১১:০২ এম
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অবস্থিত চাপাইবিল (যা স্থানীয়ভাবে হরাইবিল নামে পরিচিত) প্রায় ৬০০ একরজুড়ে বিস্তৃত হয়ে বর্ষা মৌসুমে প্রাকৃতিক পদ্মফুলে পূর্ণ হয়ে যায়। এই পদ্মের ডাঁটা থেকে সংগৃহীত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম মূল্যবান সুতা ‘লোটাস সিল্ক’, যা স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এখানে লোটাস সিল্ক তৈরির গবেষণা শুরু হয় এবং স্থানীয় নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পদ্মের ডাঁটা ভাঁজ করে সূক্ষ্ম ও আঠালো তন্তু হাতের সাহায্যে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা। তাছাড়া, প্রতি গজ কাপড়ের দাম ১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ির মূল্য ১০ লাখ টাকার বেশি। আর এ সুতায় তৈরি পোশাকের দাম প্রায় ৫ লাখ টাকা।
আরও পড়ুন: আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে
যদিও এমন উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তবে চাপাইবিলে এখনো বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা গড়ে ওঠেনি। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে এই সম্ভাবনাময় উদ্যোগকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
শুরুতে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা এতে আপত্তি জানিয়েছিল, কিন্তু বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর অর্থনৈতিক সুফল গ্রহণে সবাই আগ্রহী। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিলটি পরিদর্শন করেন এবং দেশীয় এই শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, যদি সরকারি সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা যায়, তাহলে চাপাইবিলকে ঘিরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে।
আরও পড়ুন: ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার, গ্রাহকদের ক্ষোভ বেড়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন