প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহ নগরের বাড়েরা এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করার পর অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদী হাসান (৩১) গণপিটুনিতে নিহত হয়েছেন। পরপর দুই হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের বালুর ব্যবসার বিরোধের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে।
গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই হামলার শিকার হন তিনি। সুরুজ জামান মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ হত্যাকাণ্ডের পর মেহেদী হাসানের নাম সামনে আসে। তিনি একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।
সুরুজ জামানের পরিবারের অভিযোগ, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাইয়েরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সুরুজ হত্যার পর ক্ষুব্ধ লোকজন মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে গভীর রাতে মেহেদীকে পিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে পিটুনি দেন। তবে তাঁকে ঠিক কোথায় পিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মধ্য বাড়েরা এলাকাতেই মেহেদীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
বালু ব্যবসার বিরোধ নিয়ে পরিবারের দাবি
নিহত সুরুজ জামানের ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান কাওসার বলেন, বালুর ব্যবসা নিয়ে তাঁর ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের বিরোধ ছিল। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। রোববার মেয়েকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জেরে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেন নোমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলম একসময় একসঙ্গে এলাকায় বালুর ব্যবসা করতেন। তাঁরা একই গোষ্ঠীর চাচাতো ভাই বলেও জানা গেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেলেও সুরুজ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।
মেহেদীর বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক
সোমবার দুপুরে সরেজমিনে মধ্য বাড়েরা এলাকায় গিয়ে দেখা যায়, সুরুজ জামানের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। সড়কে পড়ে থাকা রক্তের দাগ ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দেখা যায়।
সুরুজের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মেহেদীর বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা পাকা ভবন ও পাশের টিনশেড ঘরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে পোড়া আসবাব, মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও ভাঙা থালাবাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুরুজ হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনেরা মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তসাপেক্ষ।
এদিকে সোমবার দুপুরে সুরুজ জামানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা দুইটার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল। বিকেল সোয়া ছয়টা পর্যন্ত তাঁর স্বজনদের কেউ মরদেহ নিতে আসেননি।
পুলিশের বক্তব্য
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুটি ঘটনাই হত্যাকাণ্ড। সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি পরবর্তী সময়ে পিটুনিতে নিহত হয়েছেন। এর পেছনে বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, দীর্ঘদিনের পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ আরও কিছু বিষয় রয়েছে। রাজনৈতিক বিরোধের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডিবি, থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুটি হত্যার ঘটনায় সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ও জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এরপর আইনগত প্রক্রিয়ায় তদন্ত এগিয়ে নেওয়া হবে।
মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়ার আগেই গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সুরুজ জামান হত্যার বিচার দাবি করার পাশাপাশি মেহেদী হাসানের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের জেরে কোনো হত্যাকাণ্ড কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোটিই গ্রহণযোগ্য নয়। দুটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন