০১:১৯ পি.এম
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংবিধান সংস্কারের জন্য বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে। তবে বিএনপি এই উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করছে এবং বলছে যে, এটি ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ভাঙন সৃষ্টির প্রচেষ্টা।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সনদে সই করে। তবে বামধারার চারটি দল ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও সনদে স্বাক্ষর করেনি।
সনদে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, মৌলিক সংস্কার প্রয়োজন, শুধু সংবিধান সংশোধন নয়। এ নিয়ে সংসদে এবং সংসদের বাইরেও রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
সংবিধান সংশোধনে উদ্যোগী সরকার
সংশোধন এবং সংস্কার বিতর্কের মধ্যে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছে, যা সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়নের কাজ করছে। এই কমিটি পেশাজীবীদের সঙ্গে ১০টি বৈঠক করেছে এবং এসব বৈঠকের মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাব দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া, প্রস্তাবগুলো নিয়ে আবারও গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।
সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য গত সেপ্টেম্বর থেকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবার বিরোধী জোট সরকারের গঠিত কমিটিকে জনগণের আকাঙ্ক্ষাবিরোধী আখ্যা দিয়ে পাল্টা সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
এই কমিটি বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য, শীর্ষ নেতা এবং সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হবে। কমিটির সদস্যরা সরকারের কাছে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
বিএনপি এবং জামায়াতের অবস্থান নিয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, "সংবিধান নিয়ে সরকার যে সংশোধনের পথে যাচ্ছে, এটা এখতিয়ারবহির্ভূত। এই সংসদকে জনগণ সেই রায় দেয়নি।" তিনি জানান, আলাদা একটি ফোরাম গঠন করে সংস্কার করার কথা বলা হয়েছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিরোধী দলের আলাদা কমিটি গঠনের উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করেন। তিনি বিরোধী দলকে সংসদে উপস্থিত হয়ে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আলাল বলেন, "যদি তারা (১১ দলীয় ঐক্য) সংসদে গিয়ে হাজির হন, তাহলে বলটা তাদের কোর্টে চলে আসে।"
তিনি আরও বলেন, "বিরোধীরা হাজির না হলে কাকে উদ্দেশ্য করে আমি কথা বলব বা কার কাছে প্রস্তাবনা চাইব?" বিএনপির এই নেতা মনে করেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং ঐক্য গড়তে সংসদীয় কমিটিতে উপস্থিত হওয়ার বিকল্প নেই।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন