প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না। বরং তার প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখতে চায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শুক্রবার (১৩ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্পকে প্রতিদিন একাধিকবার গোয়েন্দা তথ্যের ব্রিফিং দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেন, "এটা এখন বেশ স্পষ্ট যে ট্রাম্প আপাতত আর যুদ্ধে ফিরতে চান না।"
প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের অষ্টম মাসে এসে ওয়াশিংটন একটি মধ্যপন্থা অবলম্বন করেছে। অর্থাৎ নতুন করে যুদ্ধ নয়, আলোচনা নয়, আবার স্থায়ী শান্তিও নয়। বরং যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বজায় রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইরানের সঙ্গে আর সমঝোতা বা চুক্তির প্রয়োজন নেই। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার চেষ্টা বাদ দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি।
জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথাও বিবেচনা করছিলেন, যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে। গত অক্টোবর মাসে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠান, যেখানে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমরা বর্তমান পরিস্থিতিই বজায় রাখছি।"
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পরিস্থিতিকে কূটনৈতিক অচলাবস্থা হিসেবে দেখতে নারাজ। তিনি গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে বলেন, "ইরানি শাসনব্যবস্থার ওপর আমাদের অর্থনৈতিক অভিযানের চাপ ও ধ্বংসাত্মক প্রভাব এতটাই কার্যকর হচ্ছে যে প্রেসিডেন্টের বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর কোনো প্রয়োজন নেই।"
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, যদি ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের জন্য তেহরানকে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে।
মার্কো রুবিও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরান এখনো আলোচনার বিষয়ে বাস্তবসম্মত মনোভাব দেখাচ্ছে না।
ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, "ইরান একটি চুক্তি করতে চায়। সমস্যা হলো, তারা যেসব শর্ত দিচ্ছে, সেগুলো অযৌক্তিক। তারা আলোচনার বিষয়ে মোটেও আন্তরিক নয়। তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।"
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে, তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান।
গত জুনে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়।
হরমুজ প্রণালি খুলতে ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে প্রথমে তেহরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ ছাড়তে হবে।
এ ছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ, মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবিও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতিও চায় তেহরান।
যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের এসব দাবি ও শর্ত স্পষ্ট করে জানিয়েছে ইরান। ওয়াশিংটনকেই এখন পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ গত বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের দাবিসংবলিত স্পষ্ট ও স্বচ্ছ জবাব দিয়েছি। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিয়ে তা ঘোষণা করতে হবে।"
গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে তেহরানের অগ্রাধিকার হবে শান্তি প্রতিষ্ঠা। তিনি বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধ অব্যাহত রাখতে চায় না ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে পরাজয়ের মুখে পড়তে হবে।
তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে উভয়ের বিরুদ্ধেই লড়বে ইরান এবং যেকোনো হামলার জবাব দেয়া হবে। সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন