প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের একজন জেলে, বব ক্যানডোপোলাস, দীর্ঘ সময় ধরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে পর্যটকদের স্বাগত জানিয়ে আসছেন। প্রতিষ্ঠানের পরিচিতির প্রতীক হিসেবে সেখানে একটি বড় কিং স্যামন মাছের ছবি সংবলিত সাইনবোর্ড রয়েছে।
কিন্তু একসময় এই মাছ এ অঞ্চলের পরিচিত প্রতীক হয়ে উঠলেও, বর্তমানে এটি ক্রমেই বিরল হয়ে পড়ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
৬৪ বছর বয়সী শৌখিন মৎস্যশিকারি ও চার্টার বোট পরিচালনাকারী ক্যানডোপোলাস এএফপিকে বলেছেন, ‘১০ বছর আগেও আমরা প্রতিদিন মাছ ধরতে বের হতাম এবং নির্ধারিত সীমা পর্যন্ত মাছ পেতাম। এখন মাছ ধরতে গিয়ে কখনো কখনো একটি স্যামন মাছ পেলেও নিজেদের ভাগ্যবান মনে হয়।’
উত্তর প্রশান্ত মহাসাগরের তীরে তুষারঢাকা পাহাড়ে ঘেরা ছোট বন্দরনগরী সিওয়ার্ডের জেটিতে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘এটা ভয়াবহ।’
যুক্তরাষ্ট্রের বিশাল ও শীতল এই অঙ্গরাজ্যের অনেক বাসিন্দার মতো ক্যানডোপোলাসও বিশ্বাস করেন, আলাস্কার উপসাগর ও বেরিং সাগরে চলাচলকারী বিশাল আকারের ট্রলারগুলো কিং স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।
এসব শিল্পকারখানাভিত্তিক মাছ ধরার জাহাজ মূলত পোলক মাছ ধরে। এই মাছ দিয়ে বিশ্বজুড়ে ফিশ ফিঙ্গার ও কাঁকড়ার মাংসের বিকল্প বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হয়।
ট্রলারগুলোর জাল চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের সমান প্রশস্ত। এসব জালে প্রতিবছর হাজার হাজার টন পোলক মাছের পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছও ধরা পড়ে।
এই অনাকাঙ্ক্ষিত মাছের মধ্যে স্যামনও রয়েছে। জালে আটকা পড়ে এসব মাছ সমুদ্রেই মারা যায়। ফলে ডিম ছাড়ার জন্য নিজস্ব নদীতে ফিরে যাওয়ার সুযোগ পায় না তারা।
ইউকন ও কুস্কোকউইম নদীর তীরবর্তী আদিবাসী জনগোষ্ঠীর জন্য স্যামন মাছ ধরা বহু বছর ধরে কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।
কোনো কোনো এলাকায় মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধও করা হয়েছে।
ক্যানডোপোলাস বলেন, ‘আমাদের নদীগুলোতে মাছ কমে যাচ্ছে, অথচ ট্রলারশিল্পকে মাছ নিধন বন্ধে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না।’
‘কয়েকশ কোটি ডলারের শিল্পের শিকার আলাস্কা’
বেশির ভাগ ট্রলারের ঘাঁটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে। পোলক মাছ ধরার শিল্প থেকে অর্জিত অর্থনৈতিক আয়ের প্রায় দুই-তৃতীয়াংশই আলাস্কার বাইরে চলে যায়।
ক্ষোভ প্রকাশ করে ক্যানডোপোলাস বলেন, ‘কয়েকশ কোটি ডলারের একটি শিল্পের কাছে আলাস্কা কার্যত শোষণের শিকার হচ্ছে।’
এ ধরনের বৈষম্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছে। কারণ, দীর্ঘদিন ধরেই আলাস্কায় নানা সুযোগসন্ধানী গোষ্ঠীর আগমন ঘটেছে, যারা এ অঞ্চলের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এসব সম্পদের মধ্যে রয়েছে বিভারের চামড়া, সোনা ও তেল।
বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, আলাস্কার অধিকাংশ বাসিন্দাই এতটাই ক্ষুব্ধ যে তারা বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষে।
তবে সিওয়ার্ডের জেলেরা সবাই এমন কঠোর নিষেধাজ্ঞা চান না।
৪২ বছর বয়সী জেলে চান্স মিলার এএফপিকে বলেন, ‘আমি সব ট্রলার ধ্বংস করে দেওয়ার পক্ষে নই।’
তিনি জানান, আলাস্কার নিজস্ব ট্রলারের একটি বড় বহর রয়েছে। এসব ট্রলারের কিছু উপকূলীয় আদিবাসী জনগোষ্ঠীর হয়ে মাছ ধরে।
এ ছাড়া এ ধরনের নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মিলার বলেন, ‘মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানাকে কেন্দ্র করেই অনেক শহর গড়ে উঠেছে। এসব ট্রলার মাছ সরবরাহ বন্ধ করে দিলে কারখানাগুলোর পক্ষে কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়তে পারে।’
জলবায়ু পরিবর্তনের প্রভাব
আলাস্কার সাম্প্রতিক সিনেট নির্বাচনেও ট্রলার দিয়ে মাছ ধরার বিষয়টি গুরুত্বপূর্ণ বিতর্ক হয়ে উঠেছিল।
তবে বিজ্ঞানীদের গবেষণায় মাছ কমে যাওয়ার পেছনে আরেকটি কারণ উঠে এসেছে—জলবায়ু পরিবর্তন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) গবেষণায় দেখা গেছে, চিনুক বা কিং স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বেরিং সাগরে সামুদ্রিক তাপপ্রবাহ। এর ফলে পানির তাপমাত্রা বেড়ে মাছগুলোর খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীর বসবাসের পরিবেশ অনুপযোগী হয়ে পড়ছে।
আলাস্কা অ্যাঙ্করেজ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সম্পদবিষয়ক অর্থনীতিবিদ ব্রেট ওয়াটসন বলেন, ‘ইউকন ও কুস্কোকউইম নদীতে স্যামন মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেই সম্ভবত বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ সমস্যার সমাধান করা অনেক বেশি কঠিন।’
আলাস্কার বাসিন্দারা তেল উৎপাদন থেকে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ অর্থ পান।
এমন একটি অঙ্গরাজ্যে বাণিজ্যিক জেলেদের একজন ইয়ান রাবের আক্ষেপ, রাজনীতিকেরা ট্রলার নিয়ে বিতর্কে ব্যস্ত থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তেমন কথা বলছেন না।
তিনি বলেন, ‘আমি চাই, আমরা বিষয়টি নিয়ে আরও কথা বলি এবং আরও বেশি উদ্বিগ্ন হই।’
কয়েক বছর আগেই স্যামন মাছ ধরা ছেড়ে দিয়েছেন রাব। এখন তিনি মূলত হ্যালিবাট ও সেবলফিশ ধরার ওপর গুরুত্ব দিচ্ছেন।
৫৮ বছর বয়সী এই জেলে ট্রাম্প প্রশাসনের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও উদ্বিগ্ন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন