যায়।

ক্ষোভ প্রকাশ করে ক্যানডোপোলাস বলেন, ‘কয়েকশ কোটি ডলারের একটি শিল্পের কাছে আলাস্কা কার্যত শোষণের শিকার হচ্ছে।’

এ ধরনের বৈষম্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছে। কারণ, দীর্ঘদিন ধরেই আলাস্কায় নানা সুযোগসন্ধানী গোষ্ঠীর আগমন ঘটেছে, যারা এ অঞ্চলের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এসব সম্পদের মধ্যে রয়েছে বিভারের চামড়া, সোনা ও তেল।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, আলাস্কার অধিকাংশ বাসিন্দাই এতটাই ক্ষুব্ধ যে তারা বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষে।

তবে সিওয়ার্ডের জেলেরা সবাই এমন কঠোর নিষেধাজ্ঞা চান না।

৪২ বছর বয়সী জেলে চান্স মিলার এএফপিকে বলেন, ‘আমি সব ট্রলার ধ্বংস করে দেওয়ার পক্ষে নই।’

তিনি জানান, আলাস্কার নিজস্ব ট্রলারের একটি বড় বহর রয়েছে। এসব ট্রলারের কিছু উপকূলীয় আদিবাসী জনগোষ্ঠীর হয়ে মাছ ধরে।

এ ছাড়া এ ধরনের নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মিলার বলেন, ‘মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানাকে কেন্দ্র করেই অনেক শহর গড়ে উঠেছে। এসব ট্রলার মাছ সরবরাহ বন্ধ করে দিলে কারখানাগুলোর পক্ষে কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়তে পারে।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব

আলাস্কার সাম্প্রতিক সিনেট নির্বাচনেও ট্রলার দিয়ে মাছ ধরার বিষয়টি গুরুত্বপূর্ণ বিতর্ক হয়ে উঠেছিল।

তবে বিজ্ঞানীদের গবেষণায় মাছ কমে যাওয়ার পেছনে আরেকটি কারণ উঠে এসেছে—জলবায়ু পরিবর্তন।

যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) গবেষণায় দেখা গেছে, চিনুক বা কিং স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বেরিং সাগরে সামুদ্রিক তাপপ্রবাহ। এর ফলে পানির তাপমাত্রা বেড়ে মাছগুলোর খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীর বসবাসের পরিবেশ অনুপযোগী হয়ে পড়ছে।

আলাস্কা অ্যাঙ্করেজ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সম্পদবিষয়ক অর্থনীতিবিদ ব্রেট ওয়াটসন বলেন, ‘ইউকন ও কুস্কোকউইম নদীতে স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেই সম্ভবত বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ সমস্যার সমাধান করা অনেক বেশি কঠিন।’

আলাস্কার বাসিন্দারা তেল উৎপাদন থেকে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ অর্থ পান।

এমন একটি অঙ্গরাজ্যে বাণিজ্যিক জেলেদের একজন ইয়ান রাবের আক্ষেপ, রাজনীতিকেরা ট্রলার নিয়ে বিতর্কে ব্যস্ত থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তেমন কথা বলছেন না।

তিনি বলেন, ‘আমি চাই, আমরা বিষয়টি নিয়ে আরও কথা বলি এবং আরও বেশি উদ্বিগ্ন হই।’

কয়েক বছর আগেই স্যামন মাছ ধরা ছেড়ে দিয়েছেন রাব। এখন তিনি মূলত হ্যালিবাট ও সেবলফিশ ধরার ওপর গুরুত্ব দিচ্ছেন।

৫৮ বছর বয়সী এই জেলে ট্রাম্প প্রশাসনের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও উদ্বিগ্ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না, চাপ অব্যাহত রাখার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না, চাপ অব্যাহত রাখার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না। বরং তার প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখতে চায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শুক্রবার (১৩ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্পকে প্রতিদিন একাধিকবার গোয়েন্দা তথ্যের ব্রিফিং দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেন, "এটা এখন বেশ স্পষ্ট যে ট্রাম্প আপাতত আর যুদ্ধে ফিরতে চান না।"

প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের অষ্টম মাসে এসে ওয়াশিংটন একটি মধ্যপন্থা অবলম্বন করেছে। অর্থাৎ নতুন করে যুদ্ধ নয়, আলোচনা নয়, আবার স্থায়ী শান্তিও নয়। বরং যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বজায় রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইরানের সঙ্গে আর সমঝোতা বা চুক্তির প্রয়োজন নেই। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার চেষ্টা বাদ দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি।

জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথাও বিবেচনা করছিলেন, যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে। গত অক্টোবর মাসে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠান, যেখানে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমরা বর্তমান পরিস্থিতিই বজায় রাখছি।"

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পরিস্থিতিকে কূটনৈতিক অচলাবস্থা হিসেবে দেখতে নারাজ। তিনি গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে বলেন, "ইরানি শাসনব্যবস্থার ওপর আমাদের অর্থনৈতিক অভিযানের চাপ ও ধ্বংসাত্মক প্রভাব এতটাই কার্যকর হচ্ছে যে প্রেসিডেন্টের বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর কোনো প্রয়োজন নেই।"

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, যদি ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের জন্য তেহরানকে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে।

মার্কো রুবিও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরান এখনো আলোচনার বিষয়ে বাস্তবসম্মত মনোভাব দেখাচ্ছে না।

ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, "ইরান একটি চুক্তি করতে চায়। সমস্যা হলো, তারা যেসব শর্ত দিচ্ছে, সেগুলো অযৌক্তিক। তারা আলোচনার বিষয়ে মোটেও আন্তরিক নয়। তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।"

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে, তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান।

গত জুনে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়।

হরমুজ প্রণালি খুলতে ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে প্রথমে তেহরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ ছাড়তে হবে।

এ ছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ, মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবিও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতিও চায় তেহরান।

যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের এসব দাবি ও শর্ত স্পষ্ট করে জানিয়েছে ইরান। ওয়াশিংটনকেই এখন পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ গত বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের দাবিসংবলিত স্পষ্ট ও স্বচ্ছ জবাব দিয়েছি। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিয়ে তা ঘোষণা করতে হবে।"

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে তেহরানের অগ্রাধিকার হবে শান্তি প্রতিষ্ঠা। তিনি বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধ অব্যাহত রাখতে চায় না ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে পরাজয়ের মুখে পড়তে হবে।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে উভয়ের বিরুদ্ধেই লড়বে ইরান এবং যেকোনো হামলার জবাব দেয়া হবে। সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বৈঠকে মিলিত হবেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে তিন দেশের নেতাদের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। তিনি ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও আলোচনায় আনবেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠক করবেন। তিনি বলেন, ‘বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট আলোচনা করবেন বলে স্পষ্ট করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সামনে থাকা বড় দুটি সংঘাতের মধ্যে একটি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, তবে অন্যটি আলোচনায় আসবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘সি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে আলোচনা করতে চান বলে আমার ধারণা।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা আলোচনার উদ্যোগ রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘চীন এই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা উপযুক্ত হবে বলে মনে হয় না।’

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক চীন সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন। তবে সি চিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকে তিনি অংশ নেবেন না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক।

তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠকের সূচি নেই ট্রাম্পের।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, অন্যান্য বিষয়ের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের বিষয়টিও সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আলোচনায় আসার সম্ভাবনা নেই। চীনা এক গুপ্তচরের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।

দ্বিতীয় একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এনভিডিয়ার পরিস্থিতির সঙ্গে এই সফরের তেমন কোনো সম্পর্ক থাকার কথা নয়।’

এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কের কেন্দ্রে থাকা সংবেদনশীল চিপ প্রযুক্তি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণনীতি নিয়েও চীনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।

ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি নিয়ে আমরা দর-কষাকষি করি না। এগুলো জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়, যা প্রশাসন নিজস্ব বিবেচনায় নির্ধারণ করে। চীনে অবস্থানকালে তাদের সঙ্গে কোনো আলোচনাতেই বিষয়টি গুরুত্ব পাবে বলে আমরা মনে করি না।’

সোমবার ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর তার চীন সফরের পরবর্তী গন্তব্য হবে শেনজেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%