০২:০৭ পি.এম
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। এই ঘটনার ফলে বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত খুঁজে পায়নি। তাদের বক্তব্য, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে। পাশাপাশি, তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রলবোমা ছোড়া হয়, যার ফলে মিটারটি পুড়ে যায়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরো জানান, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী যে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি দাবি করেন, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন