ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার, দেনমোহর মামলায় আটক


এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার, দেনমোহর মামলায় আটক

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরানীহাট এলাকার ২ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের জারি করা দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন পর তার বিরুদ্ধে পারিবারিক বিরোধ এবং দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী শাহীনা আক্তার। ওই মামলায় আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

বাদীপক্ষের অভিযোগ, বিয়ের পর থেকেই মিজানুর রহমান আখন্দ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নেন। এছাড়া, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন বাদী শাহীনা আক্তার।

মামলার বাদী শাহীনা আক্তার বলেন, "বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।"

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী স্ত্রীর থেকে সর্বোচ্চ চার মাস দূরে থাকতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


স্বামী স্ত্রীর থেকে সর্বোচ্চ চার মাস দূরে থাকতে পারবেন

চাকরি, ব্যবসা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক স্বামীকে স্ত্রী ও সন্তানদের থেকে দীর্ঘ সময়ের জন্য দূরে থাকতে হয়। ইসলামি শরিয়ত অনুযায়ী, স্বামী ও স্ত্রীর মধ্যে দূরে থাকার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এ ক্ষেত্রে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ বিধান দ্বারা নির্ধারিত হয়েছে।

ইসলামি শরিয়তের বিধান অনুসারে, বিশেষ কোনো কারণ ছাড়া স্বামীকে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা সমর্থনযোগ্য নয়। তবে যদি স্ত্রীর সম্মতি থাকে এবং দীর্ঘ সময় আলাদা থাকার ফলে স্বামী বা স্ত্রীর গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে পরিস্থিতি অনুযায়ী আরও বেশি সময় দূরে থাকার সুযোগ রয়েছে।

এ বিষয়ে আল্লামা ইবনে আবিদিন শামি (রহ.)-এর ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। তিনি চার মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপনের বিধান নিয়ে আলোচনা করেছেন।

এ প্রসঙ্গে হজরত উমর (রা.)-এর একটি ঘটনা উল্লেখযোগ্য। এক রাতে তিনি এক নারীর কণ্ঠে স্বামীর বিরহে কবিতা আবৃত্তি শুনেন। পরে জানতে পারেন, ওই নারীর স্বামী জিহাদে অংশ নিতে দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে রয়েছেন।

ঘটনাটি জানার পর হজরত উমর (রা.) তার মেয়ে হজরত হাফসা (রা.)-কে প্রশ্ন করেন, একজন নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধারণ করতে পারেন? হাফসা (রা.) জবাব দেন চার মাসের কথা। এরপর হজরত উমর (রা.) সেনাপতিদের নির্দেশ দেন, বিবাহিত কোনো সৈন্য যেন চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে না থাকে।

ফিকহের আলোচনায় এ ঘটনাটি স্বামী ও স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।

তবে যদি স্ত্রীর অনুমতি থাকে এবং উভয়ের জন্য তা কষ্টকর না হয়, তাহলে চার মাসের বেশি সময় আলাদা থাকার সুযোগ রয়েছে। অন্যদিকে, দীর্ঘ সময় দূরে থাকার ফলে স্বামী বা স্ত্রীর গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে চার মাস পূর্ণ হওয়ার অপেক্ষা না করে একসঙ্গে থাকার ব্যবস্থা করা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার জন্য ব্যাপক অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের মতো বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে জানিয়েছেন, ‘বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিকে সমন্বিতভাবে যুক্ত করে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যমান নেতিবাচক দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে একটি ইতিবাচক ও টেকসই চক্র প্রতিষ্ঠা করতে চায়।

তিতুমীর বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি টেকসই জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় অর্থনৈতিক খাতের জন্য নীতিগত সহায়তা, বিনিয়োগ ও উৎপাদনে পর্যাপ্ত অর্থায়ন এবং রেল ও সড়কপথের বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরবরাহব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলতি অর্থবছরের বাজেটে জনমিতিক সুবিধা ও মানুষের বর্ধিত আয়ুষ্কালের সুফল কাজে লাগানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাহ্যিক অভিঘাত, দুর্নীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার অবনতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।

২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। পরবর্তী অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ২২ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৩ দশমিক ৪৯ শতাংশে।

চলতি অর্থবছরের বাজেট দলিলে প্রবৃদ্ধির এই মন্থরতার পেছনে কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদের হার, সুশাসনের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। ওই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা পরিবারের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

এদিকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ শতাংশ, জিডিপির ২ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং জিডিপির ৪০ শতাংশের সমপরিমাণ মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সরকার তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করবে। এগুলো হলো— পুনরুদ্ধার ও স্থিতিশীলতা (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন), পুনঃপ্রতিষ্ঠা (রেস্টোরেশন) এবং ত্বরান্বিত উন্নয়নের জন্য পুনর্গঠন (রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন)।

প্রথম পর্যায়ে, যা এক বছর মেয়াদি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, সরকারি সেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়, যা তিন বছর মেয়াদি, রাজস্ব সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করা এবং ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

তৃতীয় পর্যায়, যা পাঁচ বছর মেয়াদি, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্তি জোরদারের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।

অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

শিল্প পুনরুজ্জীবনের অংশ হিসেবে পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ইতোমধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও তিনটি পাটকল পুনরায় চালুর প্রস্তুতি চলছে। বৃহত্তর এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ন্যাশনাল জুট মিলস ও স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপের সঙ্গে প্লাটিনাম জুবিলি জুট মিলসের ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন এবং বিদেশি বাজার সম্প্রসারণে বিনিয়োগ উৎসাহিত করছে সরকার।

সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় প্রায় ৪১ লাখ অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ ও পর্যায়ক্রমে কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। কর্মসূচিটি বাস্তবায়নে প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ার কথা রয়েছে।

কৃষকদের সহায়তায় ফার্মার কার্ড কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি উপকরণের ব্যয় মেটানো এবং উৎপাদন অব্যাহত রাখতে বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত ৩৬০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

ধর্মীয় সেবাদানকারীদের সামাজিক সুরক্ষাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত এবং মন্দিরের সেবায়েতদের সহায়তা দেওয়ার এ কর্মসূচিতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৬০ হাজার উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

জননিরাপত্তা জোরদারেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ নিয়োগ, প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায় সরকার। হত্যা, ডাকাতি, অপহরণসহ অন্যান্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলএনজি টার্মিনালের সক্ষমতা উন্নয়ন এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে প্রস্তাবিত প্রণোদনার মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির সুযোগ। এ ছাড়া সরকারি দপ্তর ও উপযুক্ত সরকারি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু, পরিবহন নেটওয়ার্ক ও জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরবরাহ ব্যয় কমানো এবং গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শিল্পবাজারের সংযোগ জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের সামগ্রিক উন্নয়ন কৌশলে শিল্প সম্প্রসারণ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আরও সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সরকার বিশ্বাস করে, সুশাসন উন্নয়ন, বিনিয়োগ আহরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-পরবর্তী যুগের শুরুতেই আর্জেন্টিনার পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


মেসি-পরবর্তী যুগের শুরুতেই আর্জেন্টিনার পরাজয়

লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন যুগের সূচনা হলো পরাজয়ের মাধ্যমে। লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে উরুগুয়ের কাছে হেরে গেছে।

শুক্রবার বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে পরাজিত হয়েছে, যা ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ দলের জন্য একটি হতাশাজনক ফলাফল। অক্টোবরের শুরুতে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এটি ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, যিনি সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, তার বিশ্বাস যে মেসিকে ছাড়াও তার দল পুনরুদ্ধারের জন্য যথেষ্ট প্রতিভাবান।

স্কালোনি মন্তব্য করেন, “লিও মেসিকে ছাড়া আমাদের নতুন করে দল গড়তে হবে এবং এই হার থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। ফলাফল ছাড়া ম্যাচটি ভালো ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। বিশ্লেষণের জন্য অনেক কিছু পেয়েছি। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। এখন আমাদের কাজ করে যেতে হবে।”

ম্যাচের ৪৮তম মিনিটে আর্জেন্টিনা আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। লিওনার্দো বালের্দির সেই ভুলের কারণে উরুগুয়ে এগিয়ে যায়। এরপর ৫৩তম মিনিটে নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে ম্যাক্সি আরাউহো ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৭৩তম মিনিটে হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ দেন স্বাগতিকদের হয়ে।

ম্যাচ শেষে আলভারেজ বলেন, “এটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং আমরা জিততে চেয়েছিলাম। ফল যাই হোক, আমরা কিছু ভালো কাজ করেছি। উন্নতির সুযোগ সবসময়ই থাকে। কোচ যা চেয়েছেন তার কিছুটা আমরা মাঠে বাস্তবায়ন করতে পেরেছি। সামনে আরেকটি ম্যাচ আছে। এটি নতুন একটি যুগ, যেখানে অনেক তরুণ খেলোয়াড় আছে। আমাদের কঠোর পরিশ্রম করে পূর্বসূরিদের রেখে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে হবে।”

নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের ম্যাচটি ছিল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ অফিসিয়াল ম্যাচ। এর আগে গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন প্রীতি ম্যাচে ভক্তদের বিদায় জানিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে বিদায় নেন এই কিংবদন্তি।

মেসির অবসরের ক্ষত এখনো সমর্থকদের মনে তাজা রয়েছে। তার অনুপস্থিতিতে লা বোম্বোনেরা স্টেডিয়ামে বিরল এক দৃশ্য দেখা গেছে, যেখানে পুরো স্টেডিয়াম দর্শকপূর্ণ হয়নি, যা মেসি খেললে প্রায় কখনোই ঘটত না।

গ্যালারিতে অধিকাংশ সমর্থক মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে এলেও স্কালোনি এ ম্যাচে কাউকেই সেই নম্বর দেননি। তার মতে, মেসির উত্তরসূরি এখনো নির্ধারণ করা হয়নি। যেহেতু ১০ নম্বর জার্সি ব্যবহার বাধ্যতামূলক নয়, তাই আপাতত সেটি খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাঠে আর্জেন্টিনা তাদের চিরচেনা বল দখলের ফুটবল খেললেও আক্রমণভাগে মেসির মতো সৃজনশীলতা ও বিস্ফোরণক্ষমতার অভাব স্পষ্ট ছিল। নিকো পাস কিংবা থিয়াগো আলমাদা কেউই সেই শূন্যতা পূরণ করতে পারেননি।

এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার কর্দোবায় কোস্তারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে উরুগুয়ে নিজেদের মাঠে ডমিনিকান রিপাবলিককে আতিথ্য দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ জেব্রার বিনিময়ে সাফারি পার্কে আনা হলো ৩ বাঘ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


৬ জেব্রার বিনিময়ে সাফারি পার্কে আনা হলো ৩ বাঘ

চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে প্রাণী বিনিময়ের মাধ্যমে। বিনিময়ের অংশ হিসেবে সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে, এবং বাকি তিনটি পর্যায়ক্রমে পাঠানো হবে।

বিশেষ ব্যবস্থায় পরিবহনের মাধ্যমে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। এর আগে, বুধবার রাতে ছয়টি জেব্রা একটি বিশেষায়িত ট্রাকে করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানিয়েছেন, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কিছু বাঘ আনা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন রোগের কারণে কিছু বাঘের মৃত্যু ঘটে, আবার নতুন বাঘের জন্মও হয়েছে। এ ছাড়া, পার্কের টাইগার বেষ্টনীতে থাকা কয়েকটি বাঘের বয়সও বেড়ে যাচ্ছিল। এই অবস্থায় নতুন বাঘ আনার প্রস্তুতি নিচ্ছিল পার্ক কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রয়োজনের তুলনায় বেশি বাঘ থাকলেও সেখানে জেব্রা ছিল না। অন্যদিকে, গাজীপুর সাফারি পার্কে জেব্রার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই পরিস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাণী বিনিময়ের উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বুধবার রাতে ছয়টি জেব্রা চট্টগ্রামে পাঠানো হয় এবং পরে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়। শুক্রবার ভোরে বাঘগুলো পার্কে পৌঁছায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%