প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বৈঠকে মিলিত হবেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে তিন দেশের নেতাদের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। তিনি ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও আলোচনায় আনবেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠক করবেন। তিনি বলেন, ‘বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট আলোচনা করবেন বলে স্পষ্ট করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সামনে থাকা বড় দুটি সংঘাতের মধ্যে একটি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, তবে অন্যটি আলোচনায় আসবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘সি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে আলোচনা করতে চান বলে আমার ধারণা।’
ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা আলোচনার উদ্যোগ রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন।
ওই কর্মকর্তা বলেন, ‘চীন এই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা উপযুক্ত হবে বলে মনে হয় না।’
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক চীন সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন। তবে সি চিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকে তিনি অংশ নেবেন না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক।
তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠকের সূচি নেই ট্রাম্পের।
মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, অন্যান্য বিষয়ের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের বিষয়টিও সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আলোচনায় আসার সম্ভাবনা নেই। চীনা এক গুপ্তচরের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।
দ্বিতীয় একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এনভিডিয়ার পরিস্থিতির সঙ্গে এই সফরের তেমন কোনো সম্পর্ক থাকার কথা নয়।’
এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কের কেন্দ্রে থাকা সংবেদনশীল চিপ প্রযুক্তি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণনীতি নিয়েও চীনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।
ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি নিয়ে আমরা দর-কষাকষি করি না। এগুলো জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়, যা প্রশাসন নিজস্ব বিবেচনায় নির্ধারণ করে। চীনে অবস্থানকালে তাদের সঙ্গে কোনো আলোচনাতেই বিষয়টি গুরুত্ব পাবে বলে আমরা মনে করি না।’
সোমবার ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর তার চীন সফরের পরবর্তী গন্তব্য হবে শেনজেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন