০৮:৩৬ পি.এম
শেরপুরের নালিতাবাড়ী এলাকায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে একটি গুরুতর চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, চোরেরা কম্পিউটার, টেলিভিশন, এসি, জেনারেটরের যন্ত্রাংশসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করেছে। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
১১ নভেম্বর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন নালিতাবাড়ী থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থিত হোস্টেলটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। নিরাপত্তার অভাবে কোনো পাহারাদার না থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসি ক্যামেরাগুলোও অকার্যকর হয়ে পড়ে। এই সুযোগে চোরচক্র ধাপে ধাপে বিভিন্ন মালামাল সরিয়ে নেয়।
আরও পড়ুন: ব্রিজ না থাকায় জামালপুরে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
১০ নভেম্বর, পাশের একটি বাসার আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটলে স্থানীয়দের নজরে হোস্টেলের চুরির বিষয়টি আসে। পরে প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার পরিদর্শনে ভবনের বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।
এজাহার অনুযায়ী, চোরেরা ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, আইপিএস, জেনারেটরের ব্যাটারি ও তারসহ প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুজনের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: যশোর বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪২ হাজার ৫৬ শিক্ষার্থী অংশ নেবে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন