সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৪৪ পি.এম
বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। আগামী সপ্তাহের শুরুতে স্বল্পমেয়াদি স্থিতিশীলতার পর আবারও মূল্যবান এই ধাতুর দাম কমতে পারে। তবে সোনার পরবর্তী গতিপথ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং ফেডারেল রিজার্ভের সুদের নীতির ওপর নির্ভর করবে।
বাজার বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান লাইটফাইন্যান্সের ২০ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, নভেম্বরের বাকি সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৯২ থেকে ৪ হাজার ৩৭৩ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। মাস শেষে গড় দাম ৩ হাজার ৫৮২ ডলারের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর সোনার দাম কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। গড় দাম হতে পারে ৩ হাজার ৫৫৮ দশমিক ৬২ ডলার এবং সর্বোচ্চ দাম ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলার।
আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়েও সোনার বাজারে ওঠানামা থাকতে পারে। এ সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২৪৯ দশমিক ১৭ থেকে ৪ হাজার ৭ ডলারের মধ্যে থাকতে পারে। সপ্তাহের গড় দাম ৩ হাজার ৬২৮ দশমিক ৫০ ডলার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
লাইটফাইন্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, চার ঘণ্টার চার্টে সোনার দামে নিম্নমুখী প্রবণতার সংকেত পাওয়া যাচ্ছে। সেখানে ‘থ্রি ব্ল্যাক ক্রো’ নামে পরিচিত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যা সাধারণত দরপতনের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।
এ ছাড়া এমএসিডি সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে। বাজারদরের ওপরে অবস্থান করছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস (ভিডব্লিউএপি) এবং ২০ দিনের সরল চলমান গড় (এসএমএ)। এসব সূচক বাজারে বিক্রির চাপ থাকার ইঙ্গিত দিচ্ছে।
তবে আপেক্ষিক শক্তি সূচক বা আরএসআই ১৬-তে অবস্থান করছে, যা অতিবিক্রীত পরিস্থিতি নির্দেশ করে। এ অবস্থায় স্বল্পমেয়াদে সোনার দামে সাময়িক ঊর্ধ্বমুখী সংশোধন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থাৎ সামগ্রিক প্রবণতা নিম্নমুখী হলেও মাঝেমধ্যে দাম বাড়ার সুযোগ রয়েছে।
প্রতিবেদনে সোনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সমর্থন ও প্রতিরোধমূলক মূল্যস্তরও উল্লেখ করা হয়েছে। সমর্থনমূলক স্তরগুলোর মধ্যে রয়েছে ৩ হাজার ৫১১ দশমিক ৭৯, ৩ হাজার ৪৪৮ দশমিক ৫৬ এবং ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। অন্যদিকে প্রতিরোধমূলক স্তর হিসেবে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫, ৩ হাজার ৬৪৩ দশমিক ২৪ এবং ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলারকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।
বিশ্লেষকদের মূল পূর্বাভাস অনুযায়ী, উচ্চ লেনদেনের মধ্যে দাম ৩ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারের নিচে নেমে গেলে স্বর্ণের দর আরও কমতে পারে। বিপরীতে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫ ডলারের ওপরে শক্ত অবস্থান তৈরি হলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক সপ্তাহে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য, ডলারের অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত ২৮ অক্টোবরের বৈঠকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছিল। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানো হবে, নাকি বর্তমান অবস্থায় রাখা হবে— তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। লাইটফাইন্যান্সের প্রতিবেদনে সিএমই গ্রুপের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ডিসেম্বরে সুদের হার বাড়িয়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশ করার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বা বাড়ার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যেতে পারে। একই সঙ্গে ডলারের মূল্য এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যের সংঘাতও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। তবে সংঘাত বাড়লেই স্বর্ণের দাম বাড়বে— এমন নিশ্চয়তা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে গেলে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়তে পারে। এতে ডলার ও বন্ডের মুনাফা শক্তিশালী হয়ে স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারে দরপতনের মাত্রা সীমিত রাখতে পারে। সুকডেন ফাইন্যান্সিয়ালের তথ্য অনুযায়ী, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সেপ্টেম্বর মাসে তাদের স্বর্ণের মজুত ২৩ টন বাড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ২৩ মাস ধরে স্বর্ণ কেনার ধারাবাহিকতা বজায় রেখেছে দেশটি। স্বর্ণের দাম কমলেও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে বিনিয়োগের পরিমাণও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।
নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে। ২৩ নভেম্বর প্রকাশিত হবে উৎপাদন ও সেবা খাতের প্রাথমিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)। পরদিন ২৪ নভেম্বর প্রকাশিত হবে ভোক্তা আস্থা সূচক।
২৫ নভেম্বর প্রকাশের কথা রয়েছে অক্টোবরের মূল ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচক, তৃতীয় প্রান্তিকের প্রাথমিক জিডিপি তথ্য এবং বেকারভাতার প্রাথমিক আবেদনসংক্রান্ত পরিসংখ্যান। একই সময়ে ফেডারেল রিজার্ভের বেইজ বুকও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এসব তথ্য যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের অবস্থা সম্পর্কে ধারণা দেবে। ফলে বিনিয়োগকারীরা ফেডের ভবিষ্যৎ সুদের নীতি সম্পর্কে নতুন সংকেত পেতে পারেন। আর এসব সংকেতের ওপর নির্ভর করেই স্বর্ণের বাজারে নতুন করে কেনাবেচার প্রবণতা তৈরি হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আগামী বছরের হজযাত্রীদের জন্য টিকা গ্রহণের পূর্বে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার।
এই পরীক্ষাগুলো দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে সম্পন্ন করতে হবে। টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য সনদ নিতে হলে পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিতে হবে নির্ধারিত টিকাকেন্দ্রে।
সোমবার (২৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে যে সাতটি পরীক্ষা করতে হবে, সেগুলো হলো ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন।
এই পরীক্ষাগুলো দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত (ক) শ্রেণির বেসরকারি হাসপাতাল থেকে সম্পন্ন করা যাবে।
এছাড়া, যাদের মধ্যে গুরুতর বা দুরারোগ্য রোগ রয়েছে, তাদের জন্য অতিরিক্ত কিছু পরীক্ষা প্রয়োজন হতে পারে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করাতে হবে।
লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্ত করতে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট ও প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।
হজসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামশেদ আলমের অভিষেক সৌরাষ্ট্রের বিপক্ষে অনুষ্ঠিত হয়েছিল। ২৩ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার জামশেদ আলম কেবল অভিষেকেই দারুণ পারফরম্যান্স দেখাননি, বরং নতুন ইতিহাসও রচনা করেছেন। তিনি টানা চার বলে চার উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান।
রেলওয়েজ ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। সৌরাষ্ট্রের ইনিংসের চতুর্থ ওভারে জামশেদ বল হাতে নেন। ওই ওভারেই তিনি হার্বিক দেশাই, প্রেরক মানকড়, রুচিত আহির এবং সম্মার গজ্জরকে আউট করেন। দেশাই জুবায়ের আলির হাতে ক্যাচ দেন, মানকড় বোল্ড হন, গজ্জর এলবিডব্লিউ হন এবং আহির উইকেটকিপারের হাতে ক্যাচ দেন।
পরবর্তী ওভারে সিদ্ধার্থ রানার উইকেট নিয়ে জামশেদের পাঁচ উইকেট পূর্ণ হয়। তখন সৌরাষ্ট্রের স্কোর ছিল ৬ উইকেটে ৩০। মাত্র নয় বলের মধ্যে তার পাঁচ উইকেট হয়ে যায়। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এর চেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা মাত্র দুটি রয়েছে। টি-টোয়েন্টিতে অভিষেকে পাঁচ উইকেট নেওয়া ভারতীয়দের মধ্যে জামশেদ ষষ্ঠ।
শেষ ওভারে জামশেদ ১৭ রান দেন। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩৮ রানে ৫ উইকেট। সৌরাষ্ট্র ৮ উইকেটে ১৫৩ রান করতে সক্ষম হয়। রেলওয়েজ ২৯ রানে ম্যাচটি জিতে যায়। ম্যাচসেরা হিসেবে জামশেদ নির্বাচিত হন।
এর আগে কর্ণাটকের অভিমন্যু মিঠুন টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালের নভেম্বরে হরিয়ানার বিপক্ষে ২০তম ওভারে তিনি এই কৃতিত্ব দেখান। বিদর্ভের দর্শন নালকান্ডে ২০২১ সালের নভেম্বরে কর্ণাটকের বিপক্ষে একই কীর্তি গড়েন। উভয়ের কীর্তি ইনিংসের ২০তম ওভারে এসেছে।
ভারতের বাইরে দুজন বোলার জামশেদের চেয়ে কম বলে পাঁচ উইকেট নিয়েছেন। ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদানা কম্বোডিয়ার বিপক্ষে ছয় বলে পাঁচ উইকেট নিয়েছিলেন। ফিনল্যান্ডের মহেশ তাম্বে এস্তোনিয়ার বিপক্ষে আট বলে পাঁচ উইকেট নিয়েছিলেন। উভয় ঘটনাই ২০২৫ সালের।
বিশ্বের অভিষেক টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শুধু আফাক আফ্রিদির। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে তিনি এটি অর্জন করেন।
জামশেদ উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিকসের হয়ে খেলেছেন। তিনি ঘরোয়া অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতা সি কে নাইডু ট্রফিতেও রেলওয়েজের হয়ে অংশগ্রহণ করেছেন। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি মুম্বাই লিগে আকাশ টাইগার্স এমডব্লিউএসের হয়ে মাঠে নেমেছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেট থানার টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, টিটন হত্যা মামলায় আসলামের সম্পৃক্ততার তথ্য পুলিশের হাতে এসেছে। শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত প্রায় এক মাস ধরে তার গ্রেফতারের চেষ্টা চলছিল। তার দেশত্যাগ ঠেকাতে পাসপোর্ট ব্লক করা হয়েছিল।
১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের বিভিন্ন আলোচিত হত্যার ঘটনায় তার নাম উঠে আসে। কিছু সময় তিনি সুইডেনে অবস্থান করেছিলেন এবং পরে দেশে ফিরে আসার পর তার পরিচিতি সুইডেন আসলাম নামে হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য অবিলম্বে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি’ গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া, যদি কোনো প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তবায়নে অবহেলা দেখা দেয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র প্রদান করা হবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্প্রতি একটি অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গৃহীত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহম্মদ সোহেল মনজুরের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের আঞ্চলিক কমিটির টিম লিডাররা অংশগ্রহণ করেন।
সভার সিদ্ধান্তের আলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করা হবে। কার্যক্রম বাস্তবায়নে গাফিলতি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র প্রদানসহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ