ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন


সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করেছেন। তারা বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি পরিচালনা করছে। এই কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয়ে ২৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’: মোংলা বন্দরে পণ্য খালাস শুরু, ব্যবসায়ীরা উদ্বিগ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


ঘূর্ণিঝড় ‘আকভান’: মোংলা বন্দরে পণ্য খালাস শুরু, ব্যবসায়ীরা উদ্বিগ্ন

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডব ও বৈরী আবহাওয়ার কারণে টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর এবং সমুদ্র বন্দরের ওপর জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলার ফলে আজ সকালে বন্দরে পণ্য ওঠানামা ও জাহাজ চলাচল শুরু হয়েছে।

বন্দরের কার্যক্রম সচল হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেটি, ইয়ার্ড ও পশুর চ্যানেলে। বন্দর ব্যবহারকারী, আমদানি-রফতানিকারক ও শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ভারি বর্ষণ শুরু হলে নিরাপত্তার স্বার্থে বন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ওই সময় বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং বন্দর চ্যানেলে অবস্থান নেওয়া নৌযানগুলোকে নিরাপদে এবং সাবধানে রাখা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর

ভারতের হায়দরাবাদে যুব কংগ্রেসের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনায় পুলিশ প্রায় ২০ জনকে আটক করে, তবে তিন ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।

২০ নভেম্বর শুক্রবার, হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এই ঘটনা ঘটে। যুব কংগ্রেসের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদের কয়েকজন নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং দলের বেশ কিছু পোস্ট মুছে ফেলেছে। প্রতিবাদস্বরূপ, সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে পুলিশ তাদের আটক করে।

শিব চরণের অভিযোগ, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বৈরী আচরণ করছে।

পুলিশের সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করলেও মূল ভবনে ঢুকতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। মেটার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশ এ ঘটনায় মামলা করেনি।

ভারতীয় যুব কংগ্রেস বিক্ষোভের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে, যেখানে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল নেতাকর্মী মেটার কার্যালয় চত্বরে স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে একজন নেতাকর্মী একটি ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন, পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো জায়গায় নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মীরা বিস্মিত হয়ে তাদের কর্মকাণ্ড দেখছিলেন।

বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, তাদের কর্মসূচির ১৫ মিনিটের মধ্যেই সংগঠনের সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করে দিয়েছে মেটা। সংগঠনের দাবি, ১৯ নভেম্বর ভারতে অ্যাকাউন্ট দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

যুব কংগ্রেস এক বিবৃতিতে জানায়, তাদের নেতারা প্রশ্ন তুললে বিজেপি অস্বস্তিতে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের কণ্ঠ আরও জোরালো হলে মেটার বিরুদ্ধে বেছে বেছে অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর অভিযোগ ওঠে। রাজপথে প্রতিবাদে নামার পরই অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি সংগঠনটির।

তবে অ্যাকাউন্ট পুনরুদ্ধার কিংবা এ বিষয়ে যুব কংগ্রেসের অভিযোগ নিয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

একই সময়ে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে বিজিবি আটককৃতদের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। রামু সেক্টরের অধীনে ২ বিজিবি এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এই অভিযান চালানো হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে যে, চক্রটি মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল।

অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে বিস্ফোরক তৈরির উপকরণ, স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার এবং বিভিন্ন ধরনের উন্নতমানের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযানের সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি অটোরিকশা জব্দ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


ঢাকায় বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি পর্যায়ের বৈঠক।

রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিনিময় করা হবে। বৈঠকটি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতের প্রতিনিধিদল।

যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির আওতায়, শুষ্ক মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। ফলে বিদ্যমান চুক্তির আওতায় এটি দুই দেশের মধ্যে শেষ আনুষ্ঠানিক কারিগরি বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি করার বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে যৌথ নদী কমিশন জানিয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের কাছে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার এখতিয়ার নেই বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সেটি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, দুই দেশের রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

উজানে গঙ্গা নদীর ওপর ভারতের একাধিক বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যাচ্ছে। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে।

এ অবস্থায় ভবিষ্যতে চুক্তি নবায়ন হলে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে। এর আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর পানিপ্রবাহ পরিমাপ ও বণ্টনের বিধান রয়েছে। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমায় দুই দেশ পানির হিস্যা পেয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%